তদন্তে গতি নেই, স্বজনেরা হতাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজে বর্তমান সরকারের আমলে ঘটে যাওয়া আটজন ছাত্র হত্যার ঘটনার সাতটিরই তদন্তকাজ শেষ করতে পারেনি পুলিশ। এই সাতটি হত্যাকাণ্ডের মধ্যে চারটি ঘটেছিল ছাত্রসংগঠনের সংঘর্ষের কারণে। অন্য তিনটির সঙ্গে জড়িত কাউকে পুলিশ এখনো শনাক্ত করতে পারেনি। নিহত আটজনের চারজনই সরকার-সমর্থক ছাত্রসংগঠন ছাত্রলীগের নেতা-কর্মী।প্রথম হত্যাকাণ্ডটির পর দুই বছরের বেশি সময় পার হয়েছে। সর্বশেষ হত্যাকাণ্ডটি ঘটেছে এক বছর হতে চলেছে। এ সময়ের মধ্যে পাঁচটি মামলায় ১৭ বার তদন্ত কর্মকর্তা বদল হয়েছেন।আটটি ঘটনার মধ্যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবু বকর ছিদ্দিক হত্যার ১৪ মাস পর পুলিশ ছাত্রলীগের আটজন নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, পুলিশ জানিয়েছে, এ ঘটনার চূড়ান্ত বিচার হতে অন্তত পাঁচ বছর লাগবে।এই অবস্থায় বিচার পাওয়া নিয়ে হতাশ হয়ে পড়েছেন নিহত ছাত্রদের স্বজনেরা। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকেও এসব হত্যাকাণ্ডে জড়িত হিসেবে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে স্থায়ী বা কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া যায়নি।আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান মহাজোট সরকারের আমলে আটজন ছাত্র হত্যার মধ্যে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মারা গেছেন তিনজন করে ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজে নিহত হয়েছেন একজন করে ছাত্র।পাঁচ হত্যা ও রাজনীতি: এই আট হত্যাকাণ্ডের পাঁচটিই ঘটেছে ছাত্রসংগঠনের সংঘর্ষের জের ধরে; যার মধ্যে তিনটি ছিল ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দল এবং অন্য দুটি ছিল ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যকার সংঘর্ষ।ছাত্রলীগের অভ্যন্তরীণ দুটি সংঘর্ষে মারা যান সংগঠনের দুজন নেতা-কর্মী। এ ছাড়া গত বছরের ফেব্রুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের বলি হন মেধাবী ছাত্র আবু বকর ছিদ্দিক। ছাত্র-শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আবু বকর রাজনীতি করতেন না। আবু বকরের বাবা রুস্তম আলীর আক্ষেপ, ‘আমার ছেলে তো রাজনীতি করে নাই। যারা মারামারি করল, তারা আজ ক্লাস করে, রাজনীতি করে। শুধু আমার ছেলে নাই।’২০০৯ সালের মার্চে ঢাকা মেডিকেল কলেজ ছাত্রলীগের (একাংশ) সাধারণ সম্পাদক আবুল কালাম আসাদ ওরফে রাজীব এবং গত বছরের আগস্টে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী নাসরুল্লাহ নাসিমকে নিজ সংগঠনের কর্মীরাই মারধর করেন। এরপর দুজনকেই বহুতল ভবন থেকে নিচে ছুড়ে ফেলে দিলে তাঁদের মৃত্যু হয়। একইভাবে গত বছরের জুলাইয়ে ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার কর্মী এনায়েত কবীর এমিলকে দলীয় কর্মীরা মারধর এবং পায়ে গুলি করে চারতলা থেকে নিচে ফেলে দেন। এমিল বেঁচে গেলেও এখনো পঙ্গু হয়ে আছেন।ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পৃথক এই সংঘর্ষগুলো হয়েছে আবাসিক হলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে।২০০৯ সালের মার্চে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষের সময় নিহত হন ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক শরীফুজ্জামান নোমানী। একই বিশ্ববিদ্যালয়ে গত বছরের ফেব্রুয়ারিতে শিবিরের সঙ্গে সংঘর্ষে নিহত হন ছাত্রলীগের কর্মী ফারুক হোসেন।এখনো অন্ধকারে: বাকি তিনজন ছাত্র হত্যাকাণ্ডের ঘটনা ঘটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত বছরের প্রথম ভাগে। বিশ্ববিদ্যালয়ের বাইরের কিছু লোক ক্যাম্পাসে ঢুকে পিটিয়ে ও ছুরিকাঘাতে আসাদ নামের ছাত্রলীগের এক কর্মীকে হত্যা করে। আর হারুন অর রশীদ, এ এ এম মহিউদ্দিন নামের অন্য দুজন ছাত্রকে হত্যা করে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা। কারা, কেন এ তিনটি হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো বের করতে পারেননি তদন্ত কর্মকর্তারা।