জুরাইনের মা ও দুই শিশুসন্তানের ‘আত্মহত্যা’ মামলার তদন্ত প্রায় শেষ করে ফেলেছে গোয়েন্দা পুলিশ। তদন্তে এ ঘটনাটি ‘প্ররোচিত আত্মহত্যা’ বলে যাবতীয় তথ্যপ্রমাণ পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। শিগগিরই অভিযোগপত্র দেওয়া হবে বলেও জানানো হয়েছে।গতকাল শনিবার এক সংবাদ ব্রিফিংয়ে গোয়েন্দা পুলিশের উপকমিশনার মনিরুল ইসলাম জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের জেরা করে ও অন্যান্য প্রমাণ থেকে এটি যে প্ররোচিত আত্মহত্যা, সে সম্পর্কে পুলিশ এখন নিশ্চিত। উপকমিশনার বলেন, এ ঘটনায় মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে গৃহবধূ ফারজানা রিতার গাড়িচালক আল আমিন ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার অন্যতম আসামি শফিকুল কবির ও তাঁর পরিবারের সবাইকে দুই দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আসামিরা এ ঘটনায় প্ররোচনা দেওয়ার কথা স্বীকার করেছেন। উপকমিশনার বলেন, স্বীকারোক্তি ছাড়াও তাঁদের এ ধারণার সপক্ষে পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। মৃত ব্যক্তিদের ময়নাতদন্ত প্রতিবেদন ও সিআইডির হস্তলিপি-বিশারদদের প্রতিবেদন পুলিশের হাতে এসেছে। এতে তাদের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। উপকমিশনার জানান, শ্বশুর শফিকুল কবির পুলিশের জিজ্ঞাসাবাদে বলেছেন, তিনি একটু ভূমিকা নিলে ফারজানা ও তাঁর সন্তানদের মরতে হতো না। জিজ্ঞাসাবাদের সময় এ কথা বলে তিনি আক্ষেপ করেন।এ পুলিশ কর্মকর্তা জানান, এ মামলার আসামি ফারজানার স্বামী রাশেদুল কবির ও তাঁর দ্বিতীয় স্ত্রী স্মৃতির রিমান্ডের মেয়াদ শনিবার শেষ হয়েছে। তাঁদের আবার রিমান্ডে নেওয়া হবে। তবে উপকমিশনার জানান, তাঁর জিজ্ঞাসাবাদ শেষ হয়ে এসেছে এবং ‘খুব অল্পদিনে’ অভিযোগপত্র দেওয়া হবে।গত ১১ জুন রাজধানীর জুরাইনের আলমবাগের বাসা থেকে ফারজানা রিতা, তাঁর ছেলে ইশরাক পাবন ও মেয়ে রাইসা রাশমিন পায়েলের লাশ উদ্ধার করে পুলিশ। তারা অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করে। ঘরের দেয়াল ও কাগজে আত্মহত্যার কারণ ও পারিবারিক অশান্তিসহ বিভিন্ন অভিযোগ লেখা ছিল। হস্তলেখা বিশেষজ্ঞরা ওই লেখা মা ও দুই সন্তানের বলে নিশ্চিত করেছেন।