তদন্তে সময় বাড়ল ৩ দিন, ট্রেন চলাচল স্বাভাবিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে ট্রেন দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় তিন দিন বাড়ানো হয়েছে।বাংলাদেশ রেলওয়ের প্রধান প্রকৌশলী ইউসুফ আলী মৃধাকে প্রধান করে গঠিত চার সদস্যের উচ্চপর্যায়ের কমিটির তদন্ত প্রতিবেদন আজ শুক্রবার বিকেলে উপস্থাপন করার কথা ছিল। কিন্তু তদন্ত কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ ১৩ ডিসেম্বর প্রতিবেদন জমা দেওয়ার সময় বেঁধে দিয়েছে। রেলওয়ের প্রধান প্রকৌশলী ইউসুফ আলী মৃধা বলেন, ‘তদন্ত কমিটি মাঠ পর্যায়ের বিচার-বিশ্লেষণ শেষ করেছে। তবে এখন পর্যন্ত দুর্ঘটনাকবলিত ট্রেন দুটির চালকের সঙ্গে কথা বলতে পারেনি। কারণ, তাঁরা গুরুতর আহত হয়ে হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় আছেন। গতকাল বৃহস্পতিবার তাঁদের চারজনের মধ্যে দুজনের অস্ত্রোপচার হয়েছে। আমরা মনে করি, তদন্তের একটি উল্লেখযোগ্য বিষয় হলো চালক। তাঁদের সঙ্গে কথা বলা গেলে তদন্তকাজটি আরও স্বচ্ছ ও পরিচ্ছন্ন হবে—এমন ধারণায় তদন্তের সময় বাড়িয়ে নেওয়া হয়েছে।’ এদিকে ৩৬ ঘণ্টা পর আজ শুক্রবার ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথসহ পূর্বাঞ্চলীয় জোনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আন্তনগর ও মেইল ট্রেনগুলো নির্দিষ্ট সময়ে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে ও আসছে।উদ্ধারকাজ শেষে দুর্ঘটনাকবলিত দুটি ট্রেনের ইঞ্জিন সরিয়ে নেওয়া হয়েছে। দুপুর ১২টা ৫ মিনিটে উদ্ধারকারী ট্রেন ইঞ্জিন দুটি নিয়ে আখাউড়ার উদ্দেশে রওনা হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত মেইল ট্রেন চট্টলা এর দুটি এবং আন্তনগর মহানগর গোধূলি ট্রেনের একটি বগি সরিয়ে পরিত্যক্ত লাইনের ওপর রাখা হয়েছে।আখাউড়ার উদ্ধারকারী ট্রেনের লোকোমোটিভ ইনচার্জ তৌকির আহমেদ চৌধুরী জানান, বগিগুলো সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বগি তিনটি আর ব্যবহার উপযোগী করা সম্ভব নয়। তবে ইঞ্জিনগুলো মেরামতযোগ্য। এ কারণে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ইঞ্জিন দুটি মেরামতের জন্য আপাতত আখাউড়া স্টেশনে রাখা হবে। বগিগুলো নরসিংদী স্টেশনে থাকবে।বাংলাদেশ রেলওয়ের গঠিত তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দিষ্ট সময় আজ বিকেলে শেষ হবে।