তদন্তে প্রমাণিত নিম চন্দ্র ভৌমিকের নানা অনিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত নিম চন্দ্র ভৌমিকের কূটনৈতিক শিষ্টাচারবর্জিত কর্মকাণ্ড ও আর্থিক অনিয়ম সরকারি তদন্তে প্রমাণিত হয়েছে। তাঁকে দেশে ফিরিয়ে আনতে নেপাল সরকারও অনানুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশকে।গত মে মাসে তদন্ত প্রতিবেদন দেওয়া হলেও এখন পর্যন্ত সরকার কোনো ব্যবস্থা নেয়নি। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল সোমবার সাংবাদিকদের বলেন, তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। খুব শিগগির ঢাকা থেকে আরেকটি তদন্ত দল নেপালে যাচ্ছে।গতকাল সোমবার রাতে টেলিফোনে নিম চন্দ্র ভৌমিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সব অভিযোগ অস্বীকার করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ২০০৯ সালে রাজনৈতিক বিবেচনায় নেপালে রাষ্ট্রদূত পদে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাবেক নেতা নিম চন্দ্র ভৌমিক। তাঁর বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত পররাষ্ট্রসচিবের নেতৃত্বে তিন সদস্যের একটি তদন্ত দল কাঠমান্ডু সফর করে গত মে মাসেই প্রতিবেদন দেয়।প্রতিবেদনে অন্তত ১৮টি ঘটনার বর্ণনা রয়েছে, যাতে রাষ্ট্রদূতের কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন ও আর্থিক অনিয়মের প্রমাণ পেয়েছে মন্ত্রণালয়।মন্ত্রণালয়কে উপেক্ষা: মুজিবনগর দিবস, স্বাধীনতা দিবস, পয়লা বৈশাখ উদ্যাপনের জন্য দূতাবাসের প্যাডে নেপালি, বাংলাদেশি ও ভারতীয় নাগরিক সংস্থার কাছে অনুদান চেয়ে ২৭টি চিঠি লেখেন নিম চন্দ্র ভৌমিক। এতে উল্লেখ করা হয়, ডায়মন্ড স্পন্সরশিপের জন্য দুই লাখ, গোল্ড স্পন্সরশিপের জন্য এক লাখ এবং অ্যাসোসিয়েট স্পন্সরশিপের জন্য ৫০ হাজার নেপালি রুপি নেওয়া হবে। অথচ এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে কিছুই জানানো হয়নি।প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ সালে স্বাধীনতা দিবস উদ্যাপনের নামে ৩০ লাখ রুপি সংগ্রহ করেন নিম চন্দ্র ভৌমিক। এর বেশির ভাগ নেন নগদ। তহবিল সংগ্রহকে যৌক্তিকতা দিতে তিনি একাধিক স্মরণিকা প্রকাশ করেন। এগুলোও তিনি মন্ত্রণালয়ে পাঠাননি। আবার ওই বছর স্মরণিকা ছাপানোর অর্থও কাঠমান্ডুর ছাপাখানায় পরিশোধ করেননি। ওই তহবিলের টাকায় দূতাবাসের নামে মোটরসাইকেল কেনা হয়েছে, যেটি চালান দূতাবাসের হিসাবরক্ষক।২০১১ সালের ৫ মে মুজিবনগর দিবস পালনের জন্য কত টাকা তোলা হয়েছে, তদন্ত দল তা জানতে পারেনি। দুই ক্ষেত্রেই টাকাপয়সার লেনদেন হয়েছে মন্ত্রণালয়ের অগোচরে।