তদন্তকারী কর্মকর্তা মনিরুজ্জামানের সাক্ষ্য গ্রহণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০ ট্রাক অস্ত্র মামলার পঞ্চম তদন্তকারী কর্মকর্তা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. মনিরুজ্জামান চৌধুরীর সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক এস এম মজিবুর রহমান গতকাল সোমবার মনিরুজ্জামানের আংশিক সাক্ষ্য গ্রহণ করেন। আদালত আজ মঙ্গলবার বাকি সাক্ষ্য গ্রহণের জন্য তারিখ ধার্য করেছেন। সাক্ষ্যে মনিরুজ্জামান ১০ ট্রাক অস্ত্র আটকের রাতের ঘটনা এবং তাঁর আগের চার তদন্তকারী কর্মকর্তার করা তদন্তের বিষয়াদি উল্লেখ করেন। তিনি বলেন, ২০০৪ সালের ২ এপ্রিল রাত ১২টা ৫ মিনিটে কর্ণফুলী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদুর রহমান সেই সময়ের বন্দর পুলিশের উপকমিশনার আবদুল্লাহ হেল বাকীর কাছ থেকে বেতারযোগে সিইউএফএল জেটিঘাটে দুটি ট্রলার থেকে অবৈধ মালামাল নামানোর বিষয়টি জানতে পারেন। এরপর ওসি আহাদুর রহমান কর্ণফুলী থানায় সাধারণ ডায়েরি করে পুলিশ সদস্যদের নিয়ে রাত ১২টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান। তাঁঁরা জেটিঘাটে পৌঁছানোর পর সেখানে কর্মরত শ্রমিকেরা দৌড়ে পালিয়ে যান। তখন জেটিঘাটে বাঁধা দুটি ট্রলার দেখতে পান। তার একটির নাম এমভি খাজার দান, অন্যটি এমভি শাহ আমানত। ওসি ট্রলার দুটিতে তল্লাশি চালান।মনিরুজ্জামান বলেন, তল্লাশিকালে ট্রলারে থাকা কিছু চাল ও লবণের বস্তার নিচে বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ দেখতে পান। এসব মালামাল স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে জব্দ এবং ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেন ওসি আহাদুর রহমান।উল্লেখ্য, কর্ণফুলী থানার তৎকালীন ওসি আহাদুর রহমান ২০০৪ সালের ৩ এপ্রিল এ ঘটনায় অস্ত্র আইনে একটি এবং বিশেষ ক্ষমতা আইনে আরেকটি মামলা করেন। তিনি নিজে মামলা দুটির প্রথম তদন্তকারী কর্মকর্তা ছিলেন।আদালতে সর্বশেষ তদন্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, তদন্ত চলাকালে আহাদুর রহমান আদালতের অনুমতি নিয়ে জব্দ তালিকার ১ থেকে ১৩ পর্যন্ত উপাদান চট্টগ্রাম সেনানিবাসের অর্ডন্যান্স ডিপোতে জমা দেন। আটক করা সাতটি ট্রাক ও একটি ক্রেন নিরাপদে সংরক্ষণের জন্য দামপাড়া পুলিশ লাইনে জমা দেন। আহাদুর রহমান ২০০৪ সালের ২৪ এপ্রিল পর্যন্ত তদন্ত করেন। এরপর পুলিশ সদর দপ্তরের নির্দেশে মামলা দুটি তদন্তের জন্য সিআইডিতে হস্তান্তর করা হয়। ২০০৪ সালের ২৫ এপ্রিল সিআইডির সহকারী পুলিশ সুপার (এএসপি) কবির উদ্দিন তদন্তভার গ্রহণ করেন। তিনি কয়েকজন আসামি গ্রেপ্তার করে তাঁদের ১৬১ ধারায় জবানবন্দি গ্রহণ এবং অস্ত্র আইনের মামলাটির তদন্ত শেষ করে ৩৯ জন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। এরপর কবির উদ্দিন সিআইডির সদর দপ্তরে বদলি হলে অপর মামলাটির (বিশেষ ক্ষমতা আইনে করা) তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ পান এএসপি মীর নওশের আলী।সাক্ষ্যে মনিরুজ্জামান বলেন, এ সময় আদালত অস্ত্র আইনের মামলাটি অধিকতর তদন্তের জন্যও মীর নওশের আলীকে দায়িত্ব দেন। তদন্ত শেষে তিনি অস্ত্র আইনের মামলায় একজন আসামি অন্তর্ভুক্ত করেন। দ্বিতীয় মামলায় ২০০৪ সালের ৯ নভেম্বর ৪৩ জন আসামির বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। এরপর ট্রাইব্যুনাল মামলা দুটির অভিযোগপত্র গ্রহণ করে বিচারকাজ শুরু করেন। তিনি বলেন, ২০০৭ সালের ২০ নভেম্বর রাষ্ট্রপক্ষ তদন্তে ‘ত্রুটি-বিচ্যুতির’ কথা উল্লেখ করে মামলা দুটি অধিকতর তদন্তের আবেদন করেন। আদালত সাতটি বিষয় উল্লেখ করে ২০০৮ সালের ১৪ ফেব্রুয়ারি অধিকতর তদন্তের নির্দেশ দেন। অধিকতর তদন্তের দায়িত্ব পান সিআইডির এএসপি ইসমাইল হোসেন। কোন জাহাজে করে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ বাংলাদেশের জলসীমায় এসেছে, তা আদালত জানতে চান। এর পরিপ্রেক্ষিতে ইসমাইল হোসেন ‘বঙ্গ বোরাক’ নামের একটি জাহাজের বিষয়ে অনুসন্ধান চালান। মনিরুজ্জামান বলেন, ‘তদন্ত চলাকালে রাষ্ট্রপক্ষ তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করতে ট্রাইব্যুনালে আবেদন করে। ২০০৯ সালের ২৯ জানুয়ারি সিআইডি সদর দপ্তর আমাকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করে।’ অধিকতর তদন্তের পর ২০১১ সালের ২৬ জুন সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন মনিরুজ্জামান। ওই বছরের ১৫ নভেম্বর আদালত অভিযোগ গঠন করেন। ২০১১ সালের ২৯ নভেম্বর মামলায় আবার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সম্পূরক অভিযোগপত্র দাখিলের পর মনিরুজ্জামান ৩০তম সাক্ষী হিসেবে সাক্ষ্য দিচ্ছেন।