অর্থ ও কারিগরি সহযোগিতার অভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাজে স্থবিরতা দেখা দিয়েছে। তদন্ত সংস্থার জন্য বরাদ্দ চার কোটি টাকা খরচ করতে না পারায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফেরত যাচ্ছে।তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, কোনো সাংগঠনিক কাঠামো ছাড়াই তদন্ত সংস্থা গঠন করা হয়েছে। ফলে, প্রয়োজনীয় লোকবল, আবাসন, কারিগরি এবং অন্যান্য সহযোগিতাও পাচ্ছেন না সংস্থার সদস্যরা। তদন্ত সংস্থার অর্থ নিজ সংস্থায় বরাদ্দ ও ব্যয়ের ব্যবস্থা না থাকায় তাঁরা প্রয়োজন অনুযায়ী খরচ করতে পারছেন না। অন্যদিকে সংস্থার সদস্যদের বিশেষ ভাতা দেওয়ার প্রস্তাবে মন্ত্রণালয় মৌখিক যে অনুমোদন দিয়েছিল, তা আজ পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি।এসব বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও তদন্ত সংস্থার সমন্বয়ক ইকবাল খান চৌধুরী প্রথম আলোকে বলেন, তদন্ত সংস্থা মন্ত্রণালয়ের কাছে যা চেয়েছে, তা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। টাকা ফেরত যাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘টাকা থাকলেই যে খরচ করতে হবে, তা ঠিক নয়। যেহেতু তদন্ত সংস্থার জন্য দেওয়া বরাদ্দ খরচ করা সম্ভব হয়নি, সেহেতু নিয়মমাফিক এ টাকা ফেরত যাবে, এটাই স্বাভাবিক।’বেশ ঢাকঢোল পিটিয়ে গত বছরের ২৫ মার্চ ট্রাইব্যুনাল গঠন করে মানবতাবিরোধী অপরাধীদের আনুষ্ঠানিক বিচার-প্রক্রিয়া শুরু করে সরকার। ওই দিন সাত সদস্য নিয়ে তদন্ত সংস্থা গঠিত হয়। পর্যায়ক্রমে ২০ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হলেও সদস্যদের মধ্যে তিনজন এখন পর্যন্ত কাজে যোগ দেননি। একজন কর্মকর্তাকে তদন্ত সংস্থা থেকে বাদ দেওয়া হয়েছে। চারটি শূন্য পদে কোনো নিয়োগ দিতে পারেনি সরকার।ট্রাইব্যুনালের কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির বলেন, ‘আমরা প্রথম থেকেই বলে আসছি, তদন্ত কমিটির জন্য অর্থ মন্ত্রণালয় থেকে যে বরাদ্দ দেওয়া হয়েছে, তা ব্যয় করার ক্ষমতা তাদের দেওয়া হোক। প্রয়োজনে প্রতিবছর এ টাকার নিরীক্ষা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু তারা আমাদের কথা শোনেনি। ফলে, ট্রাইব্যুনালের কাজ এগোচ্ছে না।’ তিনি আরও বলেন, এমনিতেই তদন্ত সংস্থার জন্য মাত্র পাঁচ কোটি টাকা বরাদ্দ অপ্রতুল, এর মধ্যে এ টাকা প্রয়োজনীয় কাজে ব্যবহার না করে ফেরত পাঠানোর বিষয়টি অত্যন্ত দুঃখজনক।তদন্ত সংস্থার ভারপ্রাপ্ত সমন্বয়ক সানাউল হক প্রথম আলোকে বলেন, ‘তদন্ত সংস্থায় শ্লথগতি আছে। আমরা চেয়েছি দ্রুত কাজ করতে। কিন্তু মন্ত্রণালয় তাল মেলাতে পারছে না বলেই এ ধীরগতি।’ তিনি আরও বলেন, সংস্থার জন্য পাঁচ কোটি টাকার বাজেট বরাদ্দ দেওয়ার পর তা রয়েছে মন্ত্রণালয়ের কাছেই। ওই টাকা ব্যয়ে সংস্থার কোনো এখতিয়ার নেই। বাজেটের মাত্র এক কোটি টাকা ব্যয় হয়েছে। বাকি টাকা খরচ হয়নি, ফেরত যাবে।