তদন্ত প্রতিবেদনে কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গরিব অ্যান্ড গরিব পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে ২১ শ্রমিকের মৃত্যুর ঘটনায় ভবনের ওপর অনুমোদন ছাড়া নির্মিত ছাপরাকে দায়ী করেছে তদন্ত কমিটি। আগুন ও প্রাণহানির ঘটনায় কমিটি কারখানার পরিচালনা পর্ষদকে দায়ী করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।২৫ ফেব্রুয়ারি রাতের ওই মর্মান্তিক ঘটনার পর জেলা প্রশাসক তিন সদস্যের এ তদন্ত কমিটি গঠন করেন। কমিটি গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন তালুকদারের কাছে প্রতিবেদন পেশ করে।তিন পৃষ্ঠার প্রতিবেদনের ছয়টি অনুচ্ছেদে ঘটনার সংক্ষিপ্ত বিবরণ, ক্ষতির পরিমাণ, মৃত্যুর কারণ, ঘটনার দায়দায়িত্ব, ১৯টি সুপারিশ ও সার্বিক মন্তব্য রয়েছে।তদন্ত প্রতিবেদনে প্রাণহানির চারটি কারণ চিহ্নিত করা হয়েছে। প্রথমত,ছয়তলা কারখানা ভবনে অনুমোদন ছাড়া সপ্তম তলায় স্টিলের কাঠামো তৈরি করা হয়েছে। দ্বিতীয় থেকে ষষ্ঠ তলা পর্যন্ত প্রতি তলার জানালা বন্ধ থাকায় ধোঁয়া বাইরে বেরোতে পারেনি। এ জন্য ফ্লোরগুলো অক্সিজেনশূন্য হয়ে পড়ে এবং আটকে পড়া শ্রমিকেরা মৃত্যুবরণ করেন। দ্বিতীয়ত. অগ্নিনির্বাপণযন্ত্র থাকলেও তা ব্যবহারের জন্য সার্বক্ষণিক কর্মী ছিলেন না। অগ্নিকাণ্ডের সময় অধিকাংশ বিভাগ বন্ধ ছিল। এ কাজে অভিজ্ঞ ব্যক্তিরা অনুপস্থিত ছিলেন।তৃতীয়ত. আগুন লাগার সঙ্গে সঙ্গে কারখানার বিদ্যুত্কর্মী বিদ্যুত্সংযোগ ও এর বিকল্প উত্স আইপিএস বন্ধ করে দেন। বিদ্যুত্ না থাকায় ও সপ্তম তলা মালামালে ঠাসা থাকায় সেখানকার শ্রমিকেরা বাইরে বের হতে পারেননি।চতুর্থত. কারখানার দুটি সিঁড়ির বাইরের দিকের অংশ লোহার গ্রিল ও কাচ দিয়ে বন্ধ থাকায় ধোঁয়া বাইরে বের হতে পারেনি। তদন্ত কমিটির সদস্যরা ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. হাসান সারোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ও গাজীপুর ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক রফিকুল ইসলাম।ঘটনার সংক্ষিপ্ত বিবরণ: প্রতিবেদনে বলা হয়, কারখানার দ্বিতীয় তলার সুইচ বোর্ডে শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়। সেখানে রাখা তৈরি সোয়েটারে আগুন লেগে পুরো তলায় ছড়ায়। একজন নিরাপত্তাকর্মী হোস পাইপ দিয়ে পানি ছিটিয়ে আগুন নেভাতে ব্যর্থ হন। ঘটনার সময় ছুটি থাকায় দ্বিতীয়, তৃতীয় ও সপ্তম তলায় অল্প শ্রমিক-কর্মচারী ছিলেন। পঞ্চম ও ষষ্ঠ তলা ছিল তালাবদ্ধ। আগুন থেকে সৃষ্ট ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে সপ্তম তলায় ১৮ জন ও তৃতীয় তলায় তিনজন শ্রমিক মারা যান।সুপারিশ: তদন্ত প্রতিবেদনে অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনায় কারখানার ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালনা পর্ষদকে দায়ী করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, সপ্তম তলার ইস্পাত কাঠামো অপসারণ, কারখানা দ্রুত চালু, সহজে অপসারণযোগ্য কাচ ও গ্রিল ব্যবহার, সার্বক্ষণিক বিদ্যুত্ ও দমকলকর্মী নিয়োগ, প্রতি তলায় ফায়ার এস্কেপ স্থাপন, বিল্ডিং কোড অনুযায়ী আগমন-নির্গমন পথ সহজ করা, গাজীপুরে ফায়ার সার্ভিসের স্পেশাল স্কোয়াড করা, অন্তত ৩০ ফুট সামনের রাস্তা ও সুপরিসর প্রবেশপথ ছাড়া তৈরি পোশাকশিল্প স্থাপনের অনুমতি না দেওয়ার সুপারিশ করা হয়েছে।