কিশোর শামছুদ্দিন মিলনকে পিটিয়ে হত্যার ভিডিওচিত্র গণমাধ্যমে প্রচার হওয়ার চার দিন পরও তা সংগ্রহ করতে পারেনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার পুলিশ। পারেনি নির্মম ওই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে। কিন্তু স্থানীয় লোকজন বলছে, মিলনকে যারা প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে, তারা এলাকায় স্বাভাবিক চলাফেরা করছে। মিলনকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত কোম্পানীগঞ্জ থানার বরখাস্ত হওয়া ওসি রফিক উল্লাহ ও এসআই আকরাম শেখসহ চার পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রক্রিয়া গতকাল বুধবার শুরু হয়েছে। গতকাল তাঁদের প্রত্যেককে স্ব স্ব ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কৈফিয়ত তলব করেছে। কৈফিয়তের জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।কৈফিয়ত তলবের বিষয়টি নিশ্চিত করে গতকাল দুপুরে জেলা পুলিশ সুপার (এসপি) হারুন-উর-রশিদ হাযারী প্রথম আলোকে বলেন, সাত দিনের মধ্যে অভিযুক্ত ব্যক্তিদের কৈফিয়তের জবাব দিতে বলা হয়েছে। জবাব পাওয়ার পর যথাযথ নিয়মানুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। আদালতের নির্দেশে থানায় রেকর্ড করা মিলনের মায়ের মামলার তদন্তেও কোনো অগ্রগতি নেই। তদন্তকারী কর্মকর্তা কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল কাদের পাটোয়ারী এ বিষয়ে গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, তিনি এজাহারে উল্লিখিত নিজাম উদ্দিন মানিক ও জামাল উদ্দিন মেম্বারকে ধরার জন্য গতকাল সকালেও একাধিক স্থানে অভিযান চালিয়েছেন, কিন্তু কাউকে পাননি।ফজলুল কাদের আরও বলেন, ‘এখনো মিলনকে পিটিয়ে হত্যার ভিডিওচিত্রটি সংগ্রহ করতে পারেননি। তবে ভিডিওচিত্রে যাদের দেখা গেছে বলে এলাকায় নাম আলোচিত হচ্ছে, তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’ তদন্তের ধীরগতির বিষয়ে তিনি বলেন, ‘আমাদেরও সীমাবদ্ধতা আছে। রাতে মোবাইল ডিউটি করতে চলে যেতে হয়। সময় পাওয়া যায় না।’ ইউপি সদস্য জামালউদ্দিন গতকাল দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা তো মিলনকে সুস্থ অবস্থায় পুলিশের কাছে দিয়েছি। আমরা কেন হত্যা মামলার আসামি হব। যারা তাকে পিটিয়ে মেরেছে, আর যারা সহায়তা করেছে, আসামি তো হবে তারা। তাদের তো সবাই চেনে-জানে।’ স্থানীয় সূত্রে জানা গেছে, মিলনকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের পুলিশ গ্রেপ্তারের চেষ্টা না করায় তারা এলাকাতেই ঘুরে বেড়াচ্ছে।আইন ও সালিশ কেন্দ্রের তদন্ত: গতকাল কোম্পানীগঞ্জে যায় মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের তদন্ত দল। দলের দুই সদস্য মিলনের বাড়ি, হত্যাকাণ্ডের স্থল পরিদর্শন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন। তাঁরা মিলনের খালাতো বোনের সঙ্গেও কথা বলেন।সংগঠনের কর্মকর্তা আবু আহম্মেদ ফয়জুল কবির প্রথম আলোকে বলেন, পুলিশ হেফাজতে থাকা একজন মানুষকে এভাবে নৃশংসভাবে পিটিয়ে হত্যার ঘটনার দায়িত্ব পুলিশের ওপরই বর্তায়। আইন ও সালিশ কেন্দ্র এই হত্যার ঘটনার সুষ্ঠু বিচারে যাবতীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করবে।ফয়জুল কবির বলেন, যেখানে পুলিশ অভিযুক্ত, সেখানে তারা নিজেরাই তদন্ত করছে। এ তদন্তের নিরপেক্ষতা কতটুকু—তা-ও খতিয়ে দেখার আছে। গত ২৭ জুলাই সকালে কিশোর মিলনকে কোম্পানীগঞ্জের টেকেরহাট মোড়ে পুলিশ তাদের গাড়ি থেকে নামিয়ে কিছু লোকের হাতে ছেড়ে দেয়। তারা পুলিশের উপস্থিতিতে মিলনকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে। এই ঘটনার কয়েক ঘণ্টা আগে চরকাঁকড়া ইউনিয়নের পৃথক স্থানে ডাকাত সন্দেহে আরও পাঁচজনকে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার কয়েক দিন পর মিলন হত্যার ভিডিওচিত্র প্রকাশ পায়।