পুঁজিবাজারে কারসাজির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি এ এন এম বশিরউল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে রিটটি দায়ের করা হয়। জনস্বার্থে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ রিটটি করে। রিট আবেদনকারী আইনজীবী মনজিল মোরশেদ প্রথম আলোকে বলেন, রিটটি দাখিল করা হয়েছে। কাল মঙ্গলবার এর ওপর শুনানি হবে। রিট আবেদন: রিট আবেদনে দুই দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রকাশের নির্দেশনা চাওয়া হয়েছে। সাত দিনের মধ্যে এ প্রতিবেদনটি আদালতে দাখিলেরও আরজি জানানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা, ব্যাংক হিসাব জব্দ এবং পাসপোর্ট জব্দেরও আরজি রয়েছে। রিট আবেদনে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের টাকা ফেরত এনে তাঁদের অ্যাকাউন্টে জমা দেওয়ার কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল চাওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন প্রকাশে নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং দোষীদের বিরুদ্ধে সাজা নিশ্চিতের কেন নির্দেশ দেওয়া হবে না, এ মর্মে রুল চাওয়া হয়েছে।রিট আবেদনে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর সচিব, অর্থসচিব, স্বরাষ্ট্রসচিব, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানসহ ১০ জনকে বিবাদী করা হয়েছে।