২০০৮ সালের ২২ জুলাই আটকের পর থেকে এখন পর্যন্ত নিখোঁজ আছেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বাসিন্দা তুষার ইসলাম টিটু (২৭)। জাতীয় মানবাধিকার কমিশনের অনুরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ তদন্ত করে একটি প্রতিবেদন দিয়েছে। প্রতিবেদনটিকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়ে আরও উচ্চপর্যায়ের তদন্তের জন্য তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।তদন্ত প্রতিবেদনে দেওয়া ঘটনার প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় বলা হয়, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়ার বাজারের মকবুল স্টোরের সামনে থেকে কয়েকজন লোক র্যাব পরিচয় দিয়ে টিটুকে আটক করে। আটককারী চারজন নিজেদের ঢাকার টিকাটুলীতে অবস্থিত র্যাব-৩-এর সদস্য বলে পরিচয় দেন। তাঁরা সেখান থেকে স্থানীয় দুই ব্যক্তির দুটি মোটরসাইকেল ‘দেশের স্বার্থে’র দোহাই দিয়ে নিয়ে তাতে চেপে আটক টিটুকে নিয়ে ঢাকায় আসেন। ঘটনায় নাম আসা র্যাবের এক সদস্য তদন্ত দলকে জানান, পরদিন র্যাব-৩-এর ক্যাপ্টেন রেজাউল করিমের নির্দেশে র্যাবের চার সদস্য সংস্থার গাড়িতে করে মোটসাইকেল দুটি মালিকদের ফেরত দিতে বেলকুচি থানায় দিয়ে আসেন। সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে সে গাড়ি মালিকদের ফেরত দেওয়া হয়। কিন্তু তাঁরা অভিযানে যাওয়া বা অন্য লোকের মোটরসাইকেল নেওয়ার বিষয়ে বেলকুচি থানায় কোনো জিডি করেননি।র্যাবের চার সদস্য ওই দিনের সব ঘটনার অন্যদের মতো বর্ণনা করলেও শুধু বলেছেন, তাঁরা কাউকে আটক করেননি। টিটুকে আটকের কথা অস্বীকার করেছে র্যাব-৩।ঘটনার এমন বর্ণনার পর তদন্ত প্রতিবেদনের সিদ্ধান্ত পর্যায়ে বলা হয়, যেহেতু এ বিষয়ে পরস্পরবিরোধী বক্তব্য এসেছে, কাজেই টিটুকে কারা আটক করেছিল, তা নিশ্চিত হওয়া কঠিন।আসামি সম্পর্কে তদন্ত প্রতিবেদনে বলা হয়, টিটুর বিরুদ্ধে গুলশান ও খিলগাঁও থানায় ছয়টি ফৌজদারি মামলা আছে।মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান প্রথম আলোকে জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার কমিশনের বৈঠকে প্রতিবেদনটি নিয়ে আলোচনা হয়েছে। কমিশনের কাছে এই প্রতিবেদন গ্রহণযোগ্য বলে মনে হয়নি। একটি উচ্চপর্যায়ের কমিটির মাধ্যমে ঘটনাটির পুনঃ তদন্ত করে দ্রুত মানবাধিকার কমিশনকে জানাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলা হবে।কমিটির আহ্বায়ক ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (নিরাপত্তা) নাজিমউদ্দিন চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা যেসব তথ্য পেয়েছি, সেগুলো দিয়েই প্রতিবেদন তৈরি করেছি।’প্রত্যক্ষদর্শীদের বর্ণনা: টিটুর পরিবারের সদস্য ও কয়েকজন প্রত্যক্ষদর্শী তদন্ত কমিটিকে জানান, ২০০৮ সালের ২২ জুলাই ধুকুরিয়া বেড়ার বাজার থেকে সাদা পোশাকে চারজন লোক টিটুকে আটক করেন। সেখান থেকে নসিমনে করে টিটুকে বেলকুচির মাকুন্দগাতি বাজারে নিয়ে আসা হয়। স্থানীয় লোকজন ওই ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে একজন তাঁর পরিচয়পত্র দেখিয়ে বলেন, ‘আমরা র্যাব-৩ থেকে এসেছি।’ এঁদের একজন নিজেকে ডিএডি মোখলেছুর রহমান বলে পরিচয় দেন।দুই মোটরসাইকেল ব্যবহারকারীর বক্তব্য: ওই দুই মোটরসাইকেল ব্যবহারকারীর একজন সাইফুল ইসলাম তদন্ত কমিটিকে জানান, তিনি দেখেন, একটি নসিমনে হ্যান্ডকাফ পরা একজন লোক বসে আছেন। র্যাবের সদস্যরা তাঁর কাছ থেকে ও হাজী আশরাফ নামের আরেকজনের মোটরসাইকেল নিয়ে ওই লোককে নিয়ে ঢাকায় রওনা হন।