তদন্তে গড়িমসির অভিযোগে থানা ঘেরাও আ.লীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুরে সাংসদ আফাজ উদ্দিন আহমেদের বাড়িতে বোমা হামলার মামলা তদন্তে পুলিশের গড়িমসির অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আজ দৌলতপুর থানার সামনে বিক্ষোভ সমাবেশ ও থানা ঘেরাও করেন। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে দুই পুলিশসহ সংগঠনের ১০ নেতা-কর্মী আহত হয়েছেন।পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে থানার সামনে দৌলতপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জড়ো হন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েক হাজার নেতা-কর্মী। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম শেলী দেওয়ান, শিক্ষাবিষয়ক সম্পাদক ছাদিকুজ্জামান খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুল কুদ্দুস, উপজেলা যুবলীগের সভাপতি মোতাচ্ছের হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক বখতিয়ার রহমান প্রমুখ।বক্তারা অভিযোগ করেন, পুলিশ বোমা হামলার ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আড়াল করার চেষ্টা করছে। মামলার তদন্তে এখনো পর্যন্ত কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। এতে করে স্থানীয় মানুষ এবং দলীয় নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।সমাবেশ শেষে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা থানা ঘেরাও করেন। পুলিশ বাধা দিলে নেতা-কর্মীরা থানার ভেতরে ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করেন। এ সময় নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে আওয়ামী লীগের নেতারা বিক্ষুব্ধ নেতা-কর্মীদের থানার সামনে থেকে নিয়ে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আরিফ আহমেদ দাবি করেন, সংঘর্ষে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম শেলী দেওয়ান, যুবলীগের নেতা হাবিবুর রহমান, রাশেদ মিজান ও ছাত্রলীগের নেতা তফিকুল ইসলামসহ কমপক্ষে আট নেতা-কর্মী আহত হয়েছেন।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন থানা ঘেরাওয়ের বিষয়টি নিশ্চিত করে জানান, ইটপাটকেলের আঘাতে কনস্টেবল মারুফ ও সোহেল আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।মামলার অগ্রগতির বিষয়ে ওসি আলমগীর বলেন, প্রধান আসামি জাহিদুল ইসলামকে দ্বিতীয় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দুই দিনের রিমান্ড শেষে আজ রোববার তাঁকে আদালতে হাজির করা হচ্ছে। মামলা তদন্তে পুলিশ আন্তরিক।গত ১৩ নভেম্বর রাতে সাংসদ আফাজ উদ্দিনের বাড়িতে বোমা হামলায় দুই হামলাকারীসহ তিনজন নিহত হন। এ ঘটনায় মামলা করেন সাংসদের ছোট ছেলে এজাজ আহমেদ। পুলিশ এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে।