সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার ‘তদন্তে প্রত্যাশিত ফল অর্জনে গোয়েন্দা পুলিশ ব্যর্থ হয়েছে।’ তদন্তের দায়িত্ব র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) দেওয়ার জন্য পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার নিচে নন এবং এ ধরনের তদন্তে অতীত অভিজ্ঞতা আছে, এমন কর্মকর্তাকে তদন্তকারী হিসেবে নিয়োগ দিতে র্যাবের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। মামলাটির তদন্ত সঠিকভাবে চলছে কি না, তার তদারকির জন্য একটি কমিটি গঠন করতে স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। গত ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসা থেকে মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির লাশ উদ্ধার করে পুলিশ। ১২ মার্চ রুনির ভাই বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন। এত দিন গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলাটির তদন্ত করে আসছিল। গতকাল আদালত গোয়েন্দা পুলিশের দুই কর্মকর্তা, আইনজীবী ও গণমাধ্যমকর্মীদের বক্তব্য শোনেন। পরে আদেশ দেন আদালত।আদেশে বলা হয়, ‘তদন্তে প্রত্যাশিত ফল অর্জনে গোয়েন্দা পুলিশ ব্যর্থ হয়েছে। তারা নিজেরাও পরোক্ষভাবে স্বীকার করছে, কোনো সাফল্য দেখাতে পারেনি। এটা হতাশাজনক। আমরা সাংবাদিক ও আইনজীবীদের বক্তব্য শুনেছি। মামলাটি তদন্তের জন্য গোয়েন্দা পুলিশ থেকে স্থানান্তর করে র্যাবে পাঠাতে আইজিপিকে নির্দেশ দেওয়া হলো।’তদন্ত সঠিকভাবে চলছে কি না, তা মনিটর করতে কমিটি গঠনে স্বরাষ্ট্রসচিবের প্রতি দেওয়া অপর নির্দেশনায় বলা হয়, ডিআইজি পদমর্যাদার নিচে নন, এমন কর্মকর্তার নেতৃত্বে কমিটি গঠন করতে হবে। কমিটিতে র্যাব, পুলিশ ও সিআইডির এ বিষয়ে অভিজ্ঞ কর্মকর্তারা থাকবেন। কমিটি প্রয়োজনে জ্যেষ্ঠ সাংবাদিক, অপরাধ বিশেষজ্ঞ, অপরাধ আইন বিশেষজ্ঞ, এনজিওসহ দেশি-বিদেশি কোনো সংস্থার কাছ থেকে পরামর্শ নিতে পারবে। তবে কমিটি তদন্তে কোনো হস্তক্ষেপ করতে পারবে না। সাংবাদিক দম্পতি খুনের পর আলামত সংরক্ষণে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখতে যুগ্ম সচিব পদমর্যাদার নিচে নন, এমন ব্যক্তির নেতৃত্বে স্বরাষ্ট্রসচিবকে কমিটি গঠন করতে বলা হয়েছে। কমিটিকে ৩০ দিনের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়।শুনানি: গতকাল সকাল সাড়ে ১০টায় আদালতে হাজির হন মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মনিরুল ইসলাম ও তদন্ত কর্মকর্তা মো. রবিউল আলম। পৌনে ১১টার দিকে শুনানির শুরুতে রবিউল আলম দাঁড়ালে আদালত বলেন, আপনাদের প্রতিবেদনে তো কিছুই নেই, শূন্য। আপনাদের অগ্রগতি দেখে তো আমরা শঙ্কিত। তিন মাসে এ রকম একটা চাঞ্চল্যকর মামলায় আপনারা কিছুই করতে পারলেন না! অনেক সাংবাদিকের অপমৃত্যু হয়েছে। আপনারা একটারও কোনো কূলকিনারা করতে পারেননি। এটাকে আমরা ব্যর্থতাই বলব। রবিউল বলেন, ‘আমরা চেষ্টা করছি।’—চেষ্টা করেও কিছু অর্জন না হলে আমরা সেটাকে ব্যর্থতাই বলব, কী বলেন? —আমরা তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে চেষ্টা করে যাচ্ছি। —২০ মার্চ প্রতিবেদন দিয়েছেন। এরপর এক মাস চলে গেছে। ফলাফল শূন্য। আদালত ১৬১ ধারার জবানবন্দিগুলো দেখতে চান। তদন্ত কর্মকর্তা নথিপত্র আদালতে দাখিল করেন। ২৫ মিনিটের মতো নথিপত্র পর্যালোচনার পর আদালত পুলিশের উপকমিশনার মনিরুল ইসলামের বক্তব্য শুনতে চান।সাড়ে ১১টার দিকে মনিরুল ইসলাম বলেন, ‘তদন্ত-প্রক্রিয়ার সঙ্গে আমি সেভাবে জড়িত নই। ঘটনাটি ঢাকা উত্তরের, আমি দক্ষিণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের মুখপাত্র হিসেবে আমি গণমাধ্যমে কথা বলেছি। তবে আদালতের আদেশের পর এ মামলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তাঁরা আন্তরিকভাবে সর্বোচ্চ চেষ্টা করছেন।’