তদন্ত প্রতিবেদন পেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুট দিয়ে যুবকের বুকে চাপা দেওয়ার ঘটনায় গঠিত পুলিশের এক সদস্যের তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। সূত্র জানায়, গতকাল বুধবার রাতে তদন্ত কমিটির প্রধান মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মীর শহীদুল ইসলাম ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ কমিশনার বেনজীর আহমেদের কাছে এ প্রতিবেদন জমা দেন। প্রতিবেদনে ইউসুফ আলী নামের এক যুবককে বুটচাপা দেওয়ার ঘটনায় মতিঝিল অঞ্চলের টহল পরিদর্শক (পিআই) আবু হাজ্জাজকে দায়ী করা হয় এবং তাঁকে প্রত্যাহারের সুপারিশ করা হয়। এর পরই গতকাল রাতে তাঁকে প্রত্যাহার করে নেওয়া হয়।রাতে যোগাযোগ করা হলে তদন্ত কমিটির প্রধান এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি। ডিবি সূত্র জানায়, তদন্ত প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে রাজধানীর দিলকুশা এলাকায় পিআই হাজ্জাজ পিকেটিংয়ের অভিযোগে ইউসুফ আলীকে গ্রেপ্তার করেন এবং তাঁর বুকে বুট দিয়ে চাপা দেন। এতে আবু হাজ্জাজ অপেশাদারি আচরণ করেছেন এবং অদক্ষতার পরিচয় দিয়েছেন। গ্রেপ্তারের পর ইউসুফকে মতিঝিল অঞ্চলের সহকারী পুলিশ কমিশনারের কার্যালয়ে নেওয়া হয়। সেখানে উপস্থিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ কামাল হোসেন তাঁকে এক বছরের কারাদণ্ড দেন। বর্তমানে ইউসুফ কারাগারে আছেন। গত শুক্রবার দেশের বিভিন্ন দৈনিক পত্রিকায় ইউসুফের বুকে পুলিশের বুট চেপে ধরা ছবি ছাপা হয়। এরপর গত শনিবার ডিবির যুগ্ম কমিশনার মীর শহীদুল ইসলামকে প্রধান করে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। গত রোববার এ ব্যাপারে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি সভায় পুলিশের মহাপরিদর্শকের কাছে ব্যাখ্যা চাওয়া হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি আবদুস সালাম।