তদন্ত র‌্যাবের কাছে স্থানান্তরের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের আমিনবাজারে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় করা দুটি মামলার তদন্তকাজ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) থেকে র্যাবের কাছে স্থানান্তর করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদালতের আদেশ পাওয়ার সাত দিনের মধ্যে মামলা দুটির তদন্তভার স্থানান্তর করতে পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারের প্রতি নির্দেশ দেওয়া হয়। আজ মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আবদুর রব সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই সঙ্গে চার মাসের মধ্যে তদন্তকাজ শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। গত বছরের ১৭ জুলাই রাত সাড়ে ১২টা থেকে সোয়া একটার মধ্যে বড়দেশী গ্রামের পাশে কেবলার চরে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার পর স্থানীয় এক বালু ব্যবসায়ী আবদুল মালেক বাদী হয়ে অজ্ঞাত ১৫-২০ জনের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা ও পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করে।মানবাধিকার সংগঠন ন্যাশনাল ফোরাম ফর প্রোটেকশন অব হিউম্যান রাইটসের মহাসচিব আইনজীবী তাজুল ইসলাম ওই ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে গত বছরের জুলাইতে একটি রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি নিয়ে একই বছরের ২০ জুলাই হাইকোর্ট রুল জারি করেন। পরবর্তী সময় আদালত বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। এর ধারাবাহিকতায় আদালত ১৭ জুনের মধ্যে তদন্ত কর্মকর্তাকে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলেন। ধার্য তারিখে তদন্ত কর্মকর্তা আদালতে প্রতিবেদন দাখিল করেন। এরপর হাইকোর্ট গত ১৭ জুন এক মাসের মধ্যে তদন্ত শেষ করে অভিযোগপত্র দাখিল করতে এবং ১১ আগস্ট শুনানির পরবর্তী দিন ধার্য করেন।ইতিমধ্যে আদেশ প্রদানকারী ওই আদালতের এখতিয়ার পরিবর্তন হয়। পরে বিষয়টি প্রধান বিচারপতির কাছে যায়। প্রধান বিচারপতি ওই আদালতে বিষয়টি নিষ্পত্তির জন্য পাঠান। রিট আবেদনে নিহত ছাত্রদের পরিবারের সদস্যরা পক্ষভুক্ত হন। ক্ষতিগ্রস্তদের পক্ষে নিহত এক ছাত্রের বাবা আইনজীবী মো. আমিনুর রহিম একটি সম্পূরক আবেদন আদালতে দাখিল করেন। আজ এর ওপর শুনানি হয়। আদালতে আবেদনের পক্ষে আইনজীবী তাজুল ইসলাম ও শামশিল আরেফিন মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইকরামুল হক। সম্পূরক আবেদনের বিষয়ে আইনজীবী তাজুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, মামলা দুটির তদন্তকাজ র্যাবে স্থানান্তরের নির্দেশনা চাওয়া হয়। সিআইডি তদন্ত করছে। কিন্তু এক বছরে তেমন কোনো অগ্রগতি নেই। হাইকোর্ট চার মাসের মধ্যে তদন্তকাজ শেষ করতে র্যাবের প্রতি নির্দেশ দিয়েছেন। পরে ইকরামুল হক প্রথম আলো ডটকমকে বলেন, আদালত সাত দিনের মধ্যে মামলা দুটির তদন্তকাজ স্থানান্তর করার নির্দেশ দিয়েছেন। চার মাসের মধ্যে তদন্ত শেষ নির্দেশ দিয়েছেন আদালত।গত বছরের ১৭ জুলাই ছয় ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় থানা-পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলে মামলাটি তদন্তের দায়িত্ব পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। একই সঙ্গে থানা-পুলিশের ভূমিকা তদন্তে চার সদস্যের কমিটি করে পুলিশ সদর দপ্তর। তথ্যানুসন্ধানের পর কমিটি মতপ্রকাশ করে যে, ওই ঘটনায় পুলিশের ভূমিকা ছিল ‘অপেশাদার ও দায়িত্বহীন’।