আদালত বলেন, ‘আপনারা তো কিনারা দেখতে পাচ্ছেন না।’মনিরুল বলেন, ‘সর্বোচ্চ চেষ্টার পরও এখনো সুনির্দিষ্ট কোনো ক্লু খুঁজে বের করতে পারিনি।’—সুনির্দিষ্ট তো দূরের কথা, অনির্দিষ্ট কোনো ক্লুও তো আপনারা বের করতে পারেননি। সাংবাদিক ও আইনজীবী মারা গেলে আমরা তদন্তে গাফিলতি দেখি। আপনারা কি সাংবাদিক ও আইনজীবীদের ওপর অসন্তুষ্ট?—গত তিন বছরে ঢাকা মহানগরে তিনজন সাংবাদিক খুনের ঘটনা ঘটেছে। তিনটি ক্ষেত্রেই আমরা আসামিদের দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। চতুর্থ ঘটনা সাগর-রুনি হত্যার তদন্তে আমরা এখনো সফল হইনি। যেকোনো ব্যক্তি খুন হলে আমরা সমানভাবে চেষ্টা করি।—এত দিনে পারেননি, আদৌ পারবেন কি না, এটা নিয়ে আমরা সন্দিহান। বাদী বা সাগর সরওয়ারের পরিবার থেকে কাউকে সন্দেহ করার মতো কোনো তথ্য পাওয়া গেছে?—এমন কোনো তথ্য পরিবার থেকে দেওয়া হয়নি।—দারোয়ান কি কোনো তথ্য দিয়েছেন?—কয়েক দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কোনো তথ্য পাওয়া যায়নি।—আপনি কি ব্যর্থতা স্বীকার করছেন?—এখন পর্যন্ত ব্যর্থ।এরপর ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন বলেন, এ ঘটনার তদন্তের সঙ্গে সরকারের ভাবমূর্তি জড়িত। দেশবাসী ঘটনার সুষ্ঠু সমাধান চায়।রিট আবেদনকারীর আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ওই ঘটনার সম্পূরক অভিযোগে অনেক ইঙ্গিত রয়েছে। ল্যাপটপ ও মুঠোফোন কোথায় আছে, আধুনিক প্রযুক্তির মাধ্যমে সেটা বের করা সম্ভব। আদালত মনিরুল ইসলামকে উদ্দেশ করে বলেন, ‘স্যাটেলাইট প্রযুক্তির ব্যবহার করা হয়?’ মনিরুল বলেন, ‘এই প্রযুক্তি এখনো আমাদের এখানে আসেনি।’আদালতের অনুমতি নিয়ে আইনজীবী মো. আজহারুল্লাহ ভূঁইয়া বলেন, শুরুতে বলা হয়েছিল, কিছু লোকের বিদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ওই ব্যক্তিরা এখন কোথায়? আদালত মনিরুল ইসলামের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, অফিশিয়ালি এ ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়নি।মনজিল মোরসেদ বলেন, নিহত দম্পতির সন্তান মেঘ বলেছিল, সে আঙ্কেলদের পিকনিকে দেখেছিল। সেই আঙ্কেলরা এখন কোথায়? আঙ্কেলদের ধরা হলো না কেন? দারোয়ানকে রিমান্ডে নেওয়া হলো না কেন? যেকোনো মামলায় পুলিশ সন্দেহভাজনদের গ্রেপ্তার করে। এ মামলায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনাটি যদি চুরি বা ডাকাতি হতো, তাহলে একটি-দুটি আঘাত করে পালিয়ে যেত। কিন্তু যেভাবে সাগরকে আঘাতের পর আঘাত করা হয়েছে, এতে বোঝা যায়, খুনিদের কোনো ক্ষোভ ছিল।আদালত মনিরুলকে উদ্দেশ করে বলেন, খুনিরা যখন খুন করে, তখন কোনো না কোনো চিহ্ন রেখে যায়। উন্নত বিশ্বে অপরাধী শনাক্ত করার জন্য ডিএনএ টেস্ট বড় হাতিয়ার। লাই ডিটেক্টর (মিথ্যা শনাক্তকরণ যন্ত্র) ব্যবহার করা হয়ে থাকে। আপনাদের কাছে লাই ডিটেক্টর কি আছে? মনিরুল জানান, সিআইডি ও র্যাবের কাছে একাধিক লাই ডিটেক্টর আছে। আদালত বলেন, দারোয়ানকে লাই ডিটেক্টরের কাছে নিয়ে যাওয়া হয়েছিল কি না? মনিরুল বলেন, আমি তদন্ত-প্রক্রিয়ার সঙ্গে জড়িত নই। প্রায় সোয়া দুই ঘণ্টা শুনানি নিয়ে আদালত আদেশ দেন। আদেশ দেওয়ার আগে আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, কে এম সাইফুদ্দিন, নুরুল ইসলাম সুজন, শ ম রেজাউল করিম, মো. শাহজাহান, শেখ আখতার উল ইসলাম শুনানিতে অংশ নেন। ল রিপোর্টার্স ফোরামের সভাপতি সালেহউদ্দিন ও সাবেক সম্পাদক এম. বদিউজ্জামানসহ পাঁচজন সাংবাদিকের বক্তব্যও শোনেন আদালত।