তদন্তসহ যাবতীয় নথি চেয়েছেন হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থীর যৌন হয়রানির ঘটনা-সংক্রান্ত যাবতীয় নথিপত্র চেয়েছেন হাইকোর্ট। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রার ও দুটি তদন্ত কমিটির প্রধানকে আগামী দুই সপ্তাহের মধ্যে নথিপত্র জমা দিতে বলা হয়েছে।একই সঙ্গে ওই ঘটনা তদন্তে গঠিত দ্বিতীয় কমিটির কার্যক্রম তিন সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। গতকাল সোমবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ ওই শিক্ষার্থীর করা রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী মাসুদ রেজা সোবহান শুনানি করেন। সঙ্গে ছিলেন ফাতেমা এস চৌধুরী ও সাইফুল করিম। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার।জানা যায়, ২০০৮ সালের ৩ মার্চ মনোবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ওই বিভাগের সহযোগী এক অধ্যাপকের কক্ষে যৌন হয়রানির শিকার হন। এ ঘটনায় ২০০৮ সালের নভেম্বরে তৎকালীন সহ-উপাচার্য এ এফ এম ইউসুফ হায়দারের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ১২ জন শিক্ষক ও ১২ শিক্ষার্থীর সাক্ষাৎকার নেওয়া হয়। তদন্ত কমিটি অন্তর্বর্তীকালীন প্রতিবেদন জমা দেন। গত বছরের ১৮ নভেম্বর বর্তমান সহ-উপাচার্য হারুন অর রশীদের নেতৃত্বে আরেকটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি জেরার জন্য গত ৭ এপ্রিল নির্যাতনের শিকার শিক্ষার্থীকে চিঠি দেয়। দ্বিতীয় কমিটি গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে শিক্ষার্থী হাইকোর্টে রিট দায়ের করেন।রিট আবেদনে বলা হয়, প্রথম কমিটির জেরার সময় ওই শিক্ষক উপস্থিত হননি। ঘটনার পর ওই শিক্ষকের মোবাইল ফোন থেকে আবেদনকারীকে (শিক্ষার্থী) একাধিকার ফোন করা হয়। কিন্তু ওই শিক্ষক তা অস্বীকার করেন। পরে র‌্যাবের সহায়তায় ওই শিক্ষকের মোবাইলে কথা বলার তালিকা (কল লিস্ট) থেকে দেখা যায়, ঘটনার পরও ওই শিক্ষার্থীর সঙ্গে একাধিবার যোগাযোগের চেষ্টা করেছেন তিনি।আবেদনে আরও বলা হয়, একবার প্রতিবেদন দাখিলের পর দ্বিতীয় বার কমিটি গঠন করা যায় না। সম্প্রতি যৌন হয়রানির ক্ষেত্রে হাইকোর্টের এক রায়ে গঠিত কমিটিতে নারী সদস্যের প্রাধান্য থাকার কথা বলা হয়। কিন্তু দ্বিতীয় দফায় গঠিত ওই কমিটিতে পুরুষ সদস্য সংখ্যাগরিষ্ঠ। এটি হাইকোর্টের ওই রায়ের পরিপন্থী। রিটে দ্বিতীয় কমিটিকে অবৈধ ঘোষণার আরজি জানানো হয়েছে।