শিশু সামিউল হত্যাকাণ্ডের তদন্ত নতুন মোড় নিয়েছে। তদন্তকারীরা এখন সন্দেহ করছেন শামসুজ্জামানের স্ত্রী নাদিরা জামান সাথীও এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন।গতকাল রোববার দ্বিতীয় দফায় সাথীর তিন দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। পুলিশ তাদের জিম্মায় না নেওয়ায় আদালত সাথীকে কারাগারে পাঠিয়ে দিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার উপপরিদর্শক (এসআই) কাজী শাহান হক জানান, প্রথম দফায় তিন দিনের রিমান্ড শেষে গতকাল সাথীকে আরও সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। কিন্তু থানায় না আনায় আদালত তাঁকে কারাগারে পাঠিয়ে দেন। পরে সাথীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে।এদিকে পুলিশের জিজ্ঞাসাবাদে সাথী ইয়াবা সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ছাড়া তিনি নারী ব্যবসায়ও জড়িত। শামসুজ্জামানও ইয়াবাসেবী। সাথীর বাসা বাড্ডার নুরেরচালায়। সামিউলের লাশ পাওয়ার আগের দিন ২৩ জুন সাথী নবোদয় হাউজিংয়ে এসেছিলেন। সাথীর দাবি, তাঁর দুই বাচ্চার চুল কাটাতে তিনি সেখানে যান। পুলিশ কর্মকর্তারা জানান, চুল কাটাতে এতদূর আসার কথা নয়। বিষয়টি পুলিশকে সন্দিহান করে তুলেছে।পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ও মামলার তদারকি কর্মকর্তা চৌধুরী মঞ্জুরুল কবির প্রথম আলোকে বলেন, সামিউল হত্যায় সাথী জড়িত ছিল বলে সন্দেহ করা হচ্ছে। আয়েশা, শামসুজ্জামান ও তাঁর স্ত্রী সাথীকে এর আগে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হয়েছে। শিশু সামিউলকে হত্যার জন্য তাঁরা একে অপরকে দোষ দিয়েছেন। আয়েশা বলেছেন, শামসুজ্জামানের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। তবে খুনের সঙ্গে তিনি জড়িত নন। শামসুজ্জামান ও সাথী মিলে তাঁর সন্তানকে খুন করেছেন। আর শামসুজ্জামান বলেছেন, সামিউলকে তিনি খুন করেছেন। এতে আয়েশা তাঁকে সহায়তা করেছেন।উপকমিশনার বলেন, শামসুজ্জামান ধূর্ত ও শক্ত প্রকৃতির লোক। তিনি পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তিতে ফেলা ও ঘটনাটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছেন। শামসুজ্জামান ও আয়েশা সম্পর্ক ছাড়াও আর্থিক লেনদেনের বিষয়টি গুরুত্বপূর্ণ। এ দিকটিও যাচাই করে দেখা হচ্ছে।তদন্তকারী সূত্র জানায়, সামিউলকে কোথায় খুন করা হয়েছে, কারও কাছ থেকে এর বিশ্বাসযোগ্য জবাব মিলছে না। শামসুজ্জামানের দাবি অনুযায়ী, আয়েশার সহায়তায় তাঁর ঘরে সামিউলকে তিনি গলা টিপে হত্যা করেছেন। তাহলে লাশের পায়ে কেডস থাকবে কেন? কিংবা কারা লাশটি বাহিরে নিয়ে গেছে— এর জবাবও মিলছে না।জিজ্ঞাসাবাদে আয়েশা পুলিশকে বলেছেন, তাঁর স্বামীর গ্রামের বাড়ি রাজবাড়ীতে তাঁর নামে ২৮ শতাংশ জমি আছে। এই জমি বিক্রি করে টাকা শামসুজ্জামানকে দেওয়ার কথা ছিল। জমি বিক্রির টাকা নিয়ে ২৫ জুন শামসুজ্জামানের সঙ্গে তিনি চলে যাবেন বলে ঠিক করেছিলেন।আয়েশার দাবি, আগের ১৫ লাখ টাকা ও জমি বিক্রির টাকা আত্মসাৎ করতেই শামসুজ্জামান ও তাঁর স্ত্রী সামিউলকে খুন করেছেন। মা হয়েও আয়েশা কেন সন্তান হত্যার বিষয়ে সঠিক তথ্য দিচ্ছেন না, বিষয়টি তদন্তকারীদের ভাবিয়ে তুলেছে। তাঁরা বলেছেন, সন্তান খুন হওয়ার পরও আয়েশার মধ্যে তেমন প্রতিক্রিয়া তাঁরা লক্ষ করেননি। এ বিষয়টিও তাঁদের কাছে রহস্যময় মনে হচ্ছে।সামিউলের মা আয়েশার দ্বিতীয় দফায় পাঁচ দিন ও তাঁর বন্ধু শামসুজ্জামানের চার দিনের রিমান্ড শেষে আগামীকাল মঙ্গলবার আদালতে পাঠানো হবে। প্রয়োজনে তাঁদের আবারও রিমান্ডে আনা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। গত ২২ জুন সাড়ে পাঁচ বছর বয়সী সামিউল আজিম নিখোঁজ হয়। দুই দিন পর শিশুটির বস্তাবন্দী লাশ উদ্ধার হয় বাসার কাছে একটি ফাঁকা জায়গা থেকে। এ ঘটনায় সামিউলের বাবা কে আর আজম বাদী হয়ে স্ত্রী আয়েশা হুমায়রা ও স্ত্রীর বন্ধু শামসুজ্জামান আরিফকে আসামি করে মামলা করেন।