ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
তদন্ত শেষের আগেই নিয়োগপত্র প্রদান তাও কর্মকর্তার বাসা থেকে!
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ডিএমসিএইচ) নিয়োগ-প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগের তদন্ত শেষ হওয়ার আগেই নিয়োগপত্র দেওয়া শুরু করেছে কর্তৃপক্ষ। নিয়োগপত্র দেওয়ায় আরও বড় ধরনের অনিয়মের আশ্রয় নেওয়া হয়েছে। অবসর প্রস্তুতিকালীন ছুটিতে (এলপিআর) থাকা এক কর্মকর্তার বাসায় প্রার্থীদের ডেকে এই নিয়োগপত্র দেওয়া হয়। ওই কর্মকর্তার নাম মো. ফয়জুল্লাহ্।গতকাল সোমবার সকাল থেকে নির্বাচিত কিছুসংখ্যক প্রার্থী মো. ফয়জুল্লাহ্র বেগুনবাড়ীর বাসা থেকে নিয়োগপত্র নিয়ে আসেন। ফয়জুল্লাহ্ নিয়োগ কমিটির সদস্যসচিব। হাসপাতাল সূত্র জানায়, গত বৃহস্পতিবার অবসরকালীন প্রস্তুতিমূলক ছুটিতে গেছেন তিনি। এর আগে ৯ ডিসেম্বর তাঁকে তাত্ক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করা হলেও তিনি তা অগ্রাহ্য করে হাসপাতালের ভারপ্রাপ্ত উপপরিচালক হিসেবে দাপ্তরিক দায়িত্ব পালন করেন।গতকাল সরেজমিনে দেখা যায়, তেজগাঁও শিল্প এলাকার বেগুনবাড়ী পোস্ট অফিসের ঢালে প্রত্যাশা নামের একটি বহুতল ভবনের দোতলায় থাকেন ফয়জুল্লাহ্। দুপুর ১২টার আগ পর্যন্ত তাঁর এই বাসা থেকে নিয়োগপত্র বিতরণ করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, তাঁরা কুক (বাবুর্চি)/মশালচি পদে নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এ জন্য তাঁরা অর্থও ব্যয় করেছেন। হাতে হাতে ওই নিয়োগপত্র নিতে তাঁরা সেখানে গেছেন। তাঁরা জানান, নিয়োগপত্র নেওয়ার সময় ফয়জুল্লাহ্ ছাড়াও ঢাকা মেডিকেলের পরিচালকের দপ্তরের কর্মকর্তাসহ একাধিক কর্মচারী উপস্থিত ছিলেন। এর বেশি কিছু বলতে তাঁরা অপারগতা জানান। ওই বাড়ির দারোয়ান বলেন, সকাল থেকে নিয়োগপত্র বিতরণ শুরু হয়।এ ব্যাপারে চেষ্টা করেও ফয়জুল্লাহ্র সঙ্গে কথা বলা যায়নি।হাসপাতালের পরিচালক বজলে কাদেরের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। বাসায় ফোন করা হলে জানানো হয়, তিনি বাইরে আছেন।স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক শাহ মনির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, নিয়োগপ্রক্রিয়া নিয়ে ওঠা অনিয়মের তদন্ত এখনো শেষ হয়নি। নিয়োগপত্র দেওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।গতকালই সাতজন কর্মী নিয়োগপত্র নিয়ে কাজে যোগ দিয়েছেন বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে। তাঁদের মধ্যে মাসুদ রানা পরিচ্ছন্নতাকর্মী (সুইপার), ছেন্টু মাঝি ও কাবুল হোসেন কুক/মশালচি হিসেবে কাজ শুরু করেছেন।গতকাল রাতে যোগাযোগ করা হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত উপপরিচালক জসিমউদ্দিন বলেন, নিয়োগপত্র দেওয়া শুরু হয়েছে। নিয়োগপ্রাপ্ত ব্যক্তিরা হাসপাতালে গতকাল যোগ দিয়েছেন। রোববার পরিচালক পাঁচটি নিয়োগপত্র তাঁকে ডাকে পাঠানোর নির্দেশ দেন।এক প্রশ্নের জবাবে জসিমউদ্দিন বলেন, নিয়োগপত্র তৈরি হাসপাতালের কার্যালয়ে হওয়ার নিয়ম। কারণ, এখান থেকে নিয়োগপত্রে স্মারক নম্বর লিখতে হয়। এই নিয়োগ কোনো কর্মকর্তার বাড়িতে হওয়ার বিধান নেই। জনাব ফয়জুল্লাহ্র বাড়িতে নিয়োগপত্র বিতরণ হয়েছে এমন কথা তিনি শোনেননি বলে জানান।