তদন্তে ডাকা হবে পেট্রাউসকে
লিবিয়ার বেনগাজি শহরে মার্কিন উপদূতাবাসে সন্ত্রাসী হামলার ঘটনায় সিনেটের তদন্তে গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক প্রধান ডেভিড পেট্রাউসকে সাক্ষ্য দিতে ডাকা হতে পারে। গতকাল রোববার মার্কিন সিনেটের গোয়েন্দা কমিটির চেয়ারওম্যান ডায়ান ফেইনস্টেইন এ তথ্য জানিয়েছেন বলে রয়টার্সের খবরে জানানো হয়।যুক্তরাষ্ট্রে ইসলামবিরোধী চলচ্চিত্র নির্মাণের জের ধরে গত ১১ সেপ্টেম্বর লিবিয়ার বেনগাজি শহরে অবস্থিত মার্কিন উপদূতাবাসে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় রাষ্ট্রদূতসহ দূতাবাসের চারজন কর্মকর্তা নিহত হন। ফেইনস্টেইন ফক্স নিউজকে জানান, বৃহস্পতিবার সিনেটের গোয়েন্দা কমিটির সামনে সাক্ষ্য দিতে ডাকা হতে পারে পেট্রাউসকে।বেনগাজির মার্কিন উপদূতাবাসে সন্ত্রাসী হামলার সময় সিআইএর প্রধান ছিলেন পেট্রাউস। ওই হামলায় গোয়েন্দাবিষয়ক ব্যর্থতার কারণ জানতে চাওয়া হবে তাঁর কাছে।পরকীয়া সম্পর্কের জের ধরে গত বৃহস্পতিবার পদত্যাগ করেন সিআইএর প্রধান পেট্রাউস। শুক্রবার তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেন প্রেসিডেন্ট বারাক ওবামা।