তদন্তে চাপ দিলে আবার জজ মিয়া নাটক হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, তদন্ত সংস্থার ওপর চাপ সৃষ্টি করলে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত বিপথে চলে যেতে পারে। সে ক্ষেত্রে জজ মিয়া নাটকের পুনরাবৃত্তি হতে পারে।গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে শিশু-কিশোর সংগঠন খেলাঘর আসরের ৬০ বছর উপলক্ষে ‘শিশু জাগরণ যাত্রা’ কর্মসূচি উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন মিজানুর রহমান।সাংবাদিকদের মিজানুর রহমান বলেন, তদন্তে তাড়াহুড়া করলে প্রকৃত অপরাধী ধরাছোঁয়ার বাইরে থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় পুলিশ জজ মিয়া নামে এক ব্যক্তিকে দিয়ে সাজানো জবানবন্দি আদায় করে তদন্ত ভিন্ন খাতে নিয়ে গিয়েছিল।গণমাধ্যমকর্মীদের ‘বিভক্তি’ সাংবাদিক দম্পতি হত্যার তদন্তে চাপ সৃষ্টি করছে মন্তব্য করে মিজানুর রহমান বলেন, ‘তদন্তকে ঘিরে সাংবাদিকদের মধ্যে নানা বিভক্তি তৈরি হয়েছে। সাংবাদিকদের বিভিন্ন অংশ বিভিন্নভাবে বিষয়টিকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। এটা তদন্তকারী সংস্থার ওপর চাপ সৃষ্টি করছে।’মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, তদন্তকারী সংস্থার কাছে অবশ্যই কোনো ক্লু রয়েছে বলে তাঁর ধারণা। তবে বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় পুরোপুরি নিশ্চিত না হয়ে তাঁরা কাউকে ধরতে চাইছেন না। সুষ্ঠু তদন্তের স্বার্থে গণমাধ্যমকর্মীদের ধৈর্য ধরার পরামর্শ দেন তিনি। আরেক প্রশ্নের জবাবে মিজানুর রহমান বলেন, দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের নাতি রাকিব হোসেনের ওপর পুলিশি নির্যাতনের ঘটনায় গঠিত তদন্ত কমিটি শনিবার থেকে কাজ শুরু করছে। আগামী এক মাসের মধ্যে প্রতিবেদন দেওয়া হবে। খেলাঘরের শিশু-কিশোরদের উদ্দেশে মিজানুর রহমান বলেন, ‘তোমরা নিজের চোখে দেখবে দেশের কোথায় ব্যথা আছে, কোথায় ক্ষত আছে। দেশের সমস্যা সমাধানে আগামী দিনে তোমাদেরই ভূমিকা নিতে হবে।’ শিক্ষামন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, শিক্ষায় গ্রাম ও শহরের বৈষম্য দূর করতে হবে। শিশুদের ছবি আঁকা, নাচ-গানের সুযোগ দিতে স্কুলের লেখাপড়ার চাপ কমাতে হবে। খেলাঘর কেন্দ্রীয় কমিটির চেয়ারপারসন মাহফুজা খানম বলেন, ‘শিশুদের যথাযথভাবে গড়ে তোলা এবং বিকশিত করাই আমাদের লক্ষ্য।’ প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠান শেষে খেলাঘরের পতাকা উত্তোলন করে জাগরণ যাত্রার উদ্বোধন করা হয়। সংগঠনটির ৬০ বছর পূর্তি উপলক্ষে দেশের শিশু-কিশোরদের অবস্থা পরিবর্তনে ব্যাপক গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কর্মসূচি নেওয়া হয়েছে। ঢাকা থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ, নরসিংদী, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট হয়ে এ গণজাগরণ যাত্রা তিন দিনে সুনামগঞ্জ পৌঁছাবে। এতে প্রায় এক হাজার শিশু-কিশোর অংশ নিচ্ছে।