তদন্তে অনিয়ম প্রমাণিত হওয়ায় মেয়র বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে ধসে পড়া ভবন রানা প্লাজার নকশা অনুমোদনের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করা, নিয়মনীতি উপেক্ষা, দায়িত্ব পালনে অবহেলা এবং ক্ষমতার অপব্যবহার করে জনস্বার্থের পরিপন্থী কাজ করায় সাভার পৌরসভার মেয়র মো. রেফাতউল্লাহকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।রানা প্লাজা ধসের পর স্থানীয় সরকার বিভাগের গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। রানা প্লাজা নির্মাণের ক্ষেত্রে লে-আউট প্ল্যান (নকশা) অনুমোদনের সময় সাভার পৌরসভা সব বিধিবিধান যথাযথ অনুসরণ করেছে কি না, তা যাচাই করে দেখতে গঠিত এ কমিটির প্রধান ছিলেন স্থানীয় সরকার বিভাগের আহ্বায়ক যুগ্ম সচিব (পৌর) আখতার হোসেন। কমিটির অন্য দুই সদস্য হলেন স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোল্লা আজিজুল হক ও উপসচিব খলিলুর রহমান।এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কবির হোসেন সরদারকে গতকাল বৃহস্পতিবার প্রত্যাহার করে মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে।কমিটির সুপারিশের ভিত্তিতে রানা প্লাজার নকশা অনুমোদন-প্রক্রিয়ায় অনিয়ম ও ভবনে ফাটল ধরার পর যথাযথ ব্যবস্থা নিতে পৌরসভার ব্যর্থতার অভিযোগসহ সাতটি অভিযোগের বিষয়ে মেয়র রেফাতউল্লাহকে সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। যথাযথ কারণ দর্শাতে না পারলে এই মেয়রকে স্থায়ীভাবে বরখাস্ত করাসহ তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ও ফৌজদারি ব্যবস্থা নেওয়া হতে পারে।এ ছাড়া রানা প্লাজার স্থাপত্য নকশা ও কাঠামোগত নকশায় স্বাক্ষরকারী স্থপতি এ টি এম মাসুদ রেজা ও প্রকৌশলী সাজ্জাদ হোসাইনের দায়দায়িত্বের বিষয়টি খতিয়ে দেখতে সুপারিশ করেছে তদন্ত কমিটি।অনুমোদনবহির্ভূত যেকোনো নির্মাণকাজ এবং নকশাবহির্ভূত নির্মিত হলে তা ভেঙে ফেলারও ব্যবস্থা করার সুপারিশ করেছে কমিটি। নকশা অনুমোদনের ক্ষেত্রে পৌরসভার বিধিবিধান যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেওয়াসহ ছয়টি সুপারিশ করেছে কমিটি।জানতে চাইলে স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহিদ খান গতকাল প্রথম আলোকে জানান, নকশা অনুমোদন-প্রক্রিয়ায় অনিয়ম ও ভবনে ফাটল ধরার পর যথাযথ ব্যবস্থা নিতে পৌরসভার ব্যর্থতার অভিযোগে মেয়র রেফাতউল্লাহর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ অভিযোগের বিষয়ে তাঁকে কারণ দর্শাতে বলা হয়েছে।সচিব জানান, ২০০৯ সালের স্থানীয় সরকার (পৌরসভা) আইনে বলা আছে, কোনো ভবন বা স্থাপনা ধসে পড়ার আশঙ্কা তৈরি হলে মালিকদের নোটিশ দিয়ে ওই ভবনের বিষয়ে ব্যবস্থা নেবে পৌরসভা কর্তৃপক্ষ। যদি কোনো ইমারত বিপজ্জনক অবস্থায় থাকে অথবা কোনোভাবে তা মানুষের বসবাসের অনুপযুক্ত হয়, তাহলে ভবনটি মেরামত না হওয়া পর্যন্ত সেখানে বসবাস নিষিদ্ধ করতে পারবে পৌর কর্তৃপক্ষ।