তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবি বিএনপি, জাপা ও ওয়ার্কার্স পার্টির
‘শেয়ারবাজার কেলেঙ্কারি’ নিয়ে খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বাধীন কমিটির দেওয়া পূর্ণ তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের দাবি জানিয়েছে বিরোধী দল বিএনপি, মহাজোট সরকারের শরিক জাতীয় পার্টি (জাপা) এবং ওয়ার্কার্স পার্টি।গতকাল শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘গণমাধ্যমের সহায়তায় আমরা জানতে পেরেছি, শেয়ারবাজার কেলেঙ্কারি তদন্তে গঠিত কমিটির তদন্ত প্রতিবেদনে ওই ঘটনার সঙ্গে যুক্ত কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম এসেছে। প্রতিবেদনে বাজার অস্থিতিশীলতার জন্য এদের দায়ী করা হয়েছে। এদের জনসমক্ষে না আনলে বারবার এমন ঘটনা ঘটতে থাকবে। ফলে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হতেই থাকবেন।’ তিনি দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ারও দাবি জানান।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করেন, ‘প্রকৃত ষড়যন্ত্রকারীদের আড়াল করতেই সরকার শেয়ার কেলেঙ্কারির তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে চাইছে না বলে আমরা আশঙ্কা করছি। আমরা পূর্ণ তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশের দাবি জানাচ্ছি।’লিমনের প্রতি সমবেদনা: সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে র্যাবের নিষ্ঠুরতার শিকার লিমন হোসেনের প্রতি সমবেদনা জানানো হয়। এই বর্বরোচিত ঘটনার নিন্দা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বিষয়টির সুষ্ঠু তদন্ত দাবি করেন।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব কেরানীগঞ্জে বিএনপির কাউন্সিলে দলের যুগ্ম মহাসচিব আমান উল্লাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগ ও পুলিশি হামলার নিন্দা জানান। তিনি গণতন্ত্রের স্বার্থে এই হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান।সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ, প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, অর্থ সম্পাদক আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।দোষীদের শাস্তি দাবি এরশাদের: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এক বিবৃতিতে শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। তিনি বলেন, জড়িতরা যতই প্রভাবশালী হোক, তাদের ছাড় দেওয়ার সুযোগ নেই। এতে সরকারই ক্ষতিগ্রস্ত হবে।বিবৃতিতে সাবেক রাষ্ট্রপতি বলেন, প্রভাবশালী বলে নাম প্রকাশ না করার যে কথা অর্থমন্ত্রী বলেছেন, তা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, ‘আমি হতবাক হয়েছি। যারা সাধারণ মানুষের এত বড় ক্ষতি করল, তাদের নাম কেন প্রকাশ করা হবে না তা বোধগম্য নয়।’ তিনি অবিলম্বে জড়িতদের ব্যাংক হিসাব জব্দ, অবৈধ সম্পত্তি বাজেয়াপ্তের দাবি জানান। নাম প্রকাশের দাবি ওয়ার্কার্স পার্টির: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে শেয়ার কেলেঙ্কারির সঙ্গে যুক্ত রাঘববোয়ালদের নাম প্রকাশের দাবি জানিয়েছেন। নাম প্রকাশ না করায় তাঁরা অর্থমন্ত্রীর প্রতি ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা বলেন, ’৯৬-এ শেয়ার কেলেঙ্কারির ঘটনার বিচার হয়নি। এবারও না হলে ক্ষুদ্র বিনিয়োগকারীরা ভবিষ্যতে আবারও ক্ষতিগ্রস্ত হবেন।