শেয়ারবাজারে অনিয়ম উদঘাটনে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) প্রয়োজনে বাংলাদেশ ব্যাংকের লোকবল নিয়ে তদন্তকাজ চালাবে।শেয়ার বিনিয়োগে ঋণ জোগানকারী প্রতিষ্ঠান মার্চেন্ট ব্যাংক ও শেয়ার কেনাবেচায় মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ব্রোকারেজ হাউজগুলো পরিদর্শনের ক্ষেত্রে দুই সংস্থা এভাবে সমন্বিতভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।মুদ্রা ও শেয়ারবাজার-সংশ্লিষ্ট চারটি সরকারি সংস্থার প্রধানদের বৈঠকে আজ বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এই বৈঠকের আহ্বান করেন।বৈঠকে এসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন, বিমা নিয়ন্ত্রক কর্তৃপক্ষের চেয়ারম্যান এম শেফাক আহমেদ, যৌথ মূলধনী কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সূত্র জানায় বৈঠকে, বিমা কোম্পানির অলস পড়ে থাকা অর্থ তালিকাভুক্ত সরকারি বন্ডে বিনিয়োগের আলোচনা হয়েছে। বিমা নিয়ন্ত্রক সংস্থা তাদের বিধিবিধান অনুসারে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এতে সেকেন্ডারি বন্ড বাজারে গতিশীলতা আসবে বলে ধারণা করা হচ্ছে।উল্লেখ্য, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত সরকারি বন্ডের সংখ্যা ২১২টি। কিন্তু এগুলো কেনাবেচা হয় না। বিমা কোম্পানির অর্থ এখানে বিনিয়োগ করা হলে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যেও এ নিয়ে আগ্রহ তৈরি হবে।সূত্র জানায়, নিয়ন্ত্রক সংস্থাগুলোর বৈঠকে নিজেদের সমন্বয় বৃদ্ধির তাগিদ আসে। বলা হয়েছে, এ জন্য প্রতি তিন মাসে অন্তত একবার সমন্বয় সভা করা হবে। প্রয়োজনে দুই মাসেও সমন্বয় সভা হতে পারে। অন্যদিকে মুদ্রা ও পুঁজিবাজার-সম্পর্কিত স্পর্শকাতর কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সংস্থাগুলো নিজেদের মধ্যে যোগাযোগ করে নেবে। তাতে শেয়ার ও মুদ্রাবাজার উভয় ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব পড়বে।