তদন্ত হয়, অভিযুক্ত হয় না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বছরের পর বছর ধরে ওষুধ চুরি হয়। এই নিয়ে তদন্ত কমিটিও গঠন করা হয়। তদন্তও হয়। কিন্তু ওষুধ চুরির দায়ে এ পর্যন্ত একজনও অভিযুক্ত হননি। হাসপাতাল সূত্র জানায়, ১৯৯৫ সালে হাসপাতালের দোতলায় অবস্থিত ওষুধের গুদামে বড় ধরনের চুরি হয়। হাসপাতালের জানালার গ্রিল কেটে প্রচুর পরিমাণে ওষুধ চুরি যায়। এই চুরির ঘটনায় তখন তদন্ত কমিটি গঠন করা হলেও সেই তদন্তে কেউ অভিযুক্ত হয়নি। তদন্তের নথিপত্রও এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। অনুসন্ধানে জানা যায়, এত বড় চুরির ঘটনায় কেউ অভিযুক্ত না হওয়ার কারণে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে মাসের পর মাস ধরে ওষুধ চুরির ঘটনা ঘটে চলেছে। ২০০৭ সাল থেকে গত সাড়ে তিন বছরে ৪৯ বার ওষুধ চুরির ঘটনা ঘটলেও এর অধিকাংশই মামলা হয় না। তদন্ত কমিটি গঠন করা হলেও এই তদন্তে কেউই অভিযুক্ত হননি। পুলিশ জানায়, অতি সম্প্রতি হাসপাতালের পাশে মেডিকেল পূর্ব গেট এলাকার আবদুর রহিমকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। সেই সঙ্গে উদ্ধার করা হয় প্রায় পাঁচ লাখ টাকার সরকারি ওষুধ। এর আগেও আবদুর রহিম হাসপাতালের সরকারি ওষুধ চুরির দায়ে তিনবার গ্রেপ্তার হয়েছিলেন। সে সময়ও তাঁর বাড়ি থেকে বিপুল পরিমাণে ওষুধ উদ্ধার হয়। অন্যদিকে এ বছর ফেব্রুয়ারি মাসে হাসপাতালের ইনজেকশন, স্যালাইন, ওষুধসহ জেলার গঙ্গাচড়া উপজেলার খলেয়া গঞ্জিপুর গ্রামের সাবিহা বেগম নামের এক নারীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত সাবিহার উদ্ধৃতি দিয়ে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নূরে আলম জানান, হাসপাতালের দুজন নার্স এসব দিয়েছিলেন। আটকের পর সাবিহা বেগম হাসপাতালের ওই নার্সদের নাম বললেও তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। এ ঘটনায় মামলা হলেও সাবিহা ছাড়া পেয়ে আবার ওষুধ চুরির ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েছেন বলে পুলিশের এসআই জানান। একই মাসে নুরুজ্জামান মিয়া নামের হাসপাতালের একজন পিয়ন সরকারি ওষুধসহ ধরা পড়েন পুলিশের কাছে। কিন্তু কর্মচারী ইউনিয়নের নেতাদের চাপে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয় বলে পুলিশের একটি বিশ্বস্ত সূত্র জানায়। হাসপাতালের চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের সভাপতি আনিসুর রহমান ওষুধ চুরির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, একশ্রেণীর লোক আছে, যারা রোগীদের কাছে কর্মচারী হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করে তাদের ওষুধ চুরি করছে। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নূরে আলম জানান, হাসপাতাল থেকে প্রায়ই ওষুধ চুরির ঘটনা ঘটছে। সম্প্র্রতি ওষুধ চুরির ঘটনায় গ্রেপ্তার রহিমের স্বীকারোক্তি অনুযায়ী তিনি আরও জানান, হাসপাতাল থেকেই তাঁর কাছে এসব ওষুধ বিক্রি করা হয়। এ ছাড়া হাসপাতালের কর্মচারী কিংবা নার্সরা জড়িত থাকলে এ ঘটনা অনেক সময় হাসপাতালেই মীমাংসা হয়ে যায়। লোক দেখানো মামলা করার দরকার হয় না বলে তিনি মন্তব্য করেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক তোফাজ্জল হোসেন বলেন, ওষুধ চুরির ঘটনায় নিয়ম অনুযায়ী তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি প্রতিবেদনও দাখিল করে। এই প্রতিবেদন ঢাকায়ও পাঠানো হয়। তদন্ত প্রতিবেদনে হাসপাতালের কারও জড়িত থাকার খবর নেই বলে মন্তব্য করেন পরিচালক। তাহলে ওষুধ চুরিই কেমন করে হচ্ছে জানতে চাইলে তিনি এ ব্যাপারে আর কোনো মন্তব্য করতে অপরাগতা প্রকাশ করেন।