মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের তদন্তে গঠিত সংস্থার কর্মকর্তাদের বেতন-ভাতা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এখনো নিশ্চিত হয়নি। বরাদ্দ হয়নি প্রয়োজনীয় টাকাও। নেই যানবাহন ও নথি বা তথ্য-প্রমাণ সংরক্ষণের ভালো ব্যবস্থা। ফলে তদন্ত সংস্থার কাজ এগোচ্ছে না। এদিকে আইনজীবী প্যানেল নির্বাচন নিয়েও চলছে টানাপোড়েন।এদিকে অর্থ মন্ত্রণালয় থেকে তদন্ত সংস্থা, আইনজীবী প্যানেল ও ট্রাইব্যুনাল পরিচালনায় ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হলেও তা খরচ করতে পারছে না কোনো মন্ত্রণালয়।জানা গেছে, আইনজীবী প্যানেল ও ট্রাইব্যুনালের জন্য খরচ করার দায়িত্ব আইন মন্ত্রণালয়ের। আর তদন্ত সংস্থার জন্য প্রয়োজনীয় ব্যয় মঞ্জুরির দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। কিন্তু যাবতীয় টাকা আইন মন্ত্রণালয়ের অধীনে মঞ্জুর করেছে অর্থ মন্ত্রণালয়। ফলে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য প্রথম কাজ যাঁদের করার কথা, তাঁদের কোনো টাকা দেওয়া যাচ্ছে না।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, অর্থ মন্ত্রণালয়ের দেওয়া টাকা বিভাজন করে তদন্ত সংস্থার জন্য প্রয়োজনীয় বরাদ্দ দিলেই সমস্যার সমাধান করা যায়। বিষয়টি আইন মন্ত্রণালয়ের নজরে আনা হলেও গতকাল রোববার পর্যন্ত এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।এ বিষয়ে জানতে চাইলে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, নতুন একটি বিষয়ে হাত দেওয়া হয়েছে। গুছিয়ে নিতেও তো কিছু সময় প্রয়োজন। শিগগির সব সমস্যার সমাধান হবে বলে আশা করেন তিনি।জানা যায়, এখন পর্যন্ত তদন্তকারী সংস্থার প্রধান আবদুল মতীনের জন্য একটি গাড়ির ব্যবস্থা ও একজন গানম্যান নিয়োগ দেওয়া ছাড়া কমিটির অপর কোনো সদস্যের বা সদস্যদের জন্য একক গাড়ি বা যাতায়াতের ব্যবস্থা করা যায়নি। কার্যালয়ে নথি বা তথ্য-প্রমাণ সংরক্ষণের জন্য নেই ভালো কোনো সুযোগ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব আপ্যায়ন তহবিল থেকে কিছু কাপ-পিরিচ এবং চা-নাশতার জন্য কিছু টাকা দেওয়া হয়েছে।তদন্তকারী সংস্থা সূত্রে জানা যায়, স্ব-উদ্যোগে কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তি মানবতাবিরোধী অপরাধী সম্পর্কে কিছু তথ্য-প্রমাণ দিলেও যাতায়াতের অসুবিধার জন্য তা যাচাই-বাছাই করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারছেন না তাঁরা। বাসা আর কার্যালয়ের মধ্যেই তাঁদের যাতায়াত সীমাবদ্ধ হয়ে পড়েছে। জানা যায়, মন্ত্রী-প্রতিমন্ত্রীর ভিন্নমতের কারণে এখন পর্যন্ত চূড়ান্ত করা যায়নি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনজীবী প্যানেল। সরকার গঠনের পরপরই একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী যুদ্ধাপরাধের বিচার যেকোনো সময় শুরু হবে বলে জানান দিলেও দেড় বছরের মাথায় গত ২৫ মার্চ তদন্তকারী সংস্থা, আইনজীবী প্যানেল ও ট্রাইব্যুনালের নাম ঘোষণা করা হয়। এর আগে অবশ্য আবদুল গণি সড়কের প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালে বিচারিক আদালত করার প্রস্তুতি নেওয়া হয়। শেষমেশ বিভিন্ন মহলের আপত্তির মুখে পুরোনো হাইকোর্ট ভবনে এ আদালত স্থাপন করা হয়।গত ২৫ মার্চ ঘোষিত ১২ সদস্যের আইনজীবী প্যানেলে প্রথমে দুজন সরকারদলীয় সাংসদকে রাখা হয়। পরে প্যানেল সংশোধন করে দুই সাংসদকে বাদ দেওয়া হয়। আইন মন্ত্রণালয় গত এক মাসে পাঁচজন আইনজীবীকে নিয়োগ দিয়েছে। যদিও তাঁদের সবাইকে নিয়োগ দেওয়ার কথা ছিল ২৫ মার্চ।এ ব্যাপারে জানতে চাইলে আইনজীবী প্যানেলের প্রধান গোলাম আরিফ প্রথম আলোকে বলেন, দেশের বিভিন্ন জায়গা থেকে আইনজীবীদের মতামত নিয়ে নিয়োগ দেওয়ার চেষ্টা করায় কিছুটা দেরি হচ্ছে। তদন্তকারী সংস্থা: সাবেক জেলা জজ ও আইন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব আবদুল মতীনের সমন্বয়ে সাত সদস্যের তদন্তকারী সংস্থা নিয়োগ দেওয়া হয়েছে। সংস্থার অন্য সদস্যরা হলেন—পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক আবদুর রহিম, পুলিশের সাবেক উপমহাপরিদর্শক কুতুবুর রহমান, মেজর (অব.) এ এস এম সামসুল আরেফিন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত উপমহাপরিদর্শক মীর শহীদুল ইসলাম, একই বিভাগের পরিদর্শক নুরুল ইসলাম ও আবদুর রাজ্জাক খান।ট্রাইব্যুনাল: সুপ্রিম কোর্টের বিচারপতি মো. নিজামুল হককে চেয়ারম্যান করে তিন সদস্যের ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। অপর দুই সদস্য হলেন বিচারপতি এ টি এম ফজলে কবীর ও অবসরপ্রাপ্ত জেলা জজ এ কে এম জহির আহমেদ।আইনজীবী প্যানেল: প্যানেলের প্রধান গোলাম আরিফ, সৈয়দ রেজাউর রহমান, জিয়াদ আল মালুম, মোখলেসুর রহমান ও আবদুর রহমান হাওলাদার—এ পাঁচজনকে এখন পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে।প্রসঙ্গত, বিচারের জন্য ১৯৭২ সালে দালাল আইনে সারা দেশে ৬২টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। সে সময় ১১ হাজার অপরাধীকে চিহ্নিত করে বিচারের কাজ শুরু হয়। এর মধ্যে ৭৫২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। পূর্ব পাকিস্তানের গভর্নর আবদুল মালেককে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছিলেন ট্রাইব্যুনাল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর ট্রাইব্যুনাল বিলুপ্ত করে আটক অপরাধীদের ছেড়ে দেওয়া হয়।আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন অনুযায়ী যুদ্ধকালীন অপরাধীদের বিচার করার দায়িত্ব শুধু সরকারের। এমনকি এ আইনে দায়ের হওয়া মামলার অনুসন্ধানের জন্য পৃথক তদন্ত ইউনিট গঠনের ক্ষমতাও দেওয়া হয়েছে সরকারকে। গত ৩৭ বছর ধরে দেশে এ আইন বলবত্ থাকলেও এর আওতায় আজ পর্যন্ত সরকার কোনো মামলা দায়ের করেনি।