প্রতিবেদনে বলা হয়, দায়িত্ব নেওয়ার পর থেকে মন্ত্রণালয়কে না জানিয়ে তিনি অন্তত ৩০ বার ব্যক্তিগত কাজে ঢাকা সফর করেছেন। জিএমজি এয়ারলাইনসের গ্রেটিস টিকিটে ভ্রমণ করেছেন গত এক বছর। একই সময়ে নিজের টাকায়ও ঢাকায় আসা-যাওয়া করেছেন। এই টাকার উ ৎ স নিয়ে রয়েছে প্রশ্ন।দ্বিপক্ষীয় আলোচনাসহ অনেক গুরুত্বপূর্ণ ঘটনায়ও নিম চন্দ্র পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সংশ্লিষ্ট অন্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখেননি।ভিসার জন্য ঘুষ, শিক্ষাবৃত্তি কেলেঙ্কারি: উচ্চশিক্ষার জন্য ঢাকায় আসা নেপালি শিক্ষার্থীদের কাছ থেকে ঘুষ আদায়ের অভিযোগও পেয়েছে তদন্ত কমিটি। এতে তাঁকে সহায়তা করেন কাউন্সিলর এমদাদুল হক। দূতাবাস থেকে নেপালি শিক্ষা পরামর্শক সংস্থার মাধ্যমে ভিসা পেতে যোগাযোগের জন্য শিক্ষার্থীদের পরামর্শ দেওয়া হয়। এই প্রক্রিয়ায় সহজেই ভিসা পান শিক্ষার্থীরা, কিন্তু বিনিময়ে গুনতে হয় মোটা অঙ্কের টাকা। শিক্ষাবিষয়ক একাধিক পরামর্শক সংস্থার সঙ্গে যোগসাজশে অন্তত ছয়টি বৃত্তির প্রতিটিতে ৩৬ হাজার থেকে ৪০ হাজার মার্কিন ডলার করে হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। অথচ ওই বৃত্তিগুলো নেপাল সরকারকে প্রতিবছর দিয়ে থাকে বাংলাদেশ সরকার। দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠ সগির ও আনসারী এই প্রক্রিয়ায় জড়িত ছিলেন। রাষ্ট্রদূত তাঁর ব্যক্তিগত খরচ মেটাতে এসব টাকাপয়সা আদায় করেছেন বলে অভিমত দেওয়া হয়েছে তদন্ত প্রতিবেদনে। ভূলুণ্ঠিত দেশের পতাকা: ২০১০ সালের ১৭ মার্চ হোটেল ইয়াক অ্যান্ড ইয়াতিতে মুজিবনগর দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে তিনি নেপাল সেনাবাহিনীর বাদক দলকে বাংলাদেশ ও নেপালের পাশাপাশি ভারতীয় জাতীয় সংগীত বাজানোর নির্দেশ দেন। কারণ, সেখানে অভ্যাগতদের মধ্যে ছিলেন মিত্রবাহিনীর সদস্য জেনারেল জ্যাকব। পরদিন নিম চন্দ্র তাঁর নিজের গাড়িতে ভারতীয় পতাকা লাগিয়ে জ্যাকবকে নিয়ে বিভিন্ন সভায় যান।টাকাপয়সা নয়ছয়: প্রতিবেদনে বলা হয়েছে, দূতাবাসের কর্মীদের জন্য বরাদ্দ করা গাড়িটি (টয়োটা করোলা সিডান) তিনি মাত্র তিন হাজার মার্কিন ডলারে বিক্রি করেন। অথচ নেপালে ওই গাড়ির দাম ছিল ১০ হাজার ডলার। বিদেশি নারীদের সঙ্গে প্রশ্নবিদ্ধ আচরণ: তদন্ত প্রতিবেদন অনুযায়ী, কাঠমান্ডুতে যাওয়ার পর থেকেই তিনি পিছু লাগেন ভারতীয় এক নারী কূটনীতিকের। তিনি সেখানকার দূতাবাসের মুখপাত্র হিসেবে কাজ করছেন। যখন-তখন ফোন করে তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ, তাঁকে নিয়ে লং ড্রাইভে যাওয়ার প্রস্তাব দেওয়া, বলা-কওয়া ছাড়াই তাঁর বাসভবনে গিয়ে হাজির হওয়ার অভিযোগ রয়েছে নিম চন্দ্রের বিরুদ্ধে।