হল-মার্ক গ্রুপের জালিয়াতির মাধ্যমে সোনালী ব্যাংকের দুই হাজার ৬৬৮ কোটি টাকা আত্মসাতের তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে না অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। এ বিষয়ে সরকারের কাছে তারা কোনো সুপারিশও করবে না।সংসদ সচিবালয় সূত্র জানায়, অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় তদন্ত কমিটির প্রতিবেদনটি গত ১২ ডিসেম্বর জমা দেওয়া হয় সংসদীয় কমিটির সভাপতির দপ্তরে। চার মাস পর গত ১১ এপ্রিলের বৈঠকে সংসদীয় কমিটির সভাপতি এই প্রাপ্তি স্বীকার করেন। তবে কমিটির আলোচ্যসূচিতে তা রাখা হয়নি। এর মধ্যে ডিসেম্বর ও মার্চে কমিটির আরও দুটি বৈঠক হয়েছিল।কমিটির একাধিক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এই প্রতিবেদন প্রকাশের বিষয়ে কমিটির সভাপতির আগ্রহ কম।জানতে চাইলে কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামাল প্রথম আলোকে বলেন, ‘হল-মার্কের বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে। যে কারণে সংসদীয় কমিটি প্রতিবেদনটি প্রকাশ করবে না এবং সরকারের কাছে কোনো ধরনের সুপারিশও করবে না। কারণ এতে মামলার গতি-প্রকৃতি প্রভাবিত হতে পারে।’প্রতিবেদন প্রকাশ না করলে তদন্তটা অর্থহীন হয়ে যাচ্ছে কি না, জানতে চাইলে মুস্তফা কামাল বলেন, ‘না, অর্থহীন হচ্ছে না। আমরা জানতে চেয়েছি, হল-মার্ক কী ধরনের দুর্নীতি করেছিল। তদন্তে আমরা যা পেয়েছি, দুদকও তা-ই পেয়েছে। এ নিয়ে কোনো বিরোধ নেই। সুতরাং কমিটির পক্ষ থেকে সরকারের কাছে কোনো সুপারিশের প্রয়োজন নেই।’তবে দুদকের কমিশনার শাহাবুদ্দিন প্রথম আলোকে বলেন, ‘সংসদীয় কমিটির তদন্তের সঙ্গে দুদকের মামলার কোনো সম্পর্ক নেই। তারা প্রতিবেদন প্রকাশ করবে কি করবে না এবং এ নিয়ে সরকারের কাছে কোনো সুপারিশ করবে কি না, সেটা তাদের ব্যাপার।’হল-মার্ক জালিয়াতি ধরা পড়ার পর অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি গত বছরের ৩ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য তাজুল ইসলামকে আহ্বায়ক এবং এ কে এম মাইদুল ইসলাম, এম এ মান্নান ও গোলাম দস্তগীর গাজীকে সদস্য করে এই তদন্ত কমিটি গঠন করে। কমিটি ১২ ডিসেম্বরের প্রতিবেদনটি সংসদীয় কমিটির সভাপতি মুস্তফা কামালের দপ্তরে জমা দেয়।সংসদ সচিবালয় সূত্র জানায়, সভাপতির দপ্তরে জমা দেওয়ার চার মাস পরও প্রতিবেদনটি নিয়ে কোনো আলোচনা না হওয়ায় তদন্ত কমিটির সদস্যরা বৈঠকে অসন্তোষ প্রকাশ করেন। তখন তদন্ত প্রতিবেদনটি হাতে পাননি বলে জানান সভাপতি। এরপর তদন্ত কমিটির আহ্বায়ক তাজুল ইসলাম সর্বশেষ বৈঠকের আগে আবারও প্রতিবেদনটি জমা দেন।এই প্রতিবেদনে বলা হয়েছে, সোনালী ব্যাংক জালিয়াতির মাধ্যমে হল-মার্ক গ্রুপকে দুই হাজার ৬৬৮ কোটি টাকা ঋণ দিলেও ঋণের বিপরীতে তাদের সমুদয় সম্পদের আর্থিক মূল্য মাত্র ২০০ থেকে ৩০০ কোটি টাকা। হল-মার্কের বিনিয়োগ করা টাকার পরিমাণ ৩০০ থেকে ৪০০ কোটি টাকা। সংসদীয় কমিটি বাকি টাকার হদিস পায়নি, যে কারণে হল-মার্কের কাছ থেকে ঋণের টাকা আদায় করা নিয়ে সংশয় প্রকাশ করেছে কমিটি।তদন্ত কমিটি হল-মার্ক কেলেঙ্কারির জন্য সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা বিভাগকে দায়ী করে বলেছে, জালিয়াতির প্রক্রিয়া গ্রাহকের উদ্ভাবিত নয়, ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখার ব্যবস্থাপক এ কে এম আজিজুর রহমানের উদ্ভাবিত। ব্যবস্থাপনা বিভাগ জালিয়াতিতে ইন্ধন জুগিয়েছে।সূত্রমতে, সংসদীয় কমিটির ওই প্রতিবেদনে ব্যাংকের পরিচালনা পর্ষদকে অনেকাংশেই দায়মুক্তি দেওয়া হয়েছে। পর্ষদের ব্যাপারে শুধু বলা হয়েছে, চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের তদারকি ছিল দুর্বল।