তদন্ত শুরু, গ্রামবাসী আতঙ্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলার নাথুয়ারডাঙ্গা গ্রামে ‘অস্ত্র উদ্ধারে’ গিয়ে র‌্যাবের একটি দল গ্রামবাসীর হাতে অবরুদ্ধ থাকার ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে উচ্চক্ষমতাসম্পন্ন একটি তদন্ত কমিটি গঠন করা হয়ছে। এ ছাড়া পুলিশের পক্ষ থেকেও তদন্ত শুরু করা হয়েছে। এদিকে ওই ঘটনার পর থেকে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে সরেজমিনে দেখা যায়, সফিকুল ইসলামের বাড়িতে কয়েক শ মানুষ। তাদের চোখে-মুখে আতঙ্কের ছাপ। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন গ্রামবাসী প্রথম আলোকে বলেন, তাঁরা খুব আতঙ্কে আছেন। শেষমেশ ওই অস্ত্র দিয়ে তাঁদের (গ্রামবাসী) ফাঁসানো হতে পারে। গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে র‌্যাবের ১০-১২ জনের একটি দল সাতক্ষীরা সদর উপজেলার নাথুয়ারডাঙ্গা গ্রামের সফিকুল ইসলামের বাড়িতে অস্ত্র উদ্ধারে যায়। আওয়ামী লীগের নেতা সফিকুলের অভিযোগ, ওই রাতে র‌্যাবের দুই সদস্য একটি কাপড়ের ব্যাগে করে তিনটি আগ্নেয়াস্ত্র গ্রিলের ফাঁক দিয়ে তাঁর বারান্দায় ফেলে। র‌্যাব সদস্যরা ওই অস্ত্রসহ সফিকুলকে আটক করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে গ্রামের কয়েক শ মানুষ প্রতিবাদ করে। সফিকুলকে না ছাড়লে রাত দুইটার দিকে কয়েক শ গ্রামবাসী র‌্যাবের গাড়ি ঘেরাও করে। অভিযানে নেতৃত্বদানকারী র‌্যাবের মেজর মো. কামরুজ্জামানকে রাত দুইটার পর একটি ঘরে আটকে রাখা হয়। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশ শনিবার সকাল সাড়ে আটটার দিকে অস্ত্র ও অবরুদ্ধ র‌্যাব সদস্যদের উদ্ধার করে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) হাসান মাহমুদ খন্দকার গতকাল মুঠোফোনে প্রথম আলোকে জানান, সাতক্ষীরায় অস্ত্র উদ্ধার ও র‌্যাব সদস্যদের অবরুদ্ধ হওয়ার ঘটনায় গতকাল র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) কর্নেল জাহাঙ্গীর আলমকে প্রধান করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্য হলেন উপপরিচালক মেজর জাহিদ। কমিটির সদস্যরা সোমবার (আজ) ঘটনাস্থল পরিদর্শন করবেন। সাতক্ষীরার পুলিশ সুপার মনির-উজ-জামান সাংবাদিকদের জানান, ঘটনা তদন্তে তিনি গতকাল নাথুয়ারডাঙ্গায় যান। তিনি বাড়ির মালিক, মালিকের প্রতিবেশী ও গ্রামের বিভিন্ন পেশার মানুষের সঙ্গে কথা বলেছেন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম হাসেম খান জানান, নাথুয়ারডাঙ্গা গ্রামের ঘটনায় শনিবার সন্ধ্যায় র‌্যাব-৬-এর উপসহকারী পরিচালক (ডিএডি) দেলোয়ার হোসেন সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে উল্লেখ করা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ওই বাড়িতে অভিযান চালাতে আসে। ধাক্কাধাক্কির একপর্যায়ে ঘরের দরজা ভেঙে যায়। এ সময় ঘরের বারান্দায় র‌্যাব সদস্যরা একটি কাপড়ের পুঁটলির মধ্যে তিনটি দেশি অস্ত্র পান।