ভিন্ন বাস্তবতা: সব কটি ছাত্র হত্যাকাণ্ডের ঘটনার পরই গণমাধ্যমে ব্যাপক আলোচনা হয়। পুলিশেরও তোড়জোড় দেখা যায়। কিন্তু ছাত্রশিবিরের হাতে ছাত্রলীগের কর্মী নিহত হওয়ার পর পুলিশ যেভাবে তৎপরতা চালিয়েছে, অন্যান্য হত্যাকাণ্ডের ক্ষেত্রে সে রকম দেখা যায়নি।রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মী ফারুক হত্যার পর পুরো রাজশাহী, ঢাকাসহ বিভিন্ন স্থানে চলে পুলিশের ব্যাপক অভিযান। এ মামলায় এজাহারভুক্ত পাঁচ আসামিসহ ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে তদন্তকাজ এখনো শেষ করতে পারেনি পুলিশ। মামলাটির তদন্ত কর্মকর্তা বদল হয়েছেন তিনবার। গাফিলতির অভিযোগে কারণ দর্শাতেও বলা হয়েছে পুলিশের তিনজন কর্মকর্তাকে।অন্যদিকে একই বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে নিহত ছাত্রশিবিরের নেতা নোমানী হত্যা মামলায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। এ ছাড়া ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে যেসব হত্যাকাণ্ড ঘটেছে, সেগুলোর তদন্তেও বড় কোনো অগ্রগতি নেই।একজন তদন্ত কর্মকর্তা প্রথম আলোর কাছে তদন্তের ধীরগতির কারণ ব্যাখ্যা করেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, অভ্যন্তরীণ সংঘর্ষে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছাত্রদের রাজনৈতিক যোগাযোগ থাকে। ঘটনার পর তাঁরা আরও প্রভাবশালী নেতাদের ‘আশ্রয়ে’ চলে যান। বেশি তৎপর হতে গেলে তদন্ত কর্মকর্তা চাপে পড়েন।তদন্ত কর্মকর্তা ও তদন্ত: চট্টগ্রামের মহিউদ্দিন ও হারুন হত্যা মামলার তদন্ত কর্মকর্তা বদল হয়েছেন চারবার করে। ঢাকা মেডিকেল কলেজে রাজীব ও রাজশাহীর ফারুক হত্যা মামলার তদন্ত কর্মকর্তা বদল হয়েছেন তিনবার করে। তবে বিভিন্ন সময়ে প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, এসব মামলার তদন্তভার বারবার বদল হলেও তদন্তকাজ কার্যত এগোয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবু বকর হত্যা মামলার তদন্ত কর্মকর্তা বদল হয়েছিলেন তিনবার।বাকি তিনটিতে তদন্ত কর্মকর্তা বদল হননি, কিন্তু তদন্তের ফলাফল একই। অবশ্য সব মামলার তদন্ত কর্মকর্তারই একই রকম বক্তব্য—তদন্ত চলছে, শিগগির অভিযোগপত্র দেওয়া হবে।জানতে চাইলে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) এ কে এম শহীদুল হক প্রথম আলোকে জানান, মানসম্পন্ন তদন্তের জন্য সময় একটু বেশি লাগে। তা ছাড়া কত দিনে তদন্তকাজ শেষ হবে, তা সাক্ষ্য-প্রমাণ ও আসামি পাওয়া না-পাওয়ার ওপর নির্ভর করে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মনিরুজ্জামান মিঞার অভিজ্ঞতা হলো, এ ধরনের ঘটনায় প্রত্যক্ষদর্শী ছাত্ররা পরে সাক্ষ্য দিতে চান না। তাঁরা হয়তো চাপের মুখে থাকেন, কিন্তু সেটিও তাঁরা জানান না।বিচার না পাওয়ার আশঙ্কা পরিবারগুলোর: এই অবস্থা দেখে হতাশ হয়ে পড়েছে নিহত ছাত্রদের স্বজনেরা। এক বছরেও ছেলের হত্যাকারী ব্যক্তিদের পুলিশ শনাক্ত করতে না পারায় হতাশ মহিউদ্দিনের বাবা ফজলুল কাদের। একই রকম হতাশা রাজীবের পরিবারের সদস্যদেরও। তাঁদের মতোই আবু বকরের বাবা রুস্তম আলী, নাসিমের বাবা মোসলেম উদ্দিন, আসাদের বড় ভাই আফসারুজ্জামান এবং নোমানীর বাবা হাবিবুল্লাহ সন্তান হত্যার বিচার পাবেন কি না, তা নিয়ে সন্দিহান।আসাদের বড় ভাই আফসারুজ্জামান প্রথম আলোকে জানান, সবাই শুধু আশ্বাসই দিয়েছেন কিন্তু বিচার এগোয়নি।বিভিন্ন পত্রিকা ও অন্যান্য সূত্র মিলিয়ে দেখা গেছে, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়েই ৭৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী মনে করেন, ছাত্র হত্যাকাণ্ডগুলোর বিচার না হওয়ার অন্যতম কারণ ‘রাজনৈতিক’। এই প্রবণতা ছাত্র হত্যাকাণ্ডকে উৎসাহিত করে। তিনি বলেন, স্বাধীনতার পর ১৯৭৪ সালের সাতজন ছাত্র হত্যা মামলায় আসামিদের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে বঙ্গবন্ধুকে হত্যা এবং রাজনৈতিক পটপরিবর্তনের পর তাঁরা মুক্তি পান এবং রাজনীতি শুরু করেন। এর পর থেকেই ছাত্র হত্যাকাণ্ডের বিচার না হওয়ার প্রবণতা শুরু হয়।