তদন্ত সংস্থা নির্দেশ দিলে যুদ্ধাপরাধীদের গ্রেপ্তার করা হবে: আইজিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ (আইজিপি) বলেন, যুদ্ধাপরাধীরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। সিলেটের সীমান্ত এলাকাসহ দেশের সব স্থল ও বিমানবন্দরে শীর্ষস্থানীয় যুদ্ধাপরাধীদের তালিকা দেওয়া হয়েছে। তদন্ত সংস্থার নির্দেশনা পেলে যুদ্ধাপরাধীদের গ্রেপ্তার করা হবে। আজ শনিবার দুপুরে সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নূর মোহাম্মদ এসব কথা বলেন।মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে পুলিশের আইজিপি বিশেষ সভায় মিলিত হন। ওই সভার পরপরই তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।নূর মোহাম্মদ বলেন, অপরাধী গ্রেপ্তারে পুলিশের জনবল, বাহন ও আধুনিক প্রযুক্তির অভাব রয়েছে। এসব সমস্যার কারণে দ্রুততম সময়ে অপরাধী শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। তবে এ সমস্যা অচিরেই সমাধান হবে। বর্তমান সরকার পুলিশে ৩২ হাজার জনবল নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে পুলিশের ১৩ হাজার সদস্যকে নিয়োগ দিয়ে প্রশিক্ষণে পাঠানো হয়েছে। এ নিয়োগ প্রক্রিয়া শেষ হলে জনবল সমস্যা আর থাকবে না।সাংবাদিকদের উদ্দেশে আইজিপি বলেন, ‘এই দেশে অহর্নিশ কাজ করে একমাত্র পুলিশই। এ জন্য ভুল-ত্রুটি হতেই পারে। মিডিয়া সতর্ক থাকায় আজকাল খারাপ কিছু করে পুলিশ কেন, কেউই পার পেতে পারে না। পুলিশ কাজ করে আইন প্রয়োগের মাধ্যমে আর সাংবাদিকেরা কাজ করেন পেশাগত দায়িত্ববোধ থেকে। তবে সাংবাদিকদের কাজ আর পুলিশের কাজ একই বলে আমি মনে করি।’সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্যান্য এলাকার চেয়ে তুলনামূলক ভালো রয়েছে জানিয়ে উপস্থিত সাংবাদিকদের মতামত জানতে চান। এ সময় সাংবাদিকেরা গত ২১ মার্চ সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষক খুনসহ সম্প্রতি সিলেট নগরে সাংবাদিক, জালালাবাদ গ্যাসের সিবিএর নেতা ও সর্বশেষ সিলেট এমসি কলেজের শিক্ষার্থী খুনের ঘটনা তুলে ধরে খুনিদের গ্রেপ্তারে পুলিশের গাফিলতির বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি গত ৬ মে সিলেট নগরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একপক্ষের প্রকাশ্যে অস্ত্রের মহড়ার পরও কোনো অস্ত্রধারী গ্রেপ্তার না হওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের বিষয়টি সাংবাদিকেরা তুলে ধরেন।আইজিপি এ ব্যাপারে সভায় উপস্থিত মহানগর পুলিশ কমিশনার ও জেলা পুলিশ সুপারকে পুলিশের ভূমিকার ব্যাখ্যা দিতে বলেন। এরপর তিনি বলেন, প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনকারীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হওয়ায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সাময়িক বরখাস্ত করা হয়েছে।