পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের কাজের অগ্রগতি পর্যালোচনার জন্য বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ দল দ্বিতীয় দফায় ঢাকায় আসছে আগামী শনিবার। মোরেনো ওকাম্পোর নেতৃত্বাধীন এ দলটি বিশ্বব্যাংক এবং এ প্রকল্পের অন্য অর্থায়নকারী সংস্থাগুলোকে দুদকের তদন্তের বিষয়ে পরামর্শ দেবে।ঢাকায় বিশ্বব্যাংকের পরিচালক অ্যালেন গোল্ডস্টেইন গতকাল বুধবার এক বিবৃতিতে এ মন্তব্য করেছেন।গত মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান গোলাম রহমান তাঁর দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘পদ্মা সেতু প্রকল্পে অর্থের কোনো লেনদেন না হলেও ঘুষের চেষ্টা হয়েছে।’ তাঁর এ মন্তব্যের এক দিন পর বিশ্বব্যাংকের ঢাকা দপ্তরের প্রধান ওই বিবৃতি দিলেন।এদিকে পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা (জাইকা) ও ইসলামি উন্নয়ন ব্যাংকের (আইডিবি) প্রতিনিধিরা গতকাল ম্যানিলায় বৈঠকে বসেন। বিশ্বব্যাংক ও এডিবি সূত্রে জানা গেছে, তিন দিনের এ বৈঠকে বৃহদায়তন প্রকল্পের অর্থায়ন নিয়ে আলোচনা হবে। পদ্মা সেতু প্রকল্পের দুর্নীতির তদন্তের অগ্রগতির ওপর ঝুলে আছে এটির অর্থায়ন-প্রক্রিয়া।ম্যানিলার বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র জানায়, চার উন্নয়ন-সহযোগীর ওই বৈঠকে বাংলাদেশের কোনো প্রতিনিধিত্ব থাকছে না। তবে বৈঠকের আগে সংস্থাগুলোর সঙ্গে বাংলাদেশের যোগাযোগ হয়েছে। প্রয়োজনে বৈঠক চলার সময় আবার যোগাযোগ হতে পারে।সূত্রটি জানিয়েছে, অর্থায়ন নিয়ে শিগগিরই বিশ্বব্যাংকের কোনো প্রতিনিধিদলের ঢাকা সফরের সম্ভাবনা নেই। তবে অর্থায়ন-প্রক্রিয়ার বিষয়ে চার সংস্থা মতৈক্যে পৌঁছার পর বাংলাদেশের সঙ্গে আলোচনায় বসার আভাস দিয়েছে।প্রধানমন্ত্রীর কার্যালয়ের সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাবেক প্রসিকিউটর মোরেনো ওকাম্পোর নেতৃত্বাধীন আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের বাংলাদেশ সফর হবে পর্যালোচনামূলক। তদন্তে কতটা অগ্রগতি হয়েছে, তা দেখতেই তাদের এ সফর। বাংলাদেশের অন্যতম বৃহদায়তন প্রকল্পটির দুর্নীতির তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ দলটি নিয়মিতভাবে ঢাকায় আসবে।বিশ্বব্যাংকের বিবৃতি: বিশ্বব্যাংকের বাংলাদেশের পরিচালক অ্যালেন গোল্ডস্টেইন গতকাল এক বিবৃতিতে বলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দুর্নীতিবিরোধী বিশেষজ্ঞদের নিয়ে গঠিত এক্সটারনাল প্যানেল ১ ডিসেম্বর ঢাকায় আসবে। দ্বিতীয় সফরে এ দলটি পদ্মা সেতু প্রকল্পে দুদকের তদন্তকাজের অগ্রগতি পর্যালোচনা করবে।অ্যালেন গোল্ডস্টেইন বলেন, বাংলাদেশের জনগণ জানে, পদ্মা সেতু দক্ষিণ-পশ্চিম অংশের অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আনবে এবং দারিদ্র্য বিমোচন ত্বরান্বিত করবে। তাঁরা চান, সেতুটির নির্মাণ দুর্নীতিমুক্ত হোক। কেননা, দুর্নীতি গরিবের টাকা কেড়ে নেয়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশেষজ্ঞদের নিয়ে গঠিত দলটি বিশ্বব্যাংক ও প্রকল্পের অন্যান্য উন্নয়ন-সহযোগীকে সরকারের তদন্তের পর্যাপ্ততা বিষয়ে পরামর্শ দেবে।বিবৃতিতে বলা হয়েছে, পদ্মা সেতুর অর্থায়ন-প্রক্রিয়ার সঙ্গে সরকারের জ্যেষ্ঠ ব্যক্তিত্ব ও কর্মকর্তাদের দুর্নীতিতে জড়িত থাকার বিশ্বাসযোগ্য তথ্যপ্রমাণ সরকারের কাছে একাধিকবার তুলে ধরা হয়েছে। তার পরও সরকারের কাছ থেকে যথাযথ সাড়া না পাওয়ায় গত ২৯ জুন ১ দশমিক ২ বিলিয়ন ডলার ঋণ বাতিল করা হয়।এরপর সরকার এ ব্যাপারে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে। পরে ২০ সেপ্টেম্বর চারটি পদক্ষেপ নিতে রাজি হয়। এর মধ্যে রয়েছে: তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্রকল্পে দুর্নীতির সঙ্গে জড়িত সন্দেহভাজন সব সরকারি কর্মকর্তা ও ব্যক্তিকে ছুটি দেওয়া। এই অভিযোগ তদন্তের জন্য দুদকে একটি বিশেষ তদন্ত ও আইনি দল গঠন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি এক্সটারনাল প্যানেলের কাছে তদন্ত-সংশ্লিষ্ট সব তথ্যপ্রাপ্তি নিশ্চিত করা, যাতে এই প্যানেল তদন্তের ব্যাপকতা ও সুষ্ঠুতার ব্যাপারে উন্নয়ন-সহযোগীদের পরামর্শ দিতে পারে। বিকল্প বাস্তবায়ন পন্থা অবলম্বন করা, যাতে বিশ্বব্যাংক ও উন্নয়ন-সহযোগীদের ক্রয়-প্রক্রিয়া আরও নিবিড় পর্যবেক্ষণ সম্ভব হবে। পদ্মা সেতুর অর্থায়নের বিষয়টি বিশ্বব্যাংককে আবারও বিবেচনা করার জন্য অনুরোধ জানানোর পর প্যানেলটি গঠন করা হয়।বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ প্যানেল গত ১৪ অক্টোবর প্রথম ঢাকা সফর করে। প্যানেলটি দুদকের সঙ্গে কীভাবে কাজ করবে, তা নিয়ে আলোচনা করে এবং দুদককে প্রাথমিক অনুসন্ধান থেকে তদন্ত পর্যায়ে অগ্রসর হতে উৎসাহ দেয়। ১৩ নভেম্বর বিশ্বব্যাংকের দুর্নীতিবিরোধী ইউনিট দুদককে পদ্মা সেতুর বিষয়ে বেশ কিছু তথ্য দিয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ দলের সফরের ঠিক আগে, পদ্মা সেতুর উন্নয়ন-সহযোগীরা বিকল্প বাস্তবায়ন ব্যবস্থা নিয়ে প্রাথমিক আলোচনা করতে ম্যানিলায় মিলিত হয়েছে। দুর্নীতির অভিযোগ তদন্তে পর্যাপ্ত অগ্রগতির ওপর নির্ভর করবে প্রকল্পের বাস্তবায়ন।