২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় বিস্ফোরকদ্রব্য আইনে করা মামলার অধিকতর তদন্তের জন্য আরও চার মাস সময় বাড়ানোর আবেদন করা হয়েছে। আজ সোমবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১ বরাবর এ আবেদন করেন।রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান জানান, কাল মঙ্গলবার এ মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। তবে সংশ্লিষ্ট আদালতে সময় বাড়ানোর আবেদন দাখিল করা হয়েছে। কাল এ বিষয়ে শুনানি হবে।এর আগে সিআইডির চার দফা আবেদনের পরিপ্রেক্ষিতে প্রায় এক বছর সময় বাড়ানো হয়।রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩ আগস্ট ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর তত্কালীন বিচারক মাসদার হোসেন ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার অধিকতর তদন্তের নির্দেশ দেন। একই সঙ্গে আদালত দুই মাসের মধ্যে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন।২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা করা হয়। এতে আওয়ামী লীগের নেত্রী আইভি রহমানসহ ২২ জন নিহত এবং আহত হন কয়েক শ নেতা-কর্মী। এ ঘটনায় মতিঝিল থানায় দুটি মামলা হয়।