বাংলাদেশে পোশাকশিল্পের সবচেয়ে বড় ও প্রাণঘাতী দুর্ঘটনা রানা প্লাজা ধসের বিষয়ে তদন্ত শুরু করেছে ব্রিটিশ পার্লামেন্টের বাংলাদেশবিষয়ক সর্বদলীয় কমিটি। গত বুধবার লন্ডনে বাংলাদেশবিষয়ক সেমিনারে এ তথ্য জানান কমিটির চেয়ারপারসন এবং কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যান মেইন।অ্যান মেইন বলেন, ‘প্রায় ছয় সপ্তাহ ধরে তথ্য সংগ্রহের কাজ চলছে এবং এই তদন্তের মধ্য দিয়ে আমরা পোশাকশিল্পের সমস্যাগুলো চিহ্নিত করে করণীয়সমূহ সুপারিশ আকারে তুলে ধরব। এ বিষয়ে ব্রিটিশ এমপিরা তদন্তের উদ্যোগ নিলেও বাংলাদেশের সংসদে এ ধরনের কোনো উদ্যোগের কথা শোনা যায়নি।’মিস মেইন বলেন, পোশাকশ্রমিকদের শুধু মজুরি বাড়ালেই সব ঠিক হয়ে যাবে, এমনটি ভাবার কারণ নেই। রানা প্লাজার শ্রমিকেরা বেশি মজুরি পেলেও ভবন নির্মাণে দুর্নীতি ও ত্রুটির কারণে তাঁদের প্রাণ রক্ষা হতো না।সেমিনারের মূল উদ্যোক্তা লর্ড অ্যাভবেরি আশা করেন, দায়ী ব্যক্তিদের বিচার যথাযথভাবে সম্পন্ন করা হবে। লর্ড কার্লাইল বলেন, ‘বাংলাদেশ সরকার পোশাকশ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাভার ট্র্যাজেডির জন্য দায়ী ব্যক্তিদের বিচারে কী ব্যবস্থা নিয়েছে, তা না জানলে আমাদের ছেলেমেয়েরা এবং পাশ্চাত্যের ক্রেতারা বাংলাদেশের তৈরি কাপড় কিনতে চাইবে না।’ ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ড. চার্লস ট্যানক বলেন, ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশের জিএসপি সুবিধা প্রত্যাহারের যে প্রস্তাব উঠেছিল, তা গৃহীত হলে বাংলাদেশের জন্য পরিণতি হতো ভয়াবহ। ইউরোপ সে কারণেই ওই পথে যায়নি।সেমিনারে বাংলাদেশ সরকারের পক্ষে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা এইচ টি ইমাম বলেন, সরকার ইতিমধ্যে শ্রম আইন সংশোধন করেছে এবং ভবনগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে জরিপকাজ চলছে। এ ক্ষেত্রে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর মধ্যস্থতায় বিদেশি ক্রেতা ও শ্রমিক এবং মালিক প্রতিনিধিদের সমন্বয়ে সংস্কার কার্যক্রম পরিচালনার কথাও তিনি উল্লেখ করেন।এদিকে বুধবার ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে আন্তর্জাতিক উন্নয়ন সহায়তাবিষয়ক প্রশ্নোত্তর পর্বে লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা সায়মন হিউজ বাংলাদেশের পোশাকশিল্পের শ্রমিকেরা যাতে শোভনীয় ন্যূনতম মজুরি পেতে পারেন এবং পরিবারসহ ভালোভাবে জীবনযাপন করতে পারেন, সে জন্য ব্রিটিশ সরকার কী ধরনের সহযোগিতা দিয়েছে, তা জানতে চান। জবাবে ব্রিটিশ উন্নয়ন সহায়তামন্ত্রী জাস্টিন গ্রিনিং বলেন, বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত করার লক্ষ্যে ব্রিটেনের অনেকগুলো কর্মসূচি রয়েছে। এর মধ্যে পোশাকশিল্পের শ্রমিকদের কাজের পরিবেশ উন্নয়নে সম্প্রতি প্রতিমন্ত্রী অ্যালান ডানকান ঢাকা সফরের সময় এক কোটি ৮০ লাখ পাউন্ড সহায়তার কথা ঘোষণা করেছেন। এ ছাড়া আইএলওসহ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে মিলে ব্রিটেন পোশাকশ্রমিকদের অবস্থার উন্নয়নে কাজ করছে বলেও তিনি জানান।জাস্টিন গ্রিনিং এ বিষয়ে আরও কয়েকজন এমপির প্রশ্নের জবাব দেন। তাঁর বক্তব্যে মূলত জানানো হয়, বাংলাদেশে এখন ব্রিটেনের বার্ষিক সাহায্যের পরিমাণ ২০ কোটি পাউন্ড। এ ছাড়া আগামী নির্বাচন উপলক্ষে নির্বাচনকাজে বিশেষ কিছু সহায়তা দেওয়ার পরিকল্পনাও ব্রিটিশ সরকারের রয়েছে।