তদন্ত প্রতিবেদন: ভবন নির্মাণের ক্ষেত্রে সাইট প্ল্যান ও ইমারতের নকশা অনুমোদন-প্রক্রিয়া সম্পন্ন করার প্রয়োজনীয় কাগজপত্র (মূল দলিল, আরএস পর্চা, খারিজ পর্চা, ডিসিআর, হালনাগাদ খাজনা রসিদ, সংশ্লিষ্ট এলাকার কমিশনারের জমিসংক্রান্ত প্রত্যয়নপত্র ইত্যাদি) আবেদনের সঙ্গে দাখিল না করা সত্ত্বেও রানা প্লাজার লে-আউট প্ল্যানের অনুমোদন দেওয়া হয়। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করেই সাভার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আলী খানের সুপারিশের ভিত্তিতে ভবনটি ১০ তলা করার নকশা অনুমোদন দেওয়া হয়।প্রতিবেদনে আরও বলা হয়, ভবনের অন্যতম মালিক সোহেল রানা ২০০৫ সালে ষষ্ঠ তলা পর্যন্ত নির্মাণের অনুমোদন পান। কিন্তু তদন্ত কমিটির কাছে ওই অনুমোদনের নথি পৌর মেয়র উপস্থাপন করতে পারেননি। সাত বা ততোধিক তলার ইমারত নির্মাণের ক্ষেত্রে স্থাপত্য নকশা ছাড়াও কাঠামোগত নকশায় আবেদনকারীর সই করার বিধান থাকলেও এ ক্ষেত্রে তা ছিল না। ১০ তলা করার অনুমোদন দেওয়ার আগে ভবনের ফাউন্ডেশনের নকশা পরীক্ষা করা হয়নি। এ বিষয়ে সরেজমিন পরিদর্শনের কোনো প্রতিবেদনও সংরক্ষণ করা হয়নি। নকশায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা ইমারত নির্মাণ কমিটির সদস্যসচিবের সই করার কথা থাকলেও নথিতে তেমন কিছু পায়নি কমিটি।কমিটির মতে, সপ্তম তলা থেকে দশম তলা পর্যন্ত অনুমোদনের সময় আগে অনুমোদন দেওয়া ছয়তলার ফাউন্ডেশনের নকশা পরীক্ষা করা হয়নি। দাখিল করা নকশার প্রতি পাতায় অথরাইজড অফিসার বা ইমারত নির্মাণ কমিটির আদেশক্রমে ওই কমিটির সচিবের স্বাক্ষর করার কথা থাকলেও তা করা হয়নি। ইমারত নির্মাণ বিধিমালা মানা হয়নি। অগ্নিপ্রতিরোধের ব্যবস্থা নেওয়া হয়নি।অনুমোদনপত্র পাওয়ার পর নির্মাণকাজ শুরুর কমপক্ষে সাত দিন আগে লিখিতভাবে অথরাইজড অফিসারকে জানানোর কথা। নির্মাণের সময় তাঁরও পরিদর্শনের কথা। কিন্তু এ দায়িত্ব পালনের কোনো প্রমাণ পাওয়া যায়নি।প্রতিবেদনে বলা হয়, সাভার পৌরসভার মেয়র এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই নতুন নথি তৈরি করে সপ্তম থেকে দশম তলার নকশার অনুমোদন দিয়েছেন।ইউএনও প্রত্যাহার: জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, ভবনধসের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে সাভারের ইউএনও মো. কবির হোসেন সরদারকে প্রত্যাহার করা হয়। একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, উপজেলা প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা হিসেবে ইউএনও ভবনে ফাটল দৃষ্টিগোচর হওয়ার পরও আগাম কোনো ব্যবস্থা নেননি। এর আগে ভবনধসের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা তদন্ত কমিটি থেকেও তাঁকে বাদ দেওয়া হয়।