তদন্ত শেষ হয়নি, পুলিশ সদস্যরাও বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের উপস্থিতিতে কিশোর শামছুদ্দিন মিলনকে (১৬) পিটিয়ে হত্যার এক বছর আজ। এত দিনেও মিলনের মায়ের করা মামলার তদন্ত শেষ হয়নি। উল্টো অভিযোগ ওঠা পুলিশ সদস্যদের চাকরিতে বহাল করা হয়েছে। এই নিয়ে হতাশ মিলনের পরিবারের সদস্যরা। তারা ছেড়ে দিয়েছে সুষ্ঠু বিচারের আশা।তদন্তের বিষয়ে নোয়াখালীর পুলিশ সুপার হারুন-উর-রশিদ হাযারী প্রথম আলোকে বলেন, ‘মিলন হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শীরা কেউ সরাসরি এসে সাক্ষী দিতে রাজি হচ্ছেন না। তাই মামলার তদন্তও শেষ করা যাচ্ছে না।’তবে মামলার তদন্ত একেবারে শেষ পর্যায়ে বলে জানালেন তদন্ত কর্মকর্তা নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বিল্লাল হোসেন। তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যদেরও আসামি করা হবে কি না, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন পেতে দেরি হওয়ায় অভিযোগপত্র দেওয়া যাচ্ছে না। আশা করছি, শিগগিরই অনুমোদন পাওয়া যাবে।’মিলনের সঙ্গে যা হয়েছিল: গত বছরের ২৭ জুলাই সকালে জমি নিবন্ধনের জন্য ১৪ হাজার টাকা নিয়ে নানার বাড়ির উদ্দেশে কোম্পানীগঞ্জের চর ফকিরা গ্রামের বাড়ি থেকে বের হয় কিশোর মিলন। পথে চর কাঁকড়া একাডেমি উচ্চবিদ্যালয়ে খালাতো বোন চুমকির সঙ্গে দেখা করতে পাশের বেপারী বাড়ির পুকুরঘাটে বসেছিল। ওই সময় চর কাঁকড়ার ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জামাল উদ্দিন ও নারী ইউপি সদস্য ফেরদৌস আরার স্বামী নিজাম উদ্দিন মিলনকে দেখে বিভিন্ন প্রশ্ন শুরু করেন। পরে তাঁরা চুমকিকে বিদ্যালয় থেকে ডেকে এনে মিলনের পরিচয় নিশ্চিত হন।এদিকে ওই দিন ভোরে ইউনিয়নের বিভিন্ন স্থানে ছয় ডাকাতকে পিটিয়ে হত্যা করে চর কাঁকড়ার বাসিন্দারা। জামাল উদ্দিন ও নিজাম উদ্দিন কোম্পানীগঞ্জ থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) আকরাম শেখ এবং দুই পুলিশ কনস্টেবলের হেফাজতে মিলনকে তুলে দেন। সকাল সাড়ে ১০টার দিকে টেকেরহাট বাজারে থেমে যায় পুলিশের গাড়ি। পুলিশ মিলনকে ডাকাত উল্লেখ করে জনতার হাতে ছেড়ে দেয়। পুলিশের উপস্থিতিতেই লোকজন মিলনকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। এরপর মিলনের লাশ গাড়িতে তুলে থানায় নিয়ে যায় পুলিশ। ভোরে গণপিটুনিতে নিহত অপর ছয় ডাকাতের সঙ্গে মিলনকেও ডাকাত হিসেবে সাংবাদিকদের সামনে উপস্থাপন করে।ঘটনার আট দিন পর নোয়াখালীর ২ নম্বর আমলি আদালতে হত্যা মামলা করেন মিলনের মা কোহিনুর বেগম। কয়েক দিন পর স্থানীয় লোকজনের মুঠোফোনের ভিডিওচিত্রে পুলিশের উপস্থিতিতে মিলনকে নৃশংসভাবে পিটিয়ে হত্যার প্রতিবেদন টেলিভিশনে প্রচারিত হলে সারা দেশে সমালোচনার ঝড় ওঠে। টনক নড়ে পুলিশ প্রশাসনের।