তদন্ত শেষ হয়নি, কিন্তু পুলিশ সদস্যরা স্বপদে ফিরেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ‘পুলিশের সহায়তায়’ কিশোর শামছুদ্দিন মিলনকে পিটিয়ে হত্যার ঘটনায় তার মায়ের করা মামলার তদন্ত শেষ হওয়ার আগেই অভিযুক্ত চার পুলিশ সদস্যের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে জেলার বিভিন্ন থানায় বদলি করা হয়েছে। এঁদের মধ্যে একজনের বিরুদ্ধে পুলিশের করা বিভাগীয় মামলার তদন্তও শেষ হয়নি।পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দাবি করছেন, অভিযুক্ত ব্যক্তিরা চাকরিতে ফিরে আসায় মামলার তদন্ত প্রভাবিত হবে না। তবে মিলনের মায়ের করা মামলার আইনজীবী মনে করেন, এই পদক্ষেপ মামলার তদন্ত নিয়ে পুলিশ প্রশাসনের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করছে।জেলা পুলিশের সূত্রে জানা গেছে, ওই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আকরাম শেখকে স্বপদে রেখে জেলার সেনবাগ থানায় বদলি করা হয়েছে। দুই কনস্টেবল আবদুর রহিমকে চৌমুহনী পুলিশ ফাঁড়ি ও হেমারঞ্জন চাকমাকে চাটখিল থানায় বদলি করা হয়েছে। আর কোম্পানীগঞ্জ থানার তখনকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জের রাঙামাটি সদর থানার পরিদর্শক (তদন্ত) পদে বদলি করা হয়েছে।জানতে চাইলে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) হারুন-উর-রশিদ হাযারী প্রথম আলোকে বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এঁদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে। তবে তাঁদের বেতন-ভাতা বৃদ্ধি ও পদোন্নতি স্থগিত থাকবে।’ অভিযুক্ত তিন পুলিশ সদস্যকে একই জেলায় রেখে দেওয়ায় নিহতের মায়ের করা হত্যা মামলার তদন্ত প্রভাবিত হবে কি না—জানতে চাইলে পুলিশ সুপার বলেন, ‘এর কোনো সুযোগ নেই। তদন্ত কর্মকর্তা স্বাধীনভাবে তদন্ত করছেন। তা ছাড়া এর আগে জেলা পুলিশের করা তদন্তে তাঁরা তো দায়িত্বে অবহেলার অভিযোগে অভিযুক্ত হয়েছেন।’নিহত কিশোর মিলনের মা কহিনুর বেগম গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘ভিডিওর মধ্যেও দেখা গেছে, পুলিশ কীভাবে আমার ছেলেকে পিটিয়ে হত্যা করেছে। এই প্রমাণের পরও তাদের মামলায় আসামি করা হয়নি। এখন শুনছি তাদের আবার চাকরি দেওয়া হইছে। এখন আমি যদি সুবিচার না পাই, তাহলে কার কাছে যাব?’গত বছরের ২৭ জুলাই সকালে কিশোর মিলন জমি রেজিস্ট্রির জন্য ১৪ হাজার টাকা সঙ্গে নিয়ে নানার বাড়ির উদ্দেশে চর ফকিরা গ্রামের নিজ বাড়ি থেকে রওনা হয়। পথে চর কাঁকড়া একাডেমি উচ্চবিদ্যালয়ে খালাতো বোনের সঙ্গে দেখা করার অপেক্ষায় স্কুলের পাশে বেপারীবাড়ির পুকুরঘাটে গিয়ে বসে। ওই সময় স্থানীয় ইউপি সদস্য জামাল উদ্দিন ও নারী ইউপি সদস্য ফেরদৌস আরার স্বামী নিজাম উদ্দিন ওরফে মানিক তাকে কোথা থেকে, কার কাছে, কেন এসেছে জানতে চান। ক্লাস শেষ হলে খালাতো বোনের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছে জানালে তাঁরা মেয়েটিকে ডেকে এনে মিলনের পরিচয় নিশ্চিত হন।চর কাঁকড়া গ্রামের মানুষ ডাকাতের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওই দিন ভোররাতে ইউনিয়নের বিভিন্ন স্থানে ধাওয়া করে ছয়জনকে ধরে ডাকাত সন্দেহে গণপিটুনি দিয়ে হত্যা করেছিল। ইউপি সদস্য জামাল ও নিজাম উদ্দিন উত্তেজিত জনতার রোষানলে পড়ে যেতে পারেন এই আশঙ্কায় মিলনকে টহলরত কোম্পানীগঞ্জ থানার তৎকালীন এসআই আকরাম শেখ ও দুই পুলিশ কনস্টেবলের হেফাজতে দেন। পুলিশ সদস্যরা অপেক্ষাকৃত কম দূরত্বের পথে থানায় না গিয়ে টেকেরহাট বাজার দিয়ে থানার দিকে রওনা হন। কিন্তু টেকেরহাট বাজারে গিয়ে পুলিশের গাড়ি থেমে যায়। সেখানে পুলিশ সদস্যরা কিশোর মিলনকে ‘ডাকাত আখ্যা দিয়ে’ গাড়ি থেকে নামিয়ে দিলে উপস্থিত লোকজন তাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। হত্যার পর পুলিশ মিলনের লাশ গাড়িতে তুলে থানায় নিয়ে যায় এবং ওই দিন ভোররাতে গণপিটুনিতে নিহত ছয় ডাকাতের সঙ্গে একেও ডাকাত হিসেবে সংবাদমাধ্যমের কাছে উপস্থাপন করে।