মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধীদের বিচারে গঠিত তদন্ত সংস্থার পুনর্গঠন করেছে সরকার। রাষ্ট্রপতির নির্দেশে আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সংস্থায় আরও তিন সদস্যকে যুক্ত করা হয়েছে। নতুন তিন সদস্য হলেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান (পুলিশ সুপারের দায়িত্বে, পুলিশ স্টাফ কলেজ, মিরপুর ঢাকা), মো. হেলালউদ্দিন সহকারী পুলিশ সুপার সিআইডি, ঢাকা ও মো. ওবায়েদউল্লাহ, পরিদর্শক, সিআইডি।আগের পাঁচ সদস্য হলেন পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক আবদুর রহিম, সাবেক উপমহাপরিদর্শক কুতুবুর রহমান, মেজর (অব.) এ এস এম সামসুল আরেফিন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার (স্পেশাল ব্রাঞ্চ) নুরুল ইসলাম এবং সিআইডি পরিদর্শক আবদুর রাজ্জাক খান।প্রজ্ঞাপনে বলা হয়, এই আইনের অধীনে পরিচালিত বিচারকাজ চলাকালে তদন্তকারী সংস্থার কর্মকর্তাদের প্রসিকিউশনকে সহায়তা করার অধিকার থাকবে।তদন্তকারী সংস্থার যেসব সদস্য বর্তমানে প্রজাতন্ত্রের কাজে নিয়োজিত তারা প্রেষণে নিয়োজিত আছে বলে ধরা হবে।আর যারা নিয়োজিত নেই তারা যে পদ থেকে অবসর স নিয়েছেন তারা ওই পদে বর্তমানে ২০০৯-এর জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা পাবেন।