ভারতের নাগা বিচ্ছিন্নতাবাদী নেতা অ্যান্থনি শিমরের অস্ত্র কেনাবেচার ব্যাপারে তদন্তে ঢাকার সহযোগিতা চেয়েছে নয়াদিল্লি। এ ব্যাপারে থাইল্যান্ডের সহযোগিতাও চেয়েছে ভারত সরকার।ভারতের জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) কর্মকর্তারা জানান, পারস্পরিক আইনি সহায়তা চুক্তির ভিত্তিতে থাইল্যান্ডের কাছে সহযোগিতা চাওয়া হবে। আর, বাংলাদেশের কাছে সহযোগিতা চাওয়া হবে কূটনৈতিক পর্যায়ে।সংশ্লিষ্ট সূত্র জানায়, উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ন্যাশনাল সোশালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ডে (এনএসসিএন-আইএম) নেতা অ্যান্থনি শিমরের জিজ্ঞাসাবাদে এনআইএর কাছে বলেছেন, বাংলাদেশ ও থাইল্যান্ডের বিভিন্ন স্থানে তিনি এবং তাঁর অনুসারীর অস্ত্র ও নগদ অর্থ লুকিয়ে রেখেছেন। এ বিষয়ে তদন্ত করতেই এনআইএর পক্ষ থেকে এই সহযোগিতা চাওয়া হয়েছে। গত বছর ২ অক্টোবর বিহার রাজ্যের রাজধানী পাটনায় শিমরেকে গ্রেপ্তার করা হয় বলে ভারত সরকার দাবি করে। অবশ্য তার আগে এনএসসিএনের পক্ষ থেকে বলা হয়েছিল, শিমরেকে ২৭ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডু বিমানবন্দর থেকে আটক করা হয়েছে।যুক্তরাজ্যভিত্তিক প্রখ্যাত প্রতিরক্ষা সাময়িকী জেনস ইন্টেলিজেন্স রিভিউর প্রতিবেদন অনুযায়ী, ২০০৪ সালে বাংলাদেশের চট্টগ্রামে আটক হওয়া ১০ ট্রাক অস্ত্র ক্রয়ের মূল সমন্বয়ক ছিলেন শিমরে। তিনি আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য এসব সমরাস্ত্র সংগ্রহ করেন।এনআইএর তদন্তে শিমরের তিন সহযোগীর নাম বেরিয়ে এসেছে। তাঁরা হলেন: এনএসসিএনের (আইএম) অস্ত্র ক্রয় শাখার উপপ্রধান টি আর ক্যাভলিন, সংগঠনের প্রতিরক্ষা বিষয়ক সম্পাদক হংসি র্যামসন ট্যাংঘকুল ও উইলি নারুয়ে। তাঁরা থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে লুকিয়ে আছেন বলে গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে। সূত্র জানায়, শিমরে ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা থাইল্যান্ড, চীন ও পাকিস্তান থেকে অবৈধভাবে অস্ত্র সংগ্রহ করেছেন এবং এ জন্য তাঁরা এসব দেশের অস্ত্র নির্মাতা কোম্পানিগুলোকে বিপুল অঙ্কের অর্থ দিয়েছেন। এনআইএর দাবি, ভারতের বিরুদ্ধে লড়াইয়ে নামার জন্যই ওই সব অস্ত্র কেনা হয়েছে। সংস্থার কর্মকর্তারা জানান, তাঁদের সন্দেহ, থাইল্যান্ড ও বাংলাদেশে এনএসসিএনের কয়েকটি কার্যালয় রয়েছে। এনআইএর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘ব্যাংককের একটি ব্যাংক অ্যাকাউন্টে ১৫ লাখ থাই বাথের খোঁজ পেয়েছি আমরা। এ ছাড়া ২০০৯ সালের মে মাসে অস্ত্র কিনতে আরেকটি প্রতিষ্ঠানের কাছে এক লাখ মার্কিন ডলার পরিশোধ করেন শিমরে।’এদিকে গতকাল মঙ্গলবার ভারতের প্রভাবশালী পত্রিকা হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের কাছে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বিক্রির প্রস্তাব দেয় চীনের গোয়েন্দা সংস্থার পক্ষে কাজ করা এক ব্যক্তি। ভারতের সরকারি সূত্রের দেওয়া তথ্যানুযায়ী, ২০০৯ সালের ডিসেম্বরে চীনের চেংদুতে এ-সংক্রান্ত আলোচনা হয়। সেখানে ওই ক্ষেপণাস্ত্র বিক্রি এবং বিচ্ছিন্নতাবাদীদের সেগুলো চালানোর প্রশিক্ষণ দেওয়ার বিনিময়ে ওই ব্যক্তি ১০ লাখ ডলার দাবি করেন। বিছিন্নতাবাদীরা প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে না পারায় ওই ক্ষেপণাস্ত্র বিক্রি নিয়ে কোনো চুক্তি হয়নি।হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, ব্যাংককের একটি ব্যাংকে শিমরে ১২ লাখ মার্কিন ডলার জমা রাখেন। চীনের একটি কোম্পানির কাছ থেকে গ্রেনেড, অ্যাসল্ট রাইফেল ও রকেট লাঞ্চার কেনার জন্য অগ্রিম হিসাবে ওই অর্থ জমা রাখা হয়। অভিযোগ রয়েছে, চীনের গোয়েন্দা সংস্থার সদস্যদের সঙ্গে শিমরের নিয়মিত যোগাযোগ ছিল।