তদন্ত প্রভাবিত করতে মির্জা ফখরুল হুমকি দিয়েছেন: আইন প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম অভিযোগ করেছেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা ও ১০ ট্রাক অস্ত্র আটক মামলার তদন্ত প্রভাবিত করতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তদন্তকারী কর্মকর্তাদের হুমকি দিয়েছেন। আজ সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।আইন প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি মির্জা ফখরুল এনএসআইয়ের পরিচালক শফিকুল্লাহ ও সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আখন্দের নাম উল্লেখ করে হুমকি দিয়েছেন। মির্জা ফখরুল তাঁদের বলেছেন, তারেক রহমানকে এসব মামলায় জড়ানো হলে তিনি তাঁদের দেখে নেবেন এবং ভবিষ্যতে ক্ষমতায় গেলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। তাঁর এ বক্তব্য মামলার তদন্তকাজকে প্রভাবিত করার শামিল বলে প্রতিমন্ত্রী মন্তব্য করেন। প্রতিমন্ত্রী তদন্তকারী কর্মকর্তাদের হুমকি দেওয়া থেকে বিরত থাকতে মির্জা ফখরুলের প্রতি আহ্বান জানান।আইন প্রতিমন্ত্রী বলেন, তত্কালীন রাষ্ট্রীয় ক্ষমতার উচ্চপর্যায়ের প্রভাবশালী মহলের পৃষ্ঠপোষকতা ও যোগসাজশ ছাড়া গ্রেনেড হামলা ও অস্ত্র খালাসের মতো ঘটনা ঘটতে পারে না। তদন্ত সংস্থা ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করার চেষ্টা করছে। এসব মামলায় কাউকে জড়ানোর প্রশ্নই আসে না। তদন্তে যাদের নাম আসবে, তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।