তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০১ সালে নির্বাচনোত্তর সহিংসতা ও সংখ্যালঘুদের নির্যাতনসংক্রান্ত তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে বিএনপি।গতকাল শুক্রবার সকালে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এ কথা জানান স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।মওদুদ আহমদ বলেন, আগামী নির্বাচনে বিএনপির জনপ্রিয় নেতাদের দূরে রাখার জন্যই সরকার সংখ্যালঘু নির্যাতনের নামে মিথ্যা প্রতিবেদন প্রকাশ করেছে। তাঁর অভিযোগ, সরকারের অপশাসনের বিরুদ্ধে যাতে আন্দোলন করতে না পারে, সে জন্য বিরোধী দলের নেতাদের মিথ্যা মামলায় জড়াতে এই তথাকথিত প্রতিবেদন দেওয়া হয়েছে। তিনি তদন্ত কমিটিকে পক্ষপাতদুষ্ট বলে দাবি করেন।মওদুদ আহমদ বলেন, যুক্তরাষ্ট্রের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতিকে নাজুক বলায় মহাজোট সরকার ক্ষিপ্ত হয়েছে। তাই সংখ্যালঘু নির্যাতনের জন্য বিএনপিকে দায়ী করে এই প্রতিবেদন দিয়ে জনগণের দৃষ্টি অন্যদিকে ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায় ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, সরকার গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশন ২৪ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয়। তাতে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনোত্তর সহিংসতা, বিশেষ করে সংখ্যালঘু নির্যাতনকে ‘মানবিক দুর্যোগ’ উল্লেখ করে এ ঘটনার জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করা হয়েছে।প্রধানমন্ত্রীর প্রস্তাব একদলীয় শাসনের ইঙ্গিত: সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ কমিটির কাছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগের প্রস্তাবকে একদলীয় শাসন কায়েমের ইঙ্গিত বলে মনে করেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ।গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মওদুদ এই আশঙ্কার কথা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রস্তাব করেছেন, তত্ত্বাবধায়ক সরকার তিন মাসে নির্বাচন করতে ব্যর্থ হলে পূর্ববর্তী সরকার বহাল হবে। বিশেষ কমিটি যে প্রধানমন্ত্রীর প্রস্তাবই বাস্তবায়ন করবে, এটা বুঝতে জ্ঞানী হওয়ার দরকার হয় না। মওদুদ বলেন, ‘প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন, তার অর্থ একদলীয় সরকার কায়েম করা। আওয়ামী লীগের অধীনে নির্বাচন দিলে কী হবে, তা সবাই জানে। তাঁর কথামতো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা হলে তারা যেকোনো অজুহাতে ৯০ দিন পার করে দেবে। ক্ষমতায় থাকলে আমরাও তা-ই করতাম।’ তিনি সংবিধানের মৌলিক পরিবর্তনের ক্ষেত্রে গণভোট দেওয়ার দাবি জানান।বাংলাদেশ সাংস্কৃতিক একাডেমি আয়োজিত ‘আগ্রাসী সংস্কৃতি ও আগ্রাসন মোকাবিলায় করণীয়’ শীর্ষক এই আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম এম মেহবুব রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এ এস এম আবদুল হালিম, বিএনপির নেতা শামীমুর রহমান, ইসমাইল হোসেন প্রমুখ।