কিন্তু টেকেরহাট বাজারে ‘পুলিশের তত্ত্বাবধানে’ মিলনকে হত্যার পুরো ঘটনা প্রত্যক্ষদর্শীদের অনেকেই মুঠোফোনে ধারণ করেন। সেই ভিডিওচিত্রের সূত্রে বেরিয়ে আসে পুলিশের সহায়তায় ঘটা চরম সেই নিষ্ঠুরতা। গণমাধ্যমে ওই ভিডিওচিত্র ও ছবি প্রকাশিত হলে স্তম্ভিত হয়ে পড়ে মানুষ।ছেলেকে ডাকাত সাজিয়ে পিটিয়ে হত্যার ঘটনাটিও লোকমুখে জানতে পেরে মিলনের মা কহিনুর বেগম ঘটনার আট দিন পর নোয়াখালীর ২ নম্বর আমলি আদালতে হত্যা মামলা করেন। আইন ও সালিশ কেন্দ্রসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন এ বিষয়ে সোচ্চার হলে কর্তব্যে অবহেলার অভিযোগে প্রথমে এসআই আকরাম শেখ ও দুই কনস্টেবল আবদুর রহিম ও হেমারঞ্জন চাকমাকে, পরে ওসি রফিক উল্লাহকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। ওসি রফিক উল্লাহর বিরুদ্ধে দায়ের করা বিভাগীয় মামলা তদন্তের দায়িত্ব পান ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) আবু আহমঞ্চদ আল মামুন। এসআই আকরাম শেখ ও দুই কনস্টেবলের বিরুদ্ধে করা বিভাগীয় মামলা তদন্ত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন।যোগাযোগ করলে ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু আহমঞ্চদ আল মামুন গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ওসি রফিক উল্লাহর মামলাটির তদন্ত এখনো শেষ হয়নি। মাঝামাঝি অবস্থায় আছে। অনেক সাক্ষ্য-প্রমাণ নেওয়ার বিষয় আছে। তাই এ ধরনের মামলার তদন্ত শেষ করতে কিছুটা সময় নিতে হয়।’এসআই আকরাম শেখ ও দুই কনস্টেবলের বিরুদ্ধে হওয়া বিভাগীয় মামলার তদন্তকারী কর্মকর্তা হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন বলেন, ‘তদন্ত শেষ করে গত মাসের মাঝামাঝি পুলিশ সুপারের কাছে প্রতিবেদন দাখিল করেছি। প্রতিবেদনে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার বিষয়টি প্রমাণিত হওয়ায় তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছি।’নিহত মিলনের মায়ের করা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা নোয়াখালী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘মামলাটির তদন্ত শেষ পর্যায়ে। কিছু বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমোদন ছাড়া সিদ্ধান্ত নেওয়া যায় না। তাই অভিযোগপত্র দিতে দেরি হচ্ছে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সে দিন ঘটনাস্থলে উপস্থিত তিন পুলিশ সদস্যের দায়িত্ব পালনে অবহেলার বিষয়টি গ্রেপ্তার হওয়া এক আসামি আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে স্পষ্ট হয়েছে। আর ওই ঘটনায় মুঠোফোনে ধারণ করা ভিডিওচিত্রে ঘটনাস্থলে কর্তব্যরত পুলিশ সদস্যদের গাফিলতির বিষয়টি স্পষ্ট।’বিল্লাল হোসেন আরও বলেন, ‘মিলন হত্যার ঘটনার ভিডিওচিত্রসহ অন্য অনেক তথ্য-প্রমাণই তাঁদের কাছে আছে। তাই এখানে তদন্ত প্রভাবিত করার কোনো সুযোগই নেই।’পুলিশ সুপার হারুন-উর-রশিদ হাযারী বলেন, ডিবির ওসি স্বাধীনভাবে মামলাটি তদন্ত করছেন। কারণ, ঘটনাটির সঙ্গে পুলিশ বাহিনীর ভাবমূর্তির প্রশ্ন জড়িত।নিহত শামছুদ্দিন মিলনের বাবা গিয়াস উদ্দিন সৌদি আরব থেকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সবকিছু দিনের আলোর মতো স্পষ্ট। তার পরও এত দিনে মামলার তদন্ত শেষ করা হচ্ছে না। চার্জশিট দেওয়া হচ্ছে না। সেই পুলিশ সদস্যদের মামলায় আসামি করা হচ্ছে না। উল্টো তাঁদের চাকরিতে বহাল করা হয়েছে। এটা খুবই কষ্টদায়ক।’মিলনের মায়ের করা মামলার আইনজীবী মো. গিয়াস উদ্দিন জানান, পুলিশ পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে একজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে আসামিদের সবাই উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বেরিয়ে গেছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের যে ভিডিওচিত্র রয়েছে, তাতে পুলিশের সংশ্লিষ্টতার বিষয়টি একেবারেই স্পষ্ট। তার পরও তাঁদের স্বপদে বহাল করা মামলার তদন্ত নিয়ে পুলিশ প্রশাসনের ভূমিকাকে প্রশ্নের মুখে ফেলেছে।