তদন্তে বিলম্ব না করার জন্য সতর্ক করলেন আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় করা বিস্ফোরকদ্রব্য আইনের মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন আগামী ৪ এপ্রিলের মধ্যে দাখিলের জন্য তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে বারবার সময় চেয়ে তদন্তে বিলম্ব না করার জন্যও তাঁকে সতর্ক করা হয়।ঢাকার মহানগর দায়রা জজ মো. জহুরুল হক গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ আদালতে হাজির ছিলেন। গত সোমবার এক আদেশে আদালত তাঁকে গতকাল হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন।শুনানিতে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান বলেন, গ্রেনেড হামলা মামলায় ২০০৮ সালের ১১ জুন সিআইডি অভিযোগপত্র দেয়। ওই অভিযোগপত্রে হামলায় ব্যবহূত আর্জেস গ্রেনেডের উৎস, সরবরাহকারী এবং ঘটনাস্থল থেকে উদ্ধার করা আর্জেস গ্রেনেড ধ্বংসের বিষয় তদন্তে আসেনি। তাই ২০০৯ সালের ২৫ জুন রাষ্ট্রপক্ষ অধিকতর তদন্তের আবেদন করে। আদালত ওই বছরের ৩ আগস্ট অধিকতর তদন্তের নির্দেশ দেন। তিনি বলেন, অধিকতর তদন্তকালে গ্রেনেডের উৎস ও সরবরাহকারীকে শনাক্ত করা হয়েছে। তদন্তকালে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, কাশ্মীরভিত্তিক জঙ্গি নেতা আবদুল মজিদ ভাটকে গ্রেপ্তার করা হয়। মজিদ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ওই জবানবন্দির ভিত্তিতে জঙ্গি আবদুল মালেককে গ্রেপ্তার করা হয়। মালেকও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে আরও সময় প্রয়োজন।এ সময় বিচারক বলেন, সাত বছর আগের ঘটনা। এ মামলার তদন্ত করতে আপনারা আর কত সময় নেবেন? সৈয়দ রেজাউর রহমান বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে মামলাটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। বিচারক বলেন, ‘আপনারা কেন তদন্তের জন্য বারবার সময় নিচ্ছেন। গত নভেম্বর মাসে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়। ওই সময় বলা হয়েছিল, তদন্তের সময়সীমা বর্ধিত করা হলে সেই সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন। আজ আবার সময় চাইছেন।’ আদালত তদন্ত কর্মকর্তার উদ্দেশে বলেন, ‘অনেক তদন্ত করেছেন, সাক্ষ্য নিয়েছেন, আপনার চেহারায় অভিজ্ঞতার ছাপ রয়েছে। কিন্তু তদন্ত তো শেষ করতে হবে।’রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি বলেন, আগের সরকারের আমলে মামলাটি ভিন্ন খাতে নেওয়ার জন্য নিরপরাধ ব্যক্তিকে দিয়ে সাজানো জবানবন্দি নেওয়া হয়েছিল। এ বিষয়ে তৎকালীন তদন্ত কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ পর্যায়ে আদালত বলেন, ‘আগের সরকার কী করেছে, তা জানতে চাই না। আপনারা তো ভালো, আপনারা কত দিনে পারবেন?’ জবাবে সৈয়দ রেজাউর রহমান বলেন, তদন্ত কর্মকর্তা দুই মাস সময় চেয়েছেন, তা মঞ্জুর করা হোক।আদালত তদন্ত কর্মকর্তাকে বলেন, ‘নভেম্বর থেকে গতকাল (সোমবার) পর্যন্ত কী তদন্ত করেছেন, বলেন।’ তদন্ত কর্মকর্তা বলেন, তদন্তে অগ্রগতি হয়েছে। এ সময় রাষ্ট্রপক্ষের অপর কৌঁসুলি মোশাররফ হোসেন বলেন, তদন্তে যাঁদের নাম এসেছে, প্রকাশ্য আদালতে তাঁদের নাম প্রকাশ করা ঠিক হবে না। তিনি তদন্তে অগ্রগতিসংক্রান্ত কাগজপত্র (কেস ডকেট-সিডি) আদালতে উপস্থাপন করেন। আদালত সিডি পর্যালোচনা করেন। তদন্তের অগ্রগতি সম্পর্কে সূচিপত্র না থাকায় আদালত তদন্ত কর্মকর্তাকে বলেন, অবশ্যই তদন্তের সূচি থাকতে হবে।এ পর্যায়ে সৈয়দ রেজাউর রহমান বলেন, বর্তমান রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সহধর্মিণী আইভী রহমান ওই গ্রেনেড হামলায় নিহত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি কানের শ্রবণশক্তি নষ্ট হয়ে গেছে। তখন আদালত বলেন, এঁদের গুরুত্ব বিবেচনা করে তাড়াতাড়ি তদন্ত শেষ করা উচিত।এ মামলার আসামি চারদলীয় জোট সরকারের উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর পক্ষে শুনানিতে আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, সাক্ষ্যগ্রহণ পর্যায়ে ১৮ মাস আগে আদালত দুই মাসের মধ্যে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তদন্ত কর্মকর্তা তা দিতে পারেননি। রাজনৈতিক ব্যক্তিদের জড়াতে বারবার সময় নিচ্ছেন। আসামিপক্ষের আইনজীবীরা অধিকতর তদন্তের আদেশ বাতিলের আবেদন করেন। এ সময় বিচারক বলেন, এ পর্যায়ে আদেশ বাতিল চাওয়ার সুযোগ নেই। তখন আসামিপক্ষের আইনজীবীরা তদন্ত কর্মকর্তার সময়ের আবেদন নামঞ্জুর করে প্রতিবেদন দাখিলের আদেশ দেওয়ার আবেদন জানান।বিচারক রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘আমরা ন্যায়বিচার করতে বসেছি। বিচারক কারও পক্ষে নন।’ তিনি তদন্ত কর্মকর্তাকে বলেন, ‘তদন্তে অগ্রগতি আছে। তবে খেয়াল রাখবেন, ভবিষ্যতে অহেতুক বিলম্ব যেন না হয়।’ আদালত ৪ এপ্রিল অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আপত্তি জানিয়ে বলেন, এক মাসের মধ্যে তদন্ত শেষ করা সম্ভব নয়।রাষ্ট্রপক্ষে সৈয়দ রেজাউর রহমানকে আরও সহায়তা করেন আবদুল্লাহ আবু, কাজী নজিবউল্লাহ, শাহ আলম তালুকদার, আবুল কালাম ও আকরাম উদ্দিন। আসামিপক্ষে আরও ছিলেন মাসুদ আহমেদ তালুকদার ও মোহাম্মদ আলী।