তদন্ত শেষ হয়নি তিন মাসেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রীর যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্ত গত তিন মাসেও সম্পন্ন করতে পারেনি জেলা শিক্ষা কর্মকর্তার সমন্বয়ে গঠিত দল।সাময়িকভাবে বরখাস্ত হওয়া শিক্ষক মঈন উদ্দিন খানের বিপরীতে সাধারণবিজ্ঞান ও গণিত বিষয়ে স্থায়ী বা অস্থায়ী শিক্ষক নিয়োগ না করায় হবিগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের এক হাজার ২০০ ছাত্রীর শিক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। এদিকে তদন্ত প্রক্রিয়াধীন থাকায় এ সংকট নিরসনে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না স্কুল পরিচালনা কমিটি।অভিযুক্ত শিক্ষক মঈনকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে ছাত্রীরা ঈদের পর আবারও রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।হবিগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৭ এপ্রিল হবিগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রী শিক্ষক মঈন উদ্দিন খানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দেন স্কুলের প্রধান শিক্ষিকা শামিম আক্তার চৌধুরী এবং তৎকালীন ম্যানেজিং কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. নূরুন্নবীর কাছে। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা কাজীকে তদন্তের নির্দেশ দেন।তদন্তের জন্য কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। ফলে ১০ এপ্রিল বিক্ষুব্ধ ছাত্রীরা শিক্ষক মঈনকে স্কুল থেকে বহিষ্কার ও গ্রেপ্তারের দাবিতে মিছিল বের করে। ওই দিন দুপুরে অভিযুক্ত শিক্ষক মঈনের পক্ষ নিয়ে বহিরাগত কিছু লোক স্কুলে গিয়ে প্রধান শিক্ষিকাকে হুমকি প্রদর্শন, দুজন শিক্ষক ও একজন অভিভাবককে মারধর করে। এ ঘটনায় প্রথম আলোয় পরপর চার দিন সংবাদ প্রকাশিত হলে সরকারের উচ্চপর্যায় থেকে প্রশাসনের কাছে এর কারণ জানতে চাওয়া হয়।এমতাবস্থায় পরিস্থিতি শান্ত করতে হবিগঞ্জ জেলা সদরের সাংসদ আবু জাহির হস্তক্ষেপ করেন। গত ১১ এপ্রিল সাংসদ আবু জাহিরের বাসভবনে এক বৈঠকে তিনি শিক্ষক সমিতি, সাংবাদিক ও ব্যবসায়ী মহল থেকে নিরপেক্ষভাবে তদন্ত করার জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করেন। তদন্তকারী দল ওই দিন দুপুরে অভিযোগকারী ছাত্রীর বাসায় যায়। তারা ছাত্রীর বক্তব্য শুনে। ছাত্রী জানায় যে শিক্ষক মঈন স্কুলে প্রাইভেট পড়ানোর নামে তাকে যৌন হয়রানি করেছেন। তদন্ত কমিটির সদস্যরা ছাত্রীর বিস্তারিত অভিযোগ সাংসদ এবং বৈঠকে থাকা অন্যদের সামনে উপস্থাপন করেন। এ সময় শিক্ষক মঈন উপস্থিত ছিলেন।একই দিন বিকেলে স্কুলের বিক্ষুব্ধ ছাত্রীরা সাংসদের বাসভবন এসে শিক্ষক মঈনের বিরুদ্ধে বিভিন্ন অনৈতিক কার্যকলাপ তুলে ধরে। সাংসদ আবু জাহির ছাত্রীদের বক্তব্য ধৈর্য সহকারে শুনেন। তিনি ছাত্রীদের দাবি এবং তদন্ত কমিটির রিপোর্ট পেয়ে শিক্ষক মঈনকে ১৫ দিন স্কুলে না যাওয়ার নির্দেশ দেন। কিন্তু ছাত্রীরা ওই শিক্ষককে স্কুল থেকে বহিষ্কারের দাবিতে অনড় থাকে।এর দুই দিন পর ১৩ এপ্রিল তৎকালীন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. নূরুন্নবী নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা কাজীর তদন্তের রিপোর্ট পেয়ে শিক্ষক মঈনকে সাময়িকভাবে বরখাস্ত করেন। ওই তদন্তে অভিযোগকারী ছাত্রী, অভিযুক্ত শিক্ষকসহ নয়জনের বক্তব্য গ্রহণ করেন ম্যাজিস্ট্রেট সেলিনা কাজী।স্কুলের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সিলেট শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ ওই কমিটি ভেঙে দিয়ে সাংসদ আবু জাহিরকে সভাপতি করে চার সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে। এদিকে জেলা প্রশাসন শিক্ষক মঈন উদ্দিনের বিরুদ্ধে পুনরায় তদন্ত করতে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের কমিটিকে দায়িত্ব দেয়। অপর দুই সদস্য হচ্ছেন জেকে অ্যান্ড এইচকে উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমান এবং হবিগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম। ওই কমিটি রহস্যজনকভাবে গত তিন মাসেও তদন্ত শুরু করতে পারেনি বলে অভিযোগ রয়েছে স্কুলের শিক্ষার্থীদের। এদিকে বর্তমান অ্যাডহক কমিটি শিক্ষক মঈন উদ্দিনকে স্থায়ীভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত যেমন নিতে পারছে না, অন্যদিকে শিক্ষকের অভাবে সাধারণবিজ্ঞান ও গণিত ক্লাস থেকে বঞ্চিত হচ্ছে স্কুলের এক হাজার ২০০ জন ছাত্রী।হবিগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রী রুমা আক্তার ও আয়েশা খানম বলে, ‘অভিযুক্ত শিক্ষকের স্থলে নতুন কোনো শিক্ষক না দেওয়ায় আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি।’জেলা শিক্ষা কর্মকর্তা ও তদন্তকারী কমিটির প্রধান রফিকুল ইসলাম জানান, তাঁদের তদন্তকাজ চলছে। আশা করা যায়, কিছু দিনের মধ্যে তাঁরা রিপোর্ট জমা দেবেন প্রশাসনের কাছে।