পুলিশের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা: জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, কিশোর মিলনকে পিটিয়ে হত্যার ঘটনায় কোম্পানীগঞ্জ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ, এসআই মো. আকরাম শেখ; দুই কনস্টেবল আবদুর রহিম ও হেমারঞ্জন চাকমাকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর তাঁদের বিরুদ্ধে পৃথক বিভাগীয় মামলা করা হয়। এর মধ্যে ওসি রফিকের বিরুদ্ধে করা মামলাটি তদন্তের দায়িত্ব পান ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবু আহম্মদ আল মামুন। এসআই আকরাম ও দুই কনস্টেবলের বিরুদ্ধে করা মামলাটি তদন্ত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন।সূত্র জানায়, হাতিয়া থানার ওসির তদন্ত প্রতিবেদনে এসআই আকরাম হোসেন ও দুই কনস্টেবলকে দায়িত্বে অবহেলার অভিযোগে অভিযুক্ত করে শাস্তির সুপারিশ করা হয়েছে। কিন্তু ওসি রফিকের বিরুদ্ধে তদন্ত এখনো শেষ হয়নি। পুলিশ কর্মকর্তারা বহাল: খোঁজ নিয়ে জানা গেছে, মিলন হত্যার ঘটনায় যেই পুলিশ সদস্যের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ সেই এসআই আকরাম শেখ বর্তমানে চাকরি করছেন জেলার সেনবাগ থানায়। ওসি রফিক উল্লাহ বর্তমানে রাঙামাটি সদর থানার পরিদর্শক (তদন্ত)। দুই কনস্টেবল আবদুর রহিম চৌমুহনী পুলিশ ফাঁড়ি ও হেমারঞ্জন চাকমা চাটখিল থানায় কর্মরত।হতাশ মিলনের মা কোহিনুর বেগম। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, ‘মিলনকে ডাকাত সাজিয়ে জনতার হাতে তুলে দিয়ে, নিজেরা উপস্থিত থেকে পিটিয়ে হত্যা করিয়েও পুলিশ সদস্যরা আজ নিরপরাধ হয়ে চাকরি করছেন।’ মিলনের মা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আগে জানতাম যিনি অপরাধ করেন, আর যাঁরা সহায়তা করেন তাঁরাও সমান অপরাধী। কিন্তু এই দেশে অপরাধীরাই যে নিরপরাধ হয়, তা পুলিশ সদস্যদের চাকরিতে বহালের মধ্য দিয়েই প্রমাণ হয়েছে।’মিলনের চাচা জসিম উদ্দিন বলেন, ‘মিলন হত্যার ঘটনার জন্য যে পুলিশ সদস্যরা দায়ী বলে সবার কাছে স্বীকৃত, তাঁরাই যখন স্বপদে বহাল তখন এ মামলার আর কী হবে। ডিবি পুলিশ মামলার অভিযোগপত্র ‘‘দেব, দেব’’ বলে টালবাহানা করছে। এসবই হচ্ছে পুলিশকে বাঁচানোর জন্য।’মিলন হত্যা মামলায় পাঁচ আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের মধ্যে একজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তবে, আসামিদের সবাই উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন। জানালেন মিলনের মায়ের মামলার আইনজীবী মো. গিয়াস উদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, ‘মিলন হত্যাকাণ্ডের যে ভিডিওচিত্র রয়েছে, তাতে পুলিশের সহায়তায় কীভাবে মিলনকে হত্যা করা হয়েছে তা একেবারেই স্পষ্ট। এর পরও দোষী পুলিশ সদস্যদের ওই মামলায় আসামি করতে এবং মামলার অভিযোগপত্র দিতে বিলম্ব করা পুলিশের আন্তরিকতাকে দিনদিন প্রশ্নবিদ্ধ করছে।’এসব বিষয়ে পুলিশ সুপার বলেন, ‘পুলিশ তো মিলনকে হত্যা করেনি। এমনকি মিলনের গায়ে একটু টোকাও দেয়নি। তাকে মেরেছে এলাকার মানুষ। এ ক্ষেত্রে পুলিশ দায়িত্ব পালনে অবহেলার দায়ে শাস্তিও ভোগ করেছে। তবে অভিযুক্ত পুলিশ সদস্যদের মিলন হত্যা মামলায় আসামি করা হবে কি না, সেটি তদন্তকারী কর্মকর্তার এখতিয়ার। সে বিষয়ে তিনি স্বাধীন।’