তদন্তকালে তিন পুলিশকে বরখাস্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশি হেফাজতে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র আবদুল কাদেরের ঘটনা তদন্তে যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নয়—এমন ব্যক্তি দিয়ে কমিটি গঠন করে তদন্ত করতে আইনসচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তদন্তকালে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন, উপপরিদর্শক (এসআই) আলম বাদশা ও সহকারী উপপরিদর্শক (এএসআই) শহিদুর রহমানকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।আজ বৃহস্পতিবার রাত পৌনে সাতটার দিকে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।এ ছাড়া আদালত তাত্ক্ষণিকভাবে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে নির্দেশ দিয়েছেন। সরকার তাঁর চিকিত্সার ব্যয় বহন করবেন। তাঁর মা-বাবা সার্বক্ষণিকভাবে তাঁকে দেখতে যাবেন।আইনগত প্রতিকার বা বিচার পেতে সংশ্লিষ্ট আদালতে তাঁর পক্ষে আইনজীবী নিয়োগসহ আইনি সহায়তা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া ওই ঘটনা তদন্তে বিভাগীয় তদন্ত করতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দিয়েছেন আদালত।এর আগে বিকেল পৌনে তিনটার দিকে পুলিশের দুই কর্মকর্তা হাইকোর্টে হাজির হন। তবে লিখিত আদেশ না থাকায় ওই সময় আবদুল কাদেরকে হাজির করা হয়নি বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি। পরে তিনি লিখিত আদেশ নিয়ে আদালতে হাজির হন। হাইকোর্টের নির্দেশে মোহাম্মদপুর ও খিলগাঁও থানার দুই ওসি হাইকোর্টে হাজির হন।১৫ জুলাই গভীর রাতে আবদুল কাদেরকে খিলগাঁও থানার পুলিশ আটক করে। পরের দিন তাঁকে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।আজ ইংরেজি দৈনিক ডেইলি স্টারে কাদেরকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এটা নজরে এলে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন তা উপস্থাপন করেন।এরপর আদালত ওই নির্দেশসহ স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। রুলে কাদেরকে নির্যাতন থেকে কেন অব্যাহতির নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।কাদের বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের ২০২ নম্বর কক্ষের আবাসিক ছাত্র। তাঁর বাড়ি কুমিল্লার বুড়িচং গ্রামে, বাবা মুহাম্মদ আবদুর রউফ একজন মুক্তিযোদ্ধা। তিনি কুমিল্লার দেবিদ্বারের উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা। ছয় ভাইবোনের মধ্যে আবদুল কাদের তৃতীয়।