২০০১-এর নির্বাচন-পরবর্তী সহিংসতা
তদন্ত প্রতিবেদনটি বিএনপির জনপ্রিয়তা হ্রাসের চেষ্টা: মওদুদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনায় সরকারের দেওয়া তদন্ত প্রতিবেদন বিএনপি প্রত্যাখ্যান করেছে। ওই প্রতিবেদনে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় বিএনপি ও জামায়াত নেতা-কর্মীদের দায়ী করা হয়েছে বলে বিএনপি অভিযোগ করে। আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।মওদুদ আহমদ বলেন, বিএনপি মনে করে এ তদন্ত প্রতিবেদন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও বিএনপির জনপ্রিয়তা হ্রাসের চেষ্টা। যেভাবে বিএনপির জনপ্রিয়তা বাড়ছে তাতে সরকার ভয় পেয়ে অপপ্রচারের চেষ্টা হিসেবে এ প্রতিবেদন দিয়েছে বলে দলটি দাবি করে। মানবাধিকার নিয়ে সম্প্রতি প্রকাশিত যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে নষ্ট হয়েছে। ওই প্রতিবেদনের প্রতিপক্ষ হিসেবে সরকার এ প্রতিবেদনটি দাখিল করেছে বলে বিএনপি অভিযোগ করে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ প্রমুখ।