তদন্তে ব্যাংক হিসাব নিতে পারবে এসইসি
পুঁজিবাজার-সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান রেখে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ (এসইসি) সংশোধন আইনের খসড়ায় নীতিগতভাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান।মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিরগুলোর লেনদেন স্থগিতের মেয়াদ ১৪ দিন থেকে বাড়িয়ে ৩০ দিন করার প্রস্তাব করা হয়েছে। শেয়ারবাজার সংক্রান্ত বিষয়ে এসইসি কোনো তদন্ত করতে গেলে প্রয়োজনে যে কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে পারবে। তবে তা কেন্দ্রীয় ব্যাংককে জানিয়ে।বৈঠকে ‘সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সংশোধন) আইন - ২০১২’ এর খসড়া নীতিগত অনুমোদন করা হয়েছে। এই খসড়া আইনে এসইসি চেয়ারম্যান ও সদস্যদের পদের মেয়াদ এক বছর বাড়িয়ে চার বছর করার কথা বলা হয়েছে। একই সঙ্গে ব্যাংক, বিমা কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য সংগ্রহের ক্ষেত্রে এসইসির ক্ষমতা বাড়ানো হয়েছে। এছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জরিমানা করা হলে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আদালতে যাওয়ার আগে এসইসিকে জরিমানার ১৫ শতাংশ পরিশোধ করতে হবে। বৈঠকে ‘জাতীয় শুদ্ধাচার কৌশল’ এর খসড়া অনুমোদন করা হয়। ইউএনবি।