তদন্তে নেমেছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশে পাঠানোর নামে প্রতারণা করেছে এমন অভিযোগে অভিযুক্ত শ্রমশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর বিষয়ে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটি ১২০টি প্রতিষ্ঠানের তালিকা করে দেড় বছর ধরে এক দফা অনুসন্ধান শেষ করেছে।দুদকের তদন্তকারীরা সম্প্রতি ১০টি প্রতিষ্ঠানের ব্যাপারে প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদন জমা দেওয়ার পর দুদক কর্তৃপক্ষ ছয়টির ক্ষেত্রে দ্বিতীয় পর্যায়ের অনুসন্ধান করার নির্দেশ দিয়েছে।এ ছাড়া সম্পদের তথ্য গোপন করার অভিযোগে চারজন জনশক্তি রপ্তানিকারীর বিরুদ্ধে শিগগিরই মামলা করা হবে বলে জানা গেছে।তদন্তের প্রাথমিক পর্যায়ে দুদক জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর মালিকদের কাছে গত বছরের বিভিন্ন সময়ে সম্পদের হিসাব জমা দেওয়ার জন্য নোটিশ দেয়। এর পরিপ্রেক্ষিতে তাঁরা নিজ নিজ সম্পদের তথ্য জমা দিয়েছেন।এ প্রসঙ্গে দুদক চেয়ারম্যান গোলাম রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা অনেক দিন ধরে তাঁদের ওপর নজর রাখছি। তাঁদের অনেককে সম্পত্তির বিবরণ চেয়ে চিঠিও দেওয়া হয়। কিন্তু তাঁদের দাখিল করা সম্পদ বিবরণীর সঙ্গে দুদকের তদন্ত প্রতিবেদনের হিসাবের কোনো মিল পাওয়া যায়নি। প্রত্যেকেই সম্পদের তথ্য গোপন করেছেন।’দুদক সূত্র জানায়, যে চারজন জনশক্তি ব্যবসায়ীর বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন করার অভিযোগে মামলা হবে, তাঁদের মধ্যে একজন বিএনপির সাংসদ রয়েছেন। তদন্ত প্রতিবেদন পেয়ে কমিশন তাঁদের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে। তাঁরা হলেন এভিয়েট ইন্টারন্যাশনালের মালিক নুরুল আমিন (বিএনপির সাংসদ), আকবর এন্টারপ্রাইজের মালিক আকবর হোসেন, কাজী এয়ার ইন্টারন্যাশনালের মালিক কাজী মফিজুর রহমান এবং প্রতীক ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের মালিক এ কে এম আলমগীর হোসেন।দুদক সূত্র জানায়, আরও শতাধিক জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের অনিয়ম সম্পর্কে খোঁজখবর করছে দুদক। একাধিক তদন্ত কর্মকর্তা প্রথম আলোকে বলেন, রাজধানীর একশ্রেণীর জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান দালালের সাহায্যে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে প্রতারণা করে আসছে। ভুক্তভোগীদের অনেকে সর্বস্বান্ত হয়ে যাচ্ছে। বিদেশে পাঠানোর নামে হয়রানি ও প্রতারণা করে অবৈধ আয়ের অভিযোগে দুদক কর্তৃপক্ষ এ কার্যক্রম শুরু করেছে।দুদকের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে এভিয়েট ইন্টারন্যাশনালের মালিক ও সাংসদ নুরুল আমিন প্রথম আলোকে বলেন, ‘দুদকের চাহিদা অনুযায়ী আমি সব কাগজপত্র জমা দিয়েছি। আমার সব সম্পত্তির আয়কর দেওয়া আছে। দুদকের কাছে জমা দেওয়া সম্পদের হিসাব বিবরণীতে এক টাকাও গোপন করিনি।’ কাজী এয়ার ইন্টারন্যাশনালের মালিক কাজী মফিজুর রহমান জানান, প্রায় ছয় মাস আগে দুদকের নোটিশের জবাব দিয়েছেন তিনি। মফিজুর রহমান বলেন, ‘আমি কোনো অন্যায় করিনি। দুদকের নোটিশ অনুযায়ী প্রতিটি কাগজ জমা দিয়েছি।’ তবে দুদক সূত্র জানিয়েছে, কাজী এয়ারের মালিকের বিরুদ্ধে সাড়ে সাত কোটি টাকার সম্পদ গোপনের অভিযোগ রয়েছে।আকবর হোসেন ও এ কে এম আলমগীর হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা কোনো কিছু বলতে অস্বীকৃতি জানান।দুদকের এ কার্যক্রমের পেছনে রাজনৈতিক কোনো উদ্দেশ্য রয়েছে কি না, এ প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান গোলাম রহমান বলেন, ‘কাউকে হেয় করার উদ্দেশ্যে দুদক কোনো কাজ করে না। দুর্নীতি বা অনিয়ম করলে কাউকেও ছাড় দেবে না কমিশন।’এ বিষয়ে জানতে চাইলে জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বায়রার মহাসচিব আলী হায়দার চৌধুরী বলেন, ‘দুদক একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। যেকোনো অন্যায় প্রতিরোধ করার ক্ষমতা তাদের রয়েছে। তবে কাউকে হয়রানি না করা এবং অযথা আতঙ্ক না ছড়ানোর জন্য দুদক কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব।’বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) ২০১১ সালের তথ্যপঞ্জি অনুযায়ী, দেশে মোট ৯০১টি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান রয়েছে। এদের মধ্যে ৫৬টি গত বছর নতুন লাইসেন্স পেয়েছে। এদিকে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অনিয়মের দায়ে গত দুই বছরে ৫০টির বেশি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে।