তদন্তের আওতায় আরেক মার্কিন জেনারেল
আফগানিস্তানে নিযুক্ত শীর্ষ মার্কিন কমান্ডার জেনারেল জন অ্যালেনের বিরুদ্ধে জিল কেলি নামের এক নারীর সঙ্গে অনৈতিক যোগাযোগের বিষয়ে তদন্ত শুরু করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। আজ মঙ্গলবার পেন্টাগনের এক শীর্ষস্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।জিল কেলির অভিযোগের পরিপ্রেক্ষিতে গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক পরিচালক ডেভিড পেট্রাউসের বিবাহবহির্ভূত কেলেঙ্কারি উদঘাটিত হয়।পেন্টাগনের ওই কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই জেনারেল জন অ্যালেন ও জিল কেলির মধ্যে আদান-প্রদান হওয়া প্রায় ৩০ হাজার ই-মেইল বার্তা উদ্ধার করেছে। প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা সাংবাদিকদের জানান, তদন্ত শুরু হওয়ার পর জেনারেল অ্যালেনের মার্কিন যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ডের শীর্ষ সামরিক পদে নিয়োগের বিষয়টি বিলম্ব করার জন্য প্রেসিডেন্ট ওবামাকে বলেছেন। প্রেসিডেন্ট এ প্রস্তাবে সম্মতি জানিয়েছেন। জেনারেল অ্যালেন তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগ অস্বীকার করেছেন।