তদন্তে জাতীয় কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিডনি-বাণিজ্য তদন্তে জাতীয় কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বাস্থ্যসচিবের প্রতি এ নির্দেশ দেওয়া হয়। কমিটি গঠনের পর ১৫ দিনের মধ্যে এ-সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।গতকাল সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন। একই সঙ্গে তদন্ত সাপেক্ষে অবৈধভাবে কিডনি প্রতিস্থাপনে জড়িত চিকিৎসকদের সনদ বাতিলে ব্যবস্থা নিতে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলকে (বিএমডিসি) নির্দেশ দেওয়া হয়েছে। এসব ক্ষেত্রে মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন আইন, ১৯৯৯ যথাযথভাবে অনুসরণ করতেও বলা হয়েছে।বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার নির্বাহী পরিচালক আবুল বাশার এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে গতকাল রিট আবেদনটি করেন। প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারির পাশাপাশি এসব নির্দেশনা দেন। আদালতে আবেদনকারীর পক্ষে আইনজীবী সিগমা হুদা ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক শুনানি করেন। আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস এবং এস এম জাফর সাদিক। রিট আবেদনে জয়পুরহাটের কালাই উপজেলার কিডনি কেনাবেচা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন তুলে ধরা হয়। আবেদনে স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার পুলিশ কমিশনার, জয়পুরহাটের পুলিশ সুপার ও কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিবাদী করা হয়।এ ব্যাপারে আইনজীবী সিগমা হুদা প্রথম আলোকে বলেন, কিডনি-ব্যবসা তদন্ত করতে একটি জাতীয় কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন আদালত। ওই কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এ ছাড়া কিডনিসহ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ সংযোজনের ক্ষেত্রে মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন আইন, ১৯৯৯ যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে। রিট আবেদনে বলা হয়, বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, দারিদ্র্যের সুযোগ নিয়ে লোভে ফেলে মানুষকে কিডনি বিক্রিতে বাধ্য করা হচ্ছে। এটা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আইন অনুযায়ী নিকটাত্মীয়দের কিডনি দেওয়ার বিধান আছে। কিন্তু এই বিধান উপেক্ষা করে জয়পুরহাটে কিডনি কেনাবেচা হয়েছে। ওই ঘটনায় জয়পুরহাটে একটি তদন্ত কমিটি হয়। ওই কমিটি প্রতিবেদন দিয়েছে। কিন্তু এ বিষয়ে জানা যায়নি। এ ছাড়া থানায় করা মামলার পরিপ্রেক্ষিতে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বক্তব্যে কিডনি-বাণিজ্য আন্তর্জাতিকভাবেও বিস্তৃত থাকার বিষয়টি উঠে এসেছে। শুধু জয়পুরহাট নয়, এই বাণিজ্য সুনামগঞ্জ, বগুড়া ও রংপুরেও চলছে। একটি সিন্ডিকেট এতে জড়িত। পুরো বিষয়টি একটি উচ্চ পর্যায়ের কমিটির মাধ্যমে জাতীয়ভাবে তদন্ত হওয়া প্রয়োজন। এ ছাড়া মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন আইন, ১৯৯৯ অনেক চিকিৎসক অনুসরণ করছেন না। সংবিধান অনুযায়ী মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। জনস্বার্থ বিবেচনায় এ বিষয়ে নির্দেশনা দেওয়া প্রয়োজন।