আশুলিয়ার শ্রমিক সংগঠক আমিনুল ইসলাম হত্যা মামলার সর্বশেষ অবস্থা সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। চিঠিতে বলা হয়, ঘটনায় গোয়েন্দা সংস্থার কথিত ‘সোর্স’ মোস্তাফিজুর রহমান ও বোরকা পরিহিত অজ্ঞাতনামা নারীকে খুঁজতে বিশ্বস্ত চর নিয়োগ করা হয়েছে। গতকাল সোমবার এই চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়, আসামি মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে আগাম গ্রেপ্তারি পরোয়ানা, ক্রোকি ও হুলিয়া আদেশ জারি করা হয়েছে। তাঁদের খুঁজতে শ্রমিকনেতাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। ওই দুই ব্যক্তি ছাড়াও অন্য কেউ হত্যার সঙ্গে জড়িত কি না, তা-ও তদন্ত করে দেখা হচ্ছে। প্রসঙ্গত, আমিনুল হত্যার বিচার না হওয়াটা সম্প্রতি যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক বাজার-সুবিধা (জিএসপি) স্থগিত হওয়ার একটা উল্লেখযোগ্য কারণ। কিন্তু গত ১৬ মাসেও এ মামলার কোনো সুরাহা হয়নি। গত এক বছরে তদন্ত কর্মকর্তাদের বক্তব্যেরও বিশেষ কোনো পরিবর্তন হয়নি। সিআইডির সর্বশেষ প্রতিবেদনেও নতুন কোনো তথ্য নেই।গত বছরের ১৬ নভেম্বর থেকে মামলাটি তদন্ত করছে সিআইডি। এর আগে প্রথমে ঘাটাইল পুলিশ ও পরে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করেছিল। আমিনুল বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির (বিসিডব্লিউএস) সংগঠক ছিলেন। তিনি গত বছরের ৪ এপ্রিল আশুলিয়া থেকে নিখোঁজ হন। পরদিন তাঁর ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায় টাঙ্গাইলের ঘাটাইলে। এ ঘটনায় ঘাটাইল থানার পুলিশ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেন। পরে আমিনুলের ভাই রফিকুল ইসলাম এ ঘটনায় সন্দেহভাজন মোস্তাফিজুর রহমান ও বোরকা পরিহিত অজ্ঞাতনামা এক নারীকে আসামি করে থানায় আরেকটি এজাহার দেন। তাতে বলা হয়, মোস্তাফিজুর বোরকা পরিহিত ওই নারীকে নিয়ে আমিনুলকে ডেকে নিয়ে গেছেন।পুলিশসহ স্থানীয় বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, মোস্তাফিজুর একসময় আশুলিয়ার একটি কারখানার শ্রমিক ছিলেন। ২০০৯ সালে চাকরি চলে যায়। এরপর আর কোনো কারখানায় কাজ করেননি। পরে টাঙ্গাইলের ডিবির তদন্তে বেরিয়ে আসে, মোস্তাফিজুর ছিলেন একই সঙ্গে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) ও শিল্প পুলিশের ‘সোর্স’ ছিলেন।