মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পুনর্গঠন করেছে সরকার। সংস্থায় জ্যেষ্ঠ তদন্তকারী কর্মকর্তা হিসেবে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) সানাউল হক ও সাবেক অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল হান্নানকে নিয়োগ দেওয়া হয়েছে।আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে বিভিন্ন অভিযোগ ওঠায় ও স্বরাষ্ট্রমন্ত্রীর আপত্তির কারণে সংস্থার সদস্য ও সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সিআইডি) খসরুল হককে বাদ দেওয়া হয়েছে।রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদার প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।মানবতারিরোধী অপরাধের বিচারে স্বচ্ছতা ও গতি আনতে তদন্ত সংস্থা পুনর্গঠন করা হলো।জানা গেছে, গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তদন্ত সংস্থার পুনর্গঠন-সংক্রান্ত একটি সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুমোদনের জন্য পাঠানো হয়। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী এ প্রস্তাবে সই করেছেন।মন্ত্রণালয় সূত্র জানায়, তদন্ত সংস্থা পুনর্গঠনের পর তদন্ত কর্মকর্তার সংখ্যা ২০ জনে উন্নীত হলো। এর আগে সংস্থায় ১৯ জন সদস্য ছিলেন। একজন বাদ ও দুজন যুক্ত হওয়ায় তদন্ত সংস্থার কাজে গতি আসবে—এমন দাবি করছেন সংশ্লিষ্টরা।জানা গেছে, গত বছরের জুলাই মাসে খসরুল হককে নিয়োগ দেওয়ার পর থেকে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসতে থাকে। তবে গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এই কর্মকর্তা সম্পর্কে ইতিবাচক মন্তব্য করা হয়েছিল। জানা গেছে, প্রধানমন্ত্রীর কাছে পাঠানো প্রস্তাবে স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে উল্লেখ করা হয়েছে, খসরুল হককে বাদ দেওয়া যেতে পারে। এর আগে সংস্থার আরেক তদন্তকারী কর্মকর্তা আবদুল মতীন শিক্ষাজীবনে ইসলামী ছাত্র সংঘের কর্মী ছিলেন বলে অভিযোগ আনা হয়। গত বছরের ৫ মে তিনি পদত্যাগ করেন।প্রস্তাবে হান্নান খান ও সানাউল হকের নিয়োগ প্রসঙ্গে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর সংস্থাপনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম এই দুই কর্মকর্তাকে নিয়োগের জন্য সুপারিশ করেছেন।গত ২৫ মার্চ সাতজন সদস্য নিয়ে তদন্ত সংস্থাটি গঠন করা হয়। পর্যায়ক্রমে সংস্থায় ১৯ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। সদস্যদের মধ্যে সামসুল আরেফিন কাজে যোগ দেননি। মীর শহিদুল ইসলাম যোগদানের পরের দিন চলে যাওয়ার পর আর অফিসে আসেননি। নুরুল ইসলাম এএসপি পদে পদোন্নতি পেয়ে বদলি আদেশ পেয়েছেন।