তদন্ত প্রতিবেদন শিগগিরই প্রকাশিত হবে: মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, শেয়ারবাজার কেলেঙ্কারির তদন্ত প্রতিবেদন শিগগিরই প্রকাশ করা হবে। এর আগে অর্থমন্ত্রী বলেছিলেন ১০-১৫ দিনের মধ্যে প্রকাশিত হবে।অর্থমন্ত্রী বলেন যে তদন্ত প্রতিবেদনের কিছু অংশ সম্পাদনা করে প্রকাশ করা হবে। যে অংশটি অপ্রকাশিত থাকবে, সে বিষয়ের ওপর আরও তদন্ত প্রয়োজন। আজ রোববার অর্থ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সঙ্গে বাজেট প্রস্তুতিমূলক সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা জানান। খবর ইউএনবি।অর্থমন্ত্রী জানান, তাঁর মন্ত্রণালয় তদন্ত কমিটির পুরো প্রতিবেদনটির দায়িত্ব নিয়েছে। তাঁরা অহেতুক কাউকে অপমান করার ব্যাপারে ভূমিকা রাখতে চান না।এর আগে শেয়ারবাজারে বিনিয়োগকারীরা সংশয় প্রকাশ করেছিলেন, সরকার কিছু প্রভাবশালী ব্যক্তিকে রক্ষা করার জন্য তাঁদের নাম বাদ দিয়ে প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছে। অর্থমন্ত্রী তাদের লক্ষ্য করেই আজ এ মন্তব্য করলেন।অর্থমন্ত্রী বলেন, সংবাদমাধ্যমের একটি অংশ শেয়ারবাজার কেলেঙ্কারির তদন্ত প্রতিবেদন নিয়ে তাঁর বক্তব্যকে ভুলভাবে উদ্ধৃত করেছে।এর আগে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন অর্থমন্ত্রী বলেছিলেন, সরকার ‘অপ্রমাণিত’ অভিযোগ প্রয়োজন হলে বাদ দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করবে।অর্থমন্ত্রী বলেন, ‘কিন্তু আমার বক্তব্য না বুঝে তারা লেখে যে শেয়ারবাজার কেলেঙ্কারির দায়ী ব্যক্তিদের নাম বাদ দিয়ে তদন্ত প্রতিবেদনটি প্রকাশ করব, যা সত্য নয় এবং অবাস্তব।’