তদন্ত র‌্যাবে স্থানান্তরের নির্দেশ, চার মাসে শেষ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারের আমিনবাজারে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় করা দুটি মামলার তদন্তকাজ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) থেকে র‌্যাবের কাছে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালতের আদেশ পাওয়ার সাত দিনের মধ্যে তদন্তভার স্থানান্তর করতে পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারের প্রতি নির্দেশ দেওয়া হয়।একই সঙ্গে চার মাসের মধ্যে তদন্তকাজ শেষ করতে নির্দেশ দেওয়া হয়। গতকাল মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আবদুর রবের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।গত বছরের ১৭ জুলাই মধ্যরাতে বড়দেশী গ্রামের কেবলার চরে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার পর স্থানীয় বালু ব্যবসায়ী আবদুল মালেক বাদী হয়ে অজ্ঞাত ১৫-২০ জনের বিরুদ্ধে ডাকাতি মামলা এবং পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করে।ওই ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে মানবাধিকার সংগঠন ন্যাশনাল ফোরাম ফর প্রোটেকশন অব হিউম্যান রাইটসের মহাসচিব আইনজীবী তাজুল ইসলাম গত বছরের জুলাইয়ে রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেন। পরে আদালত বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় আদালত চলতি বছরের ১৭ জুনের মধ্যে তদন্ত কর্মকর্তাকে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলেন। ধার্য তারিখে তদন্ত কর্মকর্তা আদালতে প্রতিবেদন দাখিল করেন। ১৭ জুন আদালত এক মাসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করতে বলেন এবং ১১ আগস্ট শুনানির পরবর্তী দিন ধার্য করেন।ইতিমধ্যে আদেশ প্রদানকারী ওই আদালতের এখতিয়ার পরিবর্তন হয়। পরে বিষয়টি প্রধান বিচারপতির কাছে যায়। প্রধান বিচারপতি এই আদালতে বিষয়টি নিষ্পত্তির জন্য পাঠান। রিট আবেদনে নিহত ছয় ছাত্রের পরিবারের সদস্যরা পক্ষভুক্ত হন। ক্ষতিগ্রস্তদের পক্ষে নিহত এক ছাত্রের বাবা আইনজীবী মো. আমিনুর রহিম সম্পূরক আবেদন আদালতে দাখিল করেন। গতকাল এর ওপরও শুনানি হয়।আবেদনের পক্ষে আইনজীবী তাজুল ইসলাম ও শামশিল আরেফিন মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইকরামুল হক। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল হক আদালতে হাজির হন।সম্পূরক আবেদনের বিষয়ে তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, আবেদনে মামলা দুটির তদন্তকাজ র‌্যাবে স্থানান্তরের নির্দেশনা চাওয়া হয়। সিআইডি তদন্ত করছে, কিন্তু এক বছরে তেমন অগ্রগতি নেই। হাইকোর্ট চার মাসের মধ্যে তদন্তকাজ শেষ করতে র‌্যাবের প্রতি নির্দেশ দিয়েছেন।পরে ইকরামুল হক প্রথম আলোকে বলেন, আদালত সাত দিনের মধ্যে মামলা দুটির তদন্তকাজ স্থানান্তর এবং চার মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন।ছয় ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় সাভার থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলে মামলাটি তদন্তের দায়িত্ব পায় সিআইডি। একই সঙ্গে থানার পুলিশের ভূমিকা তদন্তে চার সদস্যের কমিটি করে পুলিশ সদর দপ্তর। তথ্যানুসন্ধানের পর কমিটি মতপ্রকাশ করে, ওই ঘটনায় পুলিশের ভূমিকা ছিল ‘অপেশাদার ও দায়িত্বহীন’।