সানাউল হক আরও বলেন, তদন্ত সংস্থার কর্মকর্তাদের বিশেষ ভাতা দেওয়ার কথা ছিল, তা-ও দেওয়া হচ্ছে না। লোকবল ও কারিগরি সহায়তা চেয়ে প্রায় প্রতি দিনই মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হচ্ছে, কিন্তু সাড়া নেই।তদন্ত সংস্থা কী চায়: মানবতাবিরোধী অপরাধ প্রমাণের জন্য প্রচুর বই ও প্রকাশনা, নিবিড়ভাবে পড়াশোনা ও পর্যালোচনার জন্য প্রধান গবেষক, কম্পিউটার, প্রতিবেদন এবং দেশি-বিদেশি বই চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। একই সঙ্গে একটি গবেষণাকেন্দ্র গঠনের প্রস্তাব করা হয়েছে। গাড়িচালক, পুলিশ ইন্সপেক্টর এবং ভ্রমণকালে জেলার পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সার্বিক সহায়তা এবং ঝুঁকি-ভাতাসহ আরও কিছু বিষয় আছে চাওয়ার তালিকায়।বিশেষ ভাতা: তদন্ত সংস্থার সব কর্মকর্তা-কর্মচারীর ঝুঁকিপূর্ণ কাজে উৎসাহ দিতে মূল বেতনের ১২৫ শতাংশ বিশেষ ভাতা দেওয়ার কথা ছিল। এ বিষয়ে তদন্ত সংস্থা থেকে সাত দফায় অনুরোধপত্র পাঠানো হলেও কোনো মতামত পাওয়া যায়নি। তদন্ত সংস্থার একজন কর্মকর্তা বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যাঁদের এখানে নিয়োগ দেওয়া হয়েছে, তাঁরা ঝুঁকি নিয়ে যে কাজ করছেন, এর জন্য বিশেষ ভাতা প্রদানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।হয়নি সাক্ষী সুরক্ষা আইন: সুরক্ষার নিশ্চয়তা ছাড়া কেউ সাক্ষ্য দিতে চায় না। এ প্রসঙ্গে এক তদন্ত কর্মকর্তা বলেন, অভিযুক্ত ব্যক্তিদের সবাই প্রভাবশালী। সরকার বদল হলে হয়রানির আশঙ্কায় অনেক প্রত্যক্ষদর্শী সাক্ষ্য দিতে ভয় পাচ্ছেন। এখন পর্যন্ত সাক্ষী সুরক্ষা আইনের খসড়াও করতে পারেনি সরকার। তা ছাড়া নারী সাক্ষীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার বিধানের বিষয়টি রয়েছে। এ বিষয়ে আইন না হলে সাক্ষী পাওয়া কঠিন হবে।নেই নারী তদন্ত কর্মকর্তা: মানবতাবিরোধী অপরাধের বিচারে অনেক নারী সাক্ষী দেবেন। এ জন্য নারী তদন্ত কর্মকর্তা প্রয়োজন। কারণ, মুক্তিযুদ্ধের সময় নির্যাতনের শিকার হওয়া সাক্ষীদের পক্ষে সামাজিক কারণে যেকোনো পুরুষের সামনে সাক্ষ্য দেওয়া কঠিন। একজন নারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হলেও এখন পর্যন্ত গেজেট নোটিফিকেশন না হওয়ায় তাঁকে তদন্ত সংস্থায় অন্তর্ভুক্ত করা হচ্ছে না।তদন্তকাজ: মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে, এমন ব্যক্তিদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ করছে তদন্ত সংস্থা। যাত্রা শুরুর পর আইনজীবী ও তদন্ত সংস্থার সদস্যরা ঢাকার বাইরে প্রথমে খুলনার চুকনগরে যান তথ্যপ্রমাণ সংগ্রহের জন্য। এরপর তদন্ত সংস্থা ও আইনজীবী প্যানেলের (প্রসিকিউর) সদস্যদের সমন্বয়ে প্রতিনিধিদল খুলনা, চট্টগ্রাম, পিরোজপুর, কুমিল্লা ও ময়মনসিংহে যায়। পরে শেরপুর, কুমিল্লা, বাগেরহাট ও পাবনা যায়। এ ছাড়া মুক্তিযুদ্ধ জাদুঘর, জাতীয় জাদুঘর, বাংলা একাডেমী থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে তদন্ত সংস্থা।