প্রথম আলোর তিন আলোকচিত্র সাংবাদিককে নির্যাতনের ঘটনা তদন্তে উপসচিব পদমর্যাদার নিচে নন, এমন ব্যক্তিকে প্রধান করে কমিটি গঠন করতে আইনসচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কমিটিকে আগামী ১৫ জুলাইয়ের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।ওই নির্যাতনের ঘটনায় নিজেদের ভূমিকার ব্যাখ্যা জানাতে পুলিশের তিন কর্মকর্তাকে তলব করা হয়েছে। তাঁরা হলেন: পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) শহীদুল ইসলাম, শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা ও শেরেবাংলা নগর থানার পরিদর্শক (তদন্ত) আহমেদ কবীর। আগামী ৫ জুন তাঁদের আদালতে হাজির হতে বলা হয়।গতকাল মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে অন্তর্বর্তীকালীন এসব নির্দেশের পাশাপাশি রুল জারি করেন।দায়ী পুলিশ সদস্যরা যাতে ব্যক্তিগতভাবে আহত সাংবাদিকদের চিকিৎসার খরচ বহন করেন, সে জন্য পুলিশ-প্রধানকে নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া পরিদর্শক (তদন্ত) আহমেদ কবীরের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ আইজিপিকে ৪৮ ঘণ্টার মধ্যে পরীক্ষা করে সন্তুষ্টি সাপেক্ষে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতেও বলা হয়েছে। এ ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত ও ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের বক্তব্য নিতে বলা হয়েছে।গত ২৬ মে আগারগাঁওয়ে দায়িত্ব পালনকালে প্রথম আলোর তিন ফটোসাংবাদিক পুলিশের নির্যাতনের শিকার হন। ওই ঘটনায় আইন সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক ও এটিএন নিউজের বিশেষ প্রতিনিধি মাশহুদুল হক গতকাল রিট আবেদনটি করেন। মাশহুদুল হক প্রথম আলোকে বলেন, ‘সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ হিসেবে রিট আবেদনটি করেছি। আমরা নির্ভয়ে আমাদের সাংবাদিকতা পেশা অব্যাহত রাখতে চাই।’মধ্যাহ্ন বিরতির পর আবেদনের ওপর শুনানি হয়। রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।রুলে ওই ঘটনায় মামলা গ্রহণে সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে দায়িত্ব পালনে ব্যর্থতায় ওই তিন কর্মকর্তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না—এ মর্মেও রুল জারি করা হয়।এ ছাড়া ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ কেন দেওয়া হবে না—এ মর্মেও কারণ দর্শাতে বলা হয়েছে। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক ও মহানগর পুলিশ কমিশনারসহ ছয় বিবাদীকে তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।আদালত আগামী ২০ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। আর অন্তর্বর্তীকালীন নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতিসংক্রান্ত একটি প্রতিবেদন ১৪ জুনের মধ্যে আদালতে দাখিল করতে পুলিশের মহাপরিদর্শককে বলা হয়। গতকালের শুনানি: বেলা পৌনে তিনটার দিকে শুনানিতে মনজিল মোরসেদ বলেন, ‘মিডিয়ার মাধ্যমে আমরা সব তথ্য জানতে পারি। মিডিয়ার কারণে সবাই উপকৃত হচ্ছে। অথচ সাংবাদিকেরা নির্যাতনের শিকার হচ্ছেন। তিনজন ফটোসাংবাদিককে নির্যাতন করা হয়েছে। গতকাল বিডিনিউজ কার্যালয়ে সাংবাদিকদের ওপর হামলা হয়েছে। তাঁরা কেন নির্যাতনের শিকার হবেন?কয়েকটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন তুলে ধরে মনজিল মোরসেদ বলেন, শনিবারের ঘটনায় ১০ জন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, একজন পুলিশ কর্মকর্তা লাথি দিচ্ছেন। কিন্তু তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাঁকে সাময়িক বরখাস্ত করার আরজি জানিয়ে মনজিল মোরসেদ বলেন, ঘটনার দিন থানায় অভিযোগ নিয়ে যাওয়া হলে তা গ্রহণ করা হয়নি।আদালত বলেন, আইন অনুযায়ী পুলিশ এজাহার গ্রহণে বাধ্য। ওই ঘটনায় ইতিমধ্যে আইজিপি দুঃখ প্রকাশ করেছেন। পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। জবাবে মনজিল মোরসেদ বলেন, আইনে দুঃখ প্রকাশের কোনো বিধান নেই। আইনে দায়ী ব্যক্তিদের শাস্তি পেতে হবে। সংবিধান অনুসারে কোনো কর্তৃপক্ষ যথাযথভাবে দায়িত্ব পালন না করলে আদালত ব্যবস্থা নিতে পারেন।রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। ওই ঘটনায় আমরা মর্মাহত। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে হবে। পরে আদালত আদেশ দেন।’