অভিনেত্রী মনীষা কৈরালার সঙ্গেও অসংগত আচরণ করেন নিম চন্দ্র ভৌমিক। মোটরসাইকেলে চড়ে: মোটরসাইকেলে ঘুরে বেড়ান নিম চন্দ্র ভৌমিক। দূতাবাসের হিসাবরক্ষক হারুনুর রশিদ তাঁর চালক। মোটরসাইকেলে চড়ে তিনি বিভিন্ন নাইট ক্লাব ও পানশালায় যান।নেপাল সরকারের অনুরোধ: নিম চন্দ্র ভৌমিকের কূটনৈতিক শিষ্টাচারবর্জিত কাজে বিরক্ত নেপাল সরকার গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি পাঠাতে অপারগতা জানায়। কূটনৈতিক নিয়মকানুনের তোয়াক্কা না করে নেপালের মন্ত্রীসহ বিভিন্ন পর্যায়ের আনুষ্ঠানিক আলোচনায় তিনি দূতাবাসের প্রটোকল শাখার অধস্তন কর্মকর্তাকে নিয়ে যান। তাঁর এসব অপকর্মে ত্যক্ত-বিরক্ত হয়ে নেপালের পররাষ্ট্রসচিব সম্প্রতি অনানুষ্ঠানিকভাবে বাংলাদেশের পররাষ্ট্রসচিবকে অনুরোধ জানিয়েছেন, নিম চন্দ্রের পরিবর্তে বাংলাদেশ থেকে যেন একজন পেশাদার কূটনীতিককে সেখানে রাষ্ট্রদূত হিসেবে পাঠানো হয়।তদন্ত কমিটির সুপারিশ: এসব ঘটনার পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটির সুপারিশ হচ্ছে: অবিলম্বে হিসাবরক্ষককে প্রত্যাহার, একটি বিশেষ হিসাব নিরীক্ষা পরিচালনা করা, প্রথম সচিব/কাউন্সিলর পদে পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা নিয়োগ, বর্তমান আমলে নিয়োগ পাওয়া সব কর্মচারীর মূল্যায়ন ও মেয়াদ শেষ হওয়া কর্মীদের দেশে ফেরত আনা এবং শিক্ষাবিষয়ক পরামর্শক সংস্থা যাতে দূতাবাসের কর্মকাণ্ডে যুক্ত হতে না পারে, সে ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দিকনির্দেশনা দেওয়া।নিম চন্দ্র ভৌমিকের বক্তব্য: ওপরের বিষয় সম্পর্কে জানতে চাইলে নিম চন্দ্র গতকাল প্রথম আলোকে বলেন, ‘নেপালে মুজিবনগর দিবস পালনের কাজ আমিই প্রথম শুরু করি। সেই অনুষ্ঠানে বাংলাদেশের এ কে খন্দকার ছাড়াও ভারত ও নেপালের শীর্ষ ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। সুতরাং সেই অনুষ্ঠানে তিন দেশের পতাকা উড়েছে এবং জাতীয় সংগীত বেজেছে। এতে আইনের কোনো ব্যত্যয় ঘটেনি।’ স্যুভেনির বের করার জন্য নাগরিক প্রতিষ্ঠানের কাছ থেকে অনুদান নেওয়ার কথা স্বীকার করে নিম চন্দ্র বলেন, এটা সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে করা হয়েছে।শিক্ষার্থীদের কাছ থেকে ঘুষ নেওয়ার কথা অস্বীকার করে তিনি বলেন, ‘নেপালের বেশির ভাগ শিক্ষার্থী বাংলাদেশে বেসরকারি প্রতিষ্ঠানে পড়তে যায়। তাদের বিষয় দেখাশোনা করে সংশ্লিষ্ট বিভাগ। আমার এখানে ঘুষ নেওয়ার প্রশ্নই আসে না।’মোটরসাইকেলে ঘুরে বেড়ানোর অভিযোগ সম্পর্কে নিম চন্দ্র বলেন, ‘প্রশ্নই আসে না। নিজস্ব গাড়ি থাকতে একজন রাষ্ট্রদূত কীভাবে মোটরসাইকেলে ঘুরে বেড়ান?’