র্যাবের অভিযুক্ত সদস্যরা জানিয়েছেন, পরদিন বেলা সাড়ে ১১টায় র্যাবের পিকআপ ভ্যানে করে বেলকুচি থানায় মোটরসাইকেল দুটি ফেরত দিয়ে আসা হয়।হাজী আশরাফ জানান, র্যাবের একজন সদস্য তাঁর পরিচয়পত্র দেখিয়ে মোটরসাইকেল নেন। তিনি তাঁকে একটি ফোন নম্বর দিয়ে যোগাযোগ করতে বলেন। চার-পাঁচ ঘণ্টা পরও মোটরসাইকেলের হদিস না পেয়ে তিনি বেলকুচি থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ সময় র্যাবের ওই সদস্য তাঁকে ফোন করে জিডি না করতে অনুরোধ করেন।তদন্ত প্রতিবেদনে বলা হয়, ২৩ জুলাই র্যাব-৩-এর ক্যাপ্টেন রেজাউল করিম ডিএডি মোখলেছুর রহমানকে ডেকে বেলকুচি থানায় মোটরসাইকেল দুটি দিয়ে আসার নির্দেশ দেন।র্যাবের সদস্যদের বক্তব্য: র্যাব-৩-এর যে সদস্যরা বেলকুচিতে গিয়েছিলেন, তাঁরা হলেন ডিএডি মো. হানিফ (সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার), এএসআই হুমায়ুন ফরিদ, এএসআই ফিরোজ আহমেদ (বর্তমানে এসবি, ঢাকায় কর্মরত) ও করপোরাল আমিন উল্লাহ্ অপু (বিএনএফ জহুর, পতেঙ্গা, চট্টগ্রামে কর্মরত)।ডিএডি হানিফ জানান, তাঁরা মুকুন্দগাতির কলেজ গেট (ধুকুরিয়া) বাজারে জাল টাকা বানানোর মেশিন ধরার জন্য গিয়েছিলেন। তাঁরা কাউকে আটক করেননি। স্থানীয় লোকজন তাঁদের পরিচয় জেনে ফেলে। এরপর র্যাব-৩-এর গোয়েন্দা দলের প্রধান ক্যাপ্টেন রেজাউল করিমের নির্দেশে ২২ জুলাই স্থানীয় দুই ব্যক্তির কাছ থেকে মোটরসাইকেল নিয়ে তাঁরা ঢাকায় ফিরে আসেন। র্যাবের বাকি তিন সদস্যও মোটামুটি একই রকম বক্তব্য দেন।এসব বিষয়ে জানতে ক্যাপ্টেন রেজাউল করিমকে ডেকেও পায়নি তদন্ত কমিটি। গত ২১ এপ্রিল এক চিঠিতে র্যাব তদন্ত কমিটিকে জানায়, রেজাউল করিম সেনাবাহিনীতে ফিরে গেছেন। তাঁকে তদন্ত কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানায় র্যাব।দায়ী ব্যক্তিদের চিহ্নিতকরণ: এই শিরোনামে প্রতিবেদনে বলা হয়, র্যাবের সদস্যরা বেলকুচি থেকে একজনকে ধরে দুটি মোটরসাইকেলযোগে ঢাকায় নিয়ে আসেন। কিন্তু র্যাব জানায়, তারা কাউকে আনেনি। কিন্তু বেলকুচি থানার দুটি জিডি পর্যালোচনা করে তদন্ত কমিটির কাছে র্যাবের সদস্যদের বক্তব্য সঠিক নয় বলে মনে হয়।তার পরও প্রতিবেদনে বলা হয়, ‘এই বিষয়ে স্থানীয় ব্যক্তিদের বক্তব্য, জিডির বর্ণনা এবং র্যাবের বক্তব্য পরস্পরবিরোধী হওয়ায় টিটুকে কে বা কাহারা আটক করেছিল, সেটা নিশ্চিত হওয়া কঠিন।’মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এ বিষয়ে বলেন, ‘প্রতিবেদনে বলা হয়েছে, র্যাব মোটরসাইকেলে করে একজনকে নিয়ে এসেছে। পরদিন বেলকুচি থানায় মোটরসাইকেল দিয়েও এসেছে। তার পরও র্যাবের বক্তব্যের সূত্র ধরে বলা হয়েছে, টিটুকে কারা আটক করেছিল, এটা নিশ্চিত হওয়া যায়নি। এটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।’ঘটনার পুনরাবৃত্তি রোধে সুপারিশ: প্রতিবেদনে এ ধরনের ঘটনা রোধে তিনটি সুপারিশ করা হয়েছে। এগুলো হলো র্যাব বা অন্য কোনো নিরাপত্তা বাহিনী তার ক্ষেত্রের বাইরে অভিযানে গেলে আগে বা পরে সংশ্লিষ্ট থানাকে জিডির মাধ্যমে অবহিত করা, স্থানীয় প্রশাসন বা পুলিশের মাধ্যমে যানবাহন রিকুইজিশন করা, র্যাবে পুলিশ ছাড়া অন্যান্য বাহিনী থেকে আসা সদস্যদের ফৌজদারি কার্যবিধি ও পুলিশ প্রবিধান সম্পর্কে ধারণা দেওয়া ও সেই মোতাবেক কাজ করার সুস্পষ্ট বিধান রাখা।