তদন্তের পরিধি নিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞ দল
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি দমন কমিশনের (দুদক) বর্তমান তদন্ত কার্যক্রম পরিচালনার সুযোগ বা পরিধি কতখানি আছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ দল। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছেন বিশেষজ্ঞ দলের প্রধান লুই মোরেনো ওকাম্পো। বিবৃতিতে বলা হয়, ‘প্রাপ্য প্রমাণের ভিত্তিতে দুদকের তৈরি করা প্রাথমিক তথ্য প্রতিবেদন (এফআইআর) পর্যালোচনা করে তদন্তের পরিধি সম্পর্কে উদ্বিগ্ন আমরা।’ এতে বলা হয়েছে, ‘আমরা দুদকের কাছে কিছু বিষয়ে ব্যাখ্যা চেয়েছি। চলমান তদন্ত সুষুম ও পূর্ণাঙ্গ কি না, তা বিশ্লেষণের স্বার্থে এসব বিষয় জানা প্রয়োজন। আমরা এখন এসব বিষয়ের ব্যাখ্যা পেতে দুদকের জবাবের অপেক্ষায় আছি, যা দিয়ে আমাদের মূল্যায়ন-প্রক্রিয়া এগিয়ে নেওয়া যাবে।’বিবৃতিতে ঢাকা সফরের সময় দুদকের সঙ্গে খোলামেলা আলোচনার প্রশংসা করে লুই মোরেনো ওকাম্পো বলেছেন, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির প্রমাণের পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের তদন্তের উদ্যোগ নেওয়া ছিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। উল্লেখ্য, দুদক পদ্মা সেতুর দুর্নীতির ষড়যন্ত্রের জন্য সাতজনের বিরুদ্ধে মামলা করেছে। এই তালিকায় সাবেক যোগাযোগমন্ত্রীর নাম নেই। বিশেষজ্ঞ দল গত ৯ জানুয়ারি দুদকের অনুসন্ধানী প্রতিবেদন এবং এজাহার পর্যালোচনা করে দুদককে একটি চিঠি লিখেছে। চিঠিটি প্রকাশের পর ব্যাপক আলোচনার জন্ম নিলে গতকাল নতুন এই বিবৃতি দেন বিশেষজ্ঞ